সজাগ মানুষেরাই এখন একমাত্র বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কিছুদিন অসংখ্য মানুষ এই দেশে বিনিদ্র আতঙ্কিত দিনরাত পার করছেন। সাম্প্রদায়িক হামলা, গণপরিবহনে আগুন ছাড়াও গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন নারী-পুরুষসহ প্রায় ৭০ জন মানুষ। তাঁদের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন। নিহতদের সম্পর্কে, কিংবা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য কোনো পত্রিকায় না পেলেও যতটুকু জেনেছি, তাতে এই নিহত মানুষদের অধিকাংশই গ্রাম-শহরের গরিব মানুষ। এটাই হয় সব সময়। গার্মেন্টসে আগুন, লঞ্চডুবি, বস্তিতে আগুন আর বাস দুর্ঘটনায়ই শুধু নয়, যেকোনো রাজনৈতিক সহিংসতার শিকারও তাঁরাই হন। নানা কারণে, নানা প্রভাবে, নানা বুঝ থেকে তাঁরা যাঁদের পেছনে দাঁড়ান, সেই ক্ষমতাবানেরা এই জনগোষ্ঠীকে ব্যবহার করেন নিজেদের ক্ষমতা ও প্রভাব বৃদ্ধির জন্য।কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধাপরাধের বিচার ইস্যু নিয়ে কেন এ রকম রক্তপাত হবে? এ বিষয়ে তো জাতীয় মতৈক্য থাকার কথা, এই বিচার ছাড়া বাংলাদেশের অস্তিত্বের যৌক্তিকতা কোথায়? বর্তমান আওয়ামী লীগ সরকার, তার নেতাদের দুষ্কর্ম, অযোগ্যতা আর রাজনৈতিক অসততার কারণে মানুষ যুদ্ধাপরাধীদের অপরাধ ভুলতে পারে না, ভোলেনি। আবার পাশাপাশি এও মনে রাখতে হবে, যুদ্ধাপরাধীদের বিচারও সরকারের জনস্বার্থবিরোধী বিভিন্ন তৎপরতা ঢেকে দেবে না। ১৯৭১ সালে এই দেশের মানুষের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর ভয়ংকর বর্বরতার সহযোগী ব্যক্তি, গোষ্ঠী বা দলের কোনো দায়মুক্তি নেই। সে কারণে বর্তমান সরকারের পিছুটান, গোপন আঁতাতের সম্ভাবনার বিরুদ্ধেই শাহবাগে তরুণেরা জমায়েত হয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন। যুদ্ধাপরাধের বিচার আন্দোলন বা এই দাবির বিরুদ্ধে জনমত তৈরি করতে বহুদিন ধরেই প্রচারণা আছে। শাহবাগ গণজাগরণ শুরু হওয়ার পর তা আরও বেড়েছে। একটি প্রচারণা হলো, এই আন্দোলন ধার্মিক মুসলমান বা দাড়ি-টুপিধারী মানুষের বিরুদ্ধে। এটা ঠিক যে যুদ্ধাপরাধী আলবদর-রাজাকারদের কথা ভাবলেই অনেক সময় দাড়ি-টুপিধারী মানুষের চিত্র আসে। কারণ, এই অপরাধীদের অনেকেরই এটাই বাহ্যিক চেহারা। কিন্তু আমরা পাশাপাশি এটাও দেখি যে টুপি পরা এ দেশের অসংখ্য ধার্মিক মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে শরিক আছেন। আর মূল যুদ্ধাপরাধী পাকিস্তানি জেনারেল ও অফিসাররা সবাই পশ্চিমা পোশাকের মানুষ, ধর্মচর্চার সঙ্গেও তাদের বেশির ভাগেরই কোনো সম্পর্ক ছিল না।