টাঙ্গাইলের সখীপুরে বন ঘেঁষে ও বনের ভেতরে অবৈধ করাতকল গড়ে ওঠা এবং এসব কলে বিভিন্ন গাছ চেরানোর যে খবর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, সখীপুর বন বিভাগের ৩টি রেঞ্জের ১১টি বিটে গড়ে উঠেছে অবৈধ ৫৬টি করাতকল। সংরক্ষিত শাল-গজারি ও সামাজিক বনায়নের ভেতর, বন ঘেঁষে, এমনকি বন কর্মকর্তাদের কার্যালয়ের কাছে স্থাপন করা হয়েছে এই করাতকলগুলো। এসব করাতকলে দিন-রাত চেরানো হচ্ছে শাল, গজারিসহ বিভিন্ন গাছ। ফলে দিন দিন উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ।
করাতকল বিধিমালা ২০১২ অনুযায়ী, সংরক্ষিত, রক্ষিত, অর্পিত বা অন্য যেকোনো ধরনের সরকারি বনভূমির সীমানা থেকে কমপক্ষে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না। সখীপুরে যেন এই আইন কার্যকর নেই!
অবৈধ এসব করাতকল উচ্ছেদের দাবি জানিয়ে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির নেতারা। কিন্তু আজ পর্যন্ত বিভাগীয় বন কর্মকর্তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো কিছু অবৈধ করাতকলের মালিক উচ্চ আদালতে রিট করে করাতকল উচ্ছেদ বন্ধে সাময়িক নিষেধাজ্ঞা এনেছেন।
‘সবাইকে ম্যানেজ করেই আমরা এসব কল চালাই’—একজন অবৈধ করাতকলের মালিকের এমন মন্তব্যে বোঝাই যায়, বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ ছাড়া নির্বিঘ্নে অবৈধ করাতকলের কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। সখীপুর পৌরসভার বৈধ করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের দেওয়া হিসাব অনুযায়ী, অবৈধ করাতকলগুলো প্রতিদিন ১১ হাজার ২০০ ঘনফুট কাঠ চেরাই করছে। সেই হিসাবে বছরে আনুমানিক ৪০ লাখ ঘনফুট কাঠ চেরাই হয়। এভাবে অবাধে বনাঞ্চলের গাছ চেরানো হলে বন ধ্বংস হতে বেশি সময় লাগবে না।
অবৈধ এই করাতকলগুলো বন্ধে এখনই পদক্ষেপ নিতে হবে। বন বিভাগের যেসব কর্মকর্তা–কর্মচারীর যোগসাজশে এসব অপকর্ম চলতে পারছে, তঁাদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।