পরিবেশদূষণ সমস্যার সত্যিকারের সমাধান করতে গেলে যা করা দরকার, তা স্বভাবতই সমাজের ক্ষমতাধর মানুষের স্বার্থ ও বেপরোয়া অভ্যাসে এমনভাবে আঘাত করে যে শেষ পর্যন্ত তা করা অতি দুরূহ হয়ে ওঠে। ক্ষমতার দাপটের মুখে একসময় সবাইকেই সমস্যাগুলোকে জীবনের স্বাভাবিক অনুষঙ্গ বলে মেনে নিতে হয়। এ কারণেই ক্ষমতাশালীরা যখন লোকালয় অথবা কৃষিজমির মধ্যে ইটের ভাটা তৈরি করেন, জনগণের ব্যবহার্য খাল আটকে জোয়ার–ভাটার পানির চলাচল বন্ধ করে মাছ চাষ করেন বা সরকারি মাঠ দখল করে মার্কেট বানান, তখন সাধারণ মানুষ তাকে ভবিতব্য বলে মেনে নেয়। এই ব্যক্তিপর্যায়ের স্বার্থ মেনে নেওয়ার মধ্য দিয়ে সমগ্রের বড় ক্ষতি চাপা পড়ে যায়।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, টাঙ্গাইলের সখীপুরে হাতিয়া রেঞ্জের আওতাধীন কালিদাস বিটের সংরক্ষিত বনের পাশে অবৈধভাবে গড়ে তোলা তিনটি কারখানায় কয়লা উৎপাদন করা হচ্ছে। এসব কয়লা উৎপাদনের জন্য অবাধে বনের কাঠ কাটা হচ্ছে। কারখানার কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশদূষণের কারণে এলাকায় রোগব্যাধি বাড়ছে। অর্থাৎ অল্প কিছু মানুষের স্বার্থ চরিতার্থ করার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
পরিবেশ অধিদপ্তর বলছে, কয়লা উৎপাদনের ওই তিন কারখানাই অবৈধ। এসব কারখানার কারণে একদিকে বনের গাছ উজাড় হচ্ছে, অন্যদিকে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়ছে। কিন্তু কথা হচ্ছে, অবৈধ হওয়া সত্ত্বেও এ ধরনের কারখানা জনবসতির মধ্যে এক বছর ধরে চলছে কীভাবে, সেটি একটি বড় প্রশ্ন। পরিবেশ অধিদপ্তর বলছে, শিগগিরই এসব কারখানা গুঁড়িয়ে দিতে অভিযান চালানো হবে। বাংলাদেশের বাস্তবতায় এই ‘শিগগিরই’ মানে যে কত দিন, তার জবাব কেউ দিতে পারে না। ফলে এগুলো বন্ধের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা উচিত। প্রথম আলোর প্রতিবেদনে দেখা যাচ্ছে, সংরক্ষিত বনের পাশের কারখানায় মোট ১৯টি চুলা রয়েছে। এসব চুলায় বনের কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছে। আশার কথা হচ্ছে, একজন মালিক বলেছেন, প্রশাসনের চাপের মুখে তাঁরা কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আশঙ্কার কথা হচ্ছে, উৎপাদন তাঁরা এখনো বন্ধ করেননি।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কাঠ পুড়িয়ে কয়লা বানানোর কারণে সারা দিন আশপাশে আকাশজুড়ে কালো ধোঁয়া দেখা যায়। এলাকার লোকজন সর্দি–কাশিসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। মানুষের পাশাপাশি এলাকার গরু-ছাগলও নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই ধরনের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হানিকর কারখানা বন্ধে আমলাতান্ত্রিক পথে হাঁটা উচিত হবে না। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কারাখানা বন্ধ করতে হবে।