দ্বিতীয়ত, শাহবাগ গণজাগরণে স্লোগানে, গানে, ছবি আঁকায়, সংগঠনে নারীর উপস্থিতি সজীব ও সক্রিয় থাকার কারণে তাকে নিয়ে নানা বানোয়াট ছবি, গল্প, কুৎসিত ইঙ্গিত আর মন্তব্য দিয়ে প্রচারণা চালানো হয়েছে। আমরা জানি, আমাদের সমাজে অনেকের কাছে নারী কেবলই একটি শরীর; তার কোনো আত্মা নেই, কোনো মেধা নেই, দেশ ও মানুষের প্রতি দায় নেই, যন্ত্রণা-দুঃখ নেই, দুর্বৃত্তদের প্রতি ঘৃণা আর মানুষের প্রতি ভালোবাসার কোনো চেতনা নেই, সামাজিক সক্রিয়তায় তার ভূমিকা নেই। এদের দৃষ্টিতে নারী কেবলই একটি যৌন বস্তু। এরা নারীরই সন্তান অথচ তাদের কাছে মায়ের যন্ত্রণা আকুতি, বোনের কান্না, তাদের চেতনা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অন্তর্গত শক্তি কিছুই ধরা পড়ে না। সমাজের এই চিন্তার ধরনের কাছেই তাই এই অপপ্রচার একধরনের গ্রহণযোগ্যতা পায়। অথচ এই নারীরাই তো যুগে যুগে ইতিহাস তৈরি করেছেন, কখনো সামনে থেকে, কখনো আড়াল থেকে।তৃতীয়ত, খুন হওয়ার পর রাজীবের নামে প্রচারিত কিছু লেখা নিয়ে সমাজে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাকে পুঁজি করে পুরো আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন হিসেবে প্রচার করা হচ্ছে। রাজীবকে আমি চিনতাম না, তার কোনো লেখাও আমি পড়িনি। রাজীব খুন হয়েছে, ওর জবাব দেওয়ার উপায় নেই, ওর বন্ধুরা এবং ওর বাবা বলছেন, প্রচারিত লেখাগুলো রাজীবের নয়। কিন্তু লেখাগুলো ওর নাম দিয়েই সবিস্তারে প্রকাশিত হয়েছে ইনকিলাব, আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকায়। আমি ধর্ম নিয়ে আলোচনা, পর্যালোচনা ও বিতর্কের সুযোগ সমাজে থাকা জরুরি মনে করি। কিন্তু এসব লেখার ভাষা, উপস্থাপনভঙ্গি, বিদ্বেষী শব্দমালা অরুচিকর, কোথাও কোথাও কদর্য। এগুলোতে যেকোনো সুস্থ মানুষই বিরক্ত ক্ষুব্ধ হবেন। কয়েক দিনের মধ্যে দেখলাম, কীভাবে এই লেখাগুলো যুদ্ধাপরাধীদের রাজনৈতিক অস্ত্রে পরিণত হলো। লাখ লাখ কপি ছাপা হয়ে দেশের সর্বত্র গেল এবং পুরো যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনকেই কলঙ্কিত করার জন্য প্রচারও শুরু হলো সঙ্গে সঙ্গে। যে-ই লিখুক, এ ধরনের লেখার বিরুদ্ধে আমাদের সবারই কণ্ঠ সোচ্চার থাকা উচিত। এ রকম লেখা শুধু যে সমাজে প্রয়োজনীয় আলোচনা-বিতর্কের পথ রুদ্ধ করে দেয়, তা-ই নয়, সব অগণতান্ত্রিক অপশক্তিই এগুলো থেকে ফায়দা নিতে সক্ষম হয়। বলাই বাহুল্য, যারা এসব লেখা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের খেপিয়ে তুলে সারা দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে, তারা ধর্মকে সম্মান করছে না; তারা খুনি লুটেরা ধর্ষক যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ধর্মকে ব্যবহার করছে। জামায়াতপন্থী তাত্ত্বিকদের কেউ কেউ গত কিছুদিনের সহিংসতা ও সংঘাতকে গরিব মানুষের লড়াই বলছেন। বলছেন ইসলামপন্থী রাজনীতি বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে মুখ্য ভূমিকা পালন করছে, সাম্রাজ্যবাদ ইসলামকে ধ্বংস করতে চাইছে সে কারণেই। মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব মেহনতি মানুষের মধ্য থেকেই আসছে। সুতরাং তাদের লড়াই আসলে শ্রেণীসংগ্রামেরই একটি রূপ। এই প্রচারণামূলক বক্তব্যে এই প্রশ্নের জবাব নেই যে, কেন জামায়াত ও যুদ্ধাপরাধীদের পক্ষেই এখনো মার্কিন তৎপরতা? কেন গরিব মানুষ যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়াবেন, যেখানে ১৯৭১ সালে গরিব নারী-পুরুষেরাই এদের দ্বারা নির্যাতিত হয়েছেন সবচেয়ে বেশি? শুধু তা-ই নয়, এখনো যাদের রাজনীতি গরিব মানুষের স্বার্থের বিরুদ্ধে? তা ছাড়া কোনো রাজনীতির ধারায় গরিব মেহনতি মানুষের উপস্থিতি দিয়ে যদি তাদের প্রতিনিধিত্ব বোঝায়, তাহলে দেশের মেহনতি মানুষের সবচেয়ে বড় দুটো দল হলো আওয়ামী লীগ ও বিএনপি। কারণ, গরিব মানুষেরাই এই দুটো দলের প্রধান ভোটার, প্রধান সমর্থকগোষ্ঠী। ক্ষমতা নিয়ে তাদের লড়াইয়ে গরিব মানুষের অংশগ্রহণকেও তাহলে শ্রেণীসংগ্রাম বলতে হয়। তা ছাড়া মাদ্রাসা মানেই গরিব মানুষের প্রতিষ্ঠান নয়, এখন স্কুলের পাশাপাশি খুবই ব্যয়বহুল ইংলিশ মিডিয়াম মাদ্রাসাও গড়ে উঠছে অনেক বেশি সংখ্যায়। তার চাহিদা তৈরি হয়েছে ক্রমবিকাশমান মধ্যবিত্তের মধ্য থেকেই। ধর্মভিত্তিক রাজনীতিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের অনেকেই বিত্তবান শ্রেণীর অংশ। তাঁদের সন্তানেরা ব্যয়বহুল ইংলিশ মিডিয়ামে বা বিদেশে পড়ে, আর তাঁদের ক্ষমতার মজুত হিসেবে কাজ করেন মাদ্রাসার গরিব ছাত্র ও শিক্ষকেরা। সে জন্য এ দেশের গরিব মেহনতি মানুষের মুক্তির লড়াইয়ে মাদ্রাসাকে যুক্ত করতে এরা সব সময়ই বাধা দেয়। প্রয়োজন অনুযায়ী তাদের মাঠে নামায়। এ দেশের সব সরকারই এই মজুত দখলে আনার চেষ্টা করেছেন।আর বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ আর ইসলামপন্থী রাজনীতির সম্পর্ক মোটেই সরল নয়। ১৯৯০ পর্যন্ত সারা বিশ্বে ধর্মপন্থী রাজনীতির ওপর ভর করেই সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিচালিত হয়েছে। ১৯৯১ থেকে ইসলামি সন্ত্রাস তার ঘোষিত শত্রু, বাস্তব ও বানানো গল্প দিয়ে তার দখল ও আগ্রাসন বৈধ করার চেষ্টা। কিন্তু লক্ষ করলে দেখা যাবে, এসব কাজে তার মিত্রদের বড় অংশ আবার ক্ষমতাধর মুসলিম ও ইসলামপন্থী রাজনীতিই।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি খুঁটি যদি হয় ইসরায়েল, আরেকটি অতি অবশ্যই সৌদি আরব। এই সৌদি আরবের প্রত্যক্ষ ভূমিকা ছাড়া ইরাক ও লিবিয়ায় মার্কিন আগ্রাসন কিংবা সিরিয়ায় দখলের প্রকল্প নিয়ে অগ্রসর হওয়া সম্ভব ছিল না। শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র। ইরানবিরোধী মার্কিনপন্থী জোট তৈরিতেও এই দেশগুলো পশ্চিমা বিশ্বের প্রধান ভরসা। একদিকে আল-কায়েদা ও তালেবানবিরোধী