পানিতে ডুবে শিশুমৃত্যুকে নীরব মহামারি বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বিশ্বে ২ লাখ ৩৬ হাজার শিশুর মৃত্যু হয় এ কারণে। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে পানিতে ডুবে শিশুমৃত্যুর ক্ষেত্রে বাংলাদেশ উচ্চ ঝুঁকির একটি দেশ। ২০১৬ সালের এক জরিপ অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৪০টি শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। অথচ এ ধরনের মৃত্যু প্রতিরোধ্যযোগ্য। কিন্তু সরকারি-বেসরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা ও শিশুর প্রতি মনোযোগের ঘাটতির কারণে পানিতে ডুবে মৃত্যু থামানো যাচ্ছে না।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত এক বছরে শুধু পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু দ্বিগুণ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২০ সালে জেলায় ২৯টি শিশু পানিতে ডুবে মারা গেছে। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে হয় ৫৬। এ সময়ে পানিতে ডুবে যাওয়ার উপক্রম হলেও বেঁচে যায় ১৬৮টি শিশু। আর চলতি বছরের জানুয়ারিতে জেলায় ৭টি শিশু পানিতে ডুবে মারা গেছে। সকাল থেকে দুপুরের মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে মারা যায় এসব শিশু। এদের বেশির ভাগের বয়স ৬ বছরের নিচে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে ১০টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। এর তিনটিই বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা থেকে নেওয়া। এগুলো হলো শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি, সাঁতার শেখানো ও প্রাথমিক চিকিৎসা। শিশুমৃত্যু রোধে কাজ করে বেসরকারি সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি)। সংস্থাটি জানিয়েছে, দেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর ৬০ শতাংশ ঘটে সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে। তাই এ সময়ে শিশুকে নিরাপদ আশ্রয়ে রাখা গেলে শিশুমৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মোট মৃত্যুর ৯ শতাংশই হয় পানিতে ডুবে। ২০১৬ সালে সিআইপিআরবি এ বিষয়ে একটি জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, ১৪ হাজার ৪৩৮ জন ১৮ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু পানিতে ডুবে মারা গেছে।
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যক্তিপর্যায়ে সচেতনতা তৈরি এবং প্রাক্-প্রাথমিক শিশুদের দেখভালের জন্য স্থানীয় পর্যায়ে পাড়া বা মহল্লাভিত্তিক উদ্যোগ নেওয়ার কথা বলেছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এ–সংক্রান্ত নীতি ও আইন প্রণয়নের ক্ষেত্রে। তিন ক্ষেত্রেই বাংলাদেশে পদক্ষেপের ঘাটতি রয়েছে। এ ধরনের প্রতিরোধযোগ্য মৃত্যু বন্ধে জনসচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন জরুরি।