অনেক বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের বিবিধ ব্যবহারের সঙ্গে আমরা পরিচিত। উপকার ও অপকার পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে চলে। আমদানি নীতিতে নেই, তদুপরি ড্রোন আমদানি এবং তিন মাসে বিমানবন্দরে ৩৮টি ড্রোন আটকের ঘটনা উদ্বিগ্ন হওয়ার জন্য যথেষ্ট।
ড্রোন কিংবা ড্রোনের মতো খেলনা আমদানির বিষয় নিয়ে সংশয় তৈরি হওয়াতেই নানা প্রশ্নের জন্ম হয়েছে। আমদানি নীতিতে ড্রোন সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা তাই অবশ্যই প্রয়োজন। ড্রোন কী এবং কী ধরনের ড্রোন নিরাপত্তাগত দিক থেকে ঝুঁকিপূর্ণ, সেটাই চিহ্নিত হওয়া উচিত। আর এটা মনে রাখা দরকার যে ড্রোন তৈরি করা প্রযুক্তিগত দিক থেকে খুব কঠিন বলে নাও গণ্য হতে পারে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ড্রোন তৈরি করার দিকটিও বিবেচনায় নিতে হবে। ড্রোনের মতো বৈজ্ঞানিক উদ্ভাবন যদি দেশ ও দশের জন্য কল্যাণমুখী কোনো কাজে লাগে, তাহলে তা থেকে নিবৃত্ত থাকাও কোনো যুক্তির কথা হতে পারে না।
তবে আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতিকে সবার ওপরে প্রাধান্য দিতে হবে। বিশেষ করে আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেপ্তার সদস্যদের স্বীকারোক্তি এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ড্রোন ওড়ানোর পর আইএসপিআরের জারি করা সংবাদ বিজ্ঞপ্তির আলোকে বিষয়টিকে বিবেচনায় নিতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ করি যে জনপ্রশাসনে সমন্বয়হীনতা একটি বড় সমস্যা। একটি বিভাগের সিদ্ধান্ত অন্য বিভাগ কর্তৃক তা অনুসরণের মধ্যে অনেক সময় ফাঁক-ফোকর সৃষ্টি হয়। ড্রোন একটি আপাত নিরীহ বিষয় হলেও তা যদি জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বয়ে আনে, তাহলে উপযুক্ত পন্থায় তা মোকাবিলা করতে হবে। গত তিন মাসে আটক ড্রোন কেন আমদানি করা হয়েছে এবং তা আটকের পরে কেন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপযুক্ত কারণ ব্যাখ্যা করে ছাড়িয়ে নিতে আসেননি, সেটা খতিয়ে দেখার দাবি রাখে।