কথাবার্তা আমরা শুনি বটে, কিন্তু লিবিয়া ও সিরিয়ায় এ ধরনের গোষ্ঠীগুলোকেই মদদ দিয়েছে ও দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক ও লিবিয়ায় আগে সেক্যুলার সংবিধান ছিল, যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সরকার সেই সংবিধান বাতিল করে শরিয়া আইনের অনেক ধারা যুক্ত করেছে। আফগানিস্তানে আশির দশকে সরকার সামগ্রিক সংস্কার করতে উদ্যত হয়েছিল, তাকে ইসলামপন্থীদের দিয়ে যুক্তরাষ্ট্রই উচ্ছেদ করেছিল। এখন কারজাই সরকার নিজে টিকে থাকতে মার্কিন সেনাদের সরে যেতে বলছে। আর মার্কিনরা তালেবানদের সঙ্গে বৈঠক করতে চেষ্টা করছে। ইহুদি-খ্রিষ্টানবিরোধী রাজনীতি আর সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি এক কথা নয়। সাম্রাজ্যবাদ মানে শুধু বুশ বা ওবামা বা কিছু ইহুদি ব্যবসায়ী নয়, এটি একটি বিশ্বব্যবস্থা। এর চালকদের মধ্যে খ্রিষ্টান, ইহুদি যেমন আছে মুসলমান-হিন্দুও আছে। আবার প্যালেস্টাইন থেকে শুরু করে ভেনেজুয়েলা পর্যন্ত যে সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ, সেখানে মুসলমানদের পাশাপাশি আমরা খ্রিষ্টান, ইহুদি, হিন্দু পরিচয়ের মানুষদেরও দেখি। ধর্মপরিচয় দিয়ে রাজনীতি শনাক্ত করা যায় না। কেননা এক ধর্মের মধ্যেই বহু সুর থাকে। বুশের গড ইরাকে হামলার নির্দেশ দেয়, শাভেজের গড তাকে রুখে দাঁড়াতে বলে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা ইসলাম ও আল্লাহ-রাসুলের দোহাই দিয়েই এ দেশের লাখ লাখ মানুষকে খুন-ধর্ষণসহ ভয়ংকর অপরাধ করেছে। আবার অন্যদিকে অসংখ্য মুক্তিযোদ্ধা আল্লাহ-রাসুলের নাম নিয়েই তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আল্লাহ ও ধর্মের অর্থ তাই দুজনের কাছে ভিন্ন। একজনের কাছে নিপীড়নের অবলম্বন, আরেকজনের কাছে নিপীড়িতের আশ্রয়। আমাদের ইতিহাসে পাকিস্তান আমল তো বটেই, বাংলাদেশেরও সরকার ও ক্ষমতাবানেরা নিপীড়কের অবলম্বন হিসেবেই বরাবর ধর্মকে ব্যবহার করেছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র মওলানা ভাসানী ধর্মনির্বিশেষে জনগণের মুক্তির সংগ্রামে ইসলামের নিপীড়িতের ভাষা মানুষের কাছে উপস্থিত করেছিলেন। সেই ভাষা কোনো ধারা হিসেবে এখনো দাঁড়ায়নি। মানুষের লড়াইয়ের মধ্য দিয়েই হয়তো একদিন তা দাঁড়াবে।যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনকে পুঁজি করে বিভিন্নমুখী চক্রান্তের লক্ষণ দেখা যাচ্ছে। জামায়াত-শিবির ছাড়াও দেশি-বিদেশি নানা গোষ্ঠী পুরো সহিংসতার আগুন ছড়িয়ে বাংলাদেশ নিয়ে এখন ভয়ংকর খেলায় নেমেছে, এটাই আশঙ্কা। সরকারের নৈতিক অবস্থান খুব দুর্বল, তার নিজের গায়ে অনেক দাগ। অন্ধকার, রক্তাক্ত, অনিশ্চিত এক সময়। সজাগ মানুষেরাই এখন একমাত্র বাতি।আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।