সাংসদ পদ থেকে তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রী কীভাবে নেবেন জানি না, কিন্তু সংসদের মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই সরকারি দলের একজন তরুণ সাংসদের এভাবে প্রস্থান গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সোহেল তাজ প্রথমে মন্ত্রিত্ব ত্যাগ করলেন, এর পর সাংসদ পদ। একই সঙ্গে তিনি সক্রিয় রাজনীতি থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাহলে কি সৎ, ধীমান ও স্পষ্টবাক ভদ্রলোকেরা রাজনীতি করতে পারবেন না? রাজনীতি কি কেবলই মোসাহেবদের পেশায় পরিণত হবে? বাংলাদেশের রাজনীতি কি স্থায়ীভাবে বেনিয়া, সুযোগসন্ধানী ও মাস্তানদের করতলে চলে যাবে?এর আগে ২০০৯ সালের ৩১ মে সোহেল তাজ যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান, তখনো তিনি পত্রিকায় শিরোনাম হয়েছিলেন। কেননা তাঁর কোনো পদত্যাগই স্বেচ্ছায় ঘটেনি, ঘটানো হয়েছে। ২০০৯ সালে প্রধানমন্ত্রী সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ না করে ঝুলিয়ে রেখেছিলেন। সরকারের ওয়েবসাইটেও সোহেল তাজকে এত দিন দপ্তরবিহীন প্রতিমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে। তাঁর ব্যাংক হিসাবে নিয়মিত মন্ত্রীর বেতন-ভাতা জমা হতো, যা বন্ধ করার জন্য কয়েক দিন আগে মন্ত্রিপরিষদ সচিবকে তিনি চিঠি পাঠিয়েছেন। এই রাষ্ট্রীয় অপচয়ের জবাব কী?যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে পাঠানো পদত্যাগপত্রের সঙ্গে সোহেল তাজ তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়াবাসীর উদ্দেশে যে খোলা চিঠি পাঠিয়েছেন, তাতে তিনি পদত্যাগের পটভূমি ব্যাখ্যা করেছেন। তিনি রাজনীতি ও সাংসদ পদ ছাড়লেও দলের স্বার্থে অনেক কথা বলেননি। কিন্তু যেটুকু বলেছেন, তাতে স্পষ্ট, অনেক ভেবেচিন্তে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন। পদত্যাগ করা ছাড়া তাঁর উপায় ছিল না।সোহেল তাজের এই পদত্যাগের মুহূর্তে আরও একটি পদত্যাগের কথা মনে পড়ল। ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তাঁর বাবা তাজউদ্দীন আহমদ অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের ঢাকায় আসার কয়েক দিন আগে। তাজউদ্দীন আহমদের বিদায় সেদিন গোটা জাতিকে ব্যথিত করেছিল। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী মহলটি মুজিব ও তাজউদ্দীনের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেশের সর্বনাশ করেছে। এ ঘটনার কয়েক মাসের মাথায় কুচক্রীরা প্রথমে বঙ্গবন্ধুকে, পরে তাজউদ্দীন আহমদকে হত্যা করে। সেই বিভাজন জাতির যে ক্ষতি করেছে, তা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ৩৭ বছর পর তাঁর ছেলে সোহেল তাজ সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন। তিনি চিঠিতে বলেছেন, ‘কাপাসিয়ার মানুষের সম্মান রক্ষার্থে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না।’ কেন খোলা ছিল না তার জবাব কি আওয়ামী লীগ নেতৃত্ব বা প্রধানমন্ত্রী দেবেন? মন্ত্রণালয়ের দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে পারেননি বলে ৩৩ মাস আগে মন্ত্রিত্ব ত্যাগ করেছেন সোহেল তাজ। কিন্তু এখন সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর কারণ কী? সেখানেও কি দৃশ্য বা অদৃশ্য হস্তক্ষেপ ছিল? এভাবে একজন তরুণ রাজনীতিক বা নির্বাচিত জনপ্রতিনিধির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কী ইঙ্গিত দেয়? এর মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে সততা ও নিষ্ঠা রাজনীতি থেকে প্রায় নির্বাসিত। এখন যুক্তি নয়, বুদ্ধি নয়, মাস্তানি ও জবরদস্তিই রাজনীতিকে পরিচালিত করছে। যাঁরা এসব মেনে নিতে পারছেন না, তাঁরা অপাঙেক্তয় হয়ে যাচ্ছেন। এ ধারা চলতে থাকলে একসময় রাজনীতি বলে কিছু থাকবে না। সোহেল তাজ বলেছেন, রাজনীতির জন্য তিনি আমেরিকার আরামদায়ক জীবন ছেড়ে নিজের দেশে ছুটে এসেছিলেন। পিতা তাজউদ্দীন আহমদের স্মৃতিধন্য কাপাসিয়ার মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন। তাদের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। কাপাসিয়াবাসী তাঁকে দু-দুবার সাংসদ নির্বাচিত করেছিলেন। আজ সেই কাপাসিয়াবাসীর কাছে লেখা খোলা চিঠিতে সোহেল তাজ যে মনোবেদনার কথা প্রকাশ করলেন, তা কেবল কাপাসিয়াবাসী নয়, সারা দেশের মানুষকে স্পর্শ করবে। ব্যথিত করবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানেন, সোহেল তাজ প্রধানমন্ত্রীর আগ্রহেই সক্রিয় রাজনীতিতে এসেছিলেন এবং ২০০১ সালের নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। এর পরই দেশের অন্যান্য স্থানের মতো কাপাসিয়ার ওপরও নেমে আসে ঘোর অমানিশা। সাম্প্রদায়িক নির্যাতন-নিপীড়ন শুরু হলে সোহেল তাজ এগিয়ে আসেন উৎপীড়িত মানুষকে বাঁচাতে। মনে আছে, একবার হরতালের সময় পুলিশ তাঁর মাথা ফাটিয়ে দিয়েছিল, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর সন্তানকে এভাবেই বিএনপি সরকার প্রতিদান দিয়েছিল। তখনও তিনি হাল ছাড়েননি। আশা করেছিলেন, দিনবদলের রাজনীতি দেশের মানুষের অবস্থা বদলে দেবে। সেখানে সবাই নিরাপদে থাকবে। সোহেল তাজ রাজনীতিতে এসেছিলেন দেশ ও মানুষের ভালোবাসার টানে। ২০০৮ সালের নির্বাচনে তিনি সেই জয়ের ধারাবাহিকতাই শুধু বজায় রাখেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সাগ্রহে গ্রহণ করেন। তাঁর এই দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। তার পরও তিনি সেই পদে থাকতে পারেননি। কেন পারেননি?কেন তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরে যেতে হলো, এর পেছনে কারা ছিল, সেটি প্রধানমন্ত্রীর নিশ্চয়ই অজানা নয়। কিন্তু তিনি কার্যকর ব্যবস্থা না নিয়ে তাঁর পদত্যাগপত্র নিজের কাছে রেখে দেন। রাজনীতিতে ‘শ্যাম রাখি না কুল রাখি’র দ্বৈতনীতি কখনো সুফল দেয় না। এ ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। যেকোনো গণতান্ত্রিক দলে নেতা-নেত্রী বা কর্মীদের সমস্যা নিয়ে দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ নেই। থাকলে সোহেল তাজের পদত্যাগের বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনা হতো। মেরিল্যান্ড থেকে পদত্যাগপত্র পাঠাতে হতো না। প্রধানমন্ত্রী সোহেল তাজের মন্ত্রীপদে থাকা না-থাকা বিষয়টির সন্তোষজনক নিষ্পত্তি করতে পারলে হয়তো তাঁকে সাংসদ পদ ত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতো না।সোহেল তাজ রাজনীতিক হিসেবে নবীন। কিন্তু তিনি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি নিয়েছেন অনেক আগেই। তাঁর বাবা স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদও তিন বছরের বেশি মন্ত্রীপদে থাকতে পারেননি। সোহেল তাজ মন্ত্রী ছিলেন মাত্র পাঁচ মাস। পিতা ও পুত্রের এই রাজনৈতিক পরিণতির মধ্যে কি কোনো যোগসূত্র আছে?সোহেল তাজ সাংসদ হয়েও বেশির ভাগ সময় দেশের বাইরে কাটাতেন। এটি নিশ্চয়ই সমালোচনার বিষয়। কিন্তু তাঁর ভেতরে এমন কিছু সদগুণ ছিল, যা বর্তমান রাজনীতিকদের মধ্যে দুর্লভ। আমাদের রাজনীতি, রাজনৈতিক দল ও সরকারকে ব্যক্তিকেন্দ্রিক বলা হয়। অর্থাৎ শীর্ষ ব্যক্তি যা চান, দলে ও সরকারে তা-ই হয়ে থাকে। কিন্তু সোহেল তাজের ক্ষেত্রে সেটি হয়নি বলেই অনেকে মনে করেন। কয়েক দিন আগেও এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ না করার যুক্তি তুলে ধরেছিলেন। তিনি সোহেল তাজের পদত্যাগপত্র গ্রহণ না করলেও তাঁকে মন্ত্রিসভায় সসম্মানে ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেননি।এর পেছনে কী রহস্য ছিল, তা দেশবাসী জানতে চায়। তারা জানতে চায়, কেন একজন তরুণ রাজনীতিক সততা ও নিষ্ঠা নিয়ে রাজনীতিতে এসেও টিকে থাকতে পারলেন না। কারা সোহেল তাজকে পদত্যাগে বাধ্য করেছিলেন, তা কি অজানাই থেকে যাবে? যেমন অজানা থেকে গেছে বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের মধ্যকার বিরোধের নেপথ্যে কলকাঠি নাড়া ব্যক্তিদের পরিচয়।স্বাধীনতাযুদ্ধের এ দুই মহান নেতা যত দিন একসঙ্গে ছিলেন, তত দিন কেউ আঘাত হানতে পারেনি। পরবর্তী সময়ে তাঁদের বিভেদের সুযোগেই কুচক্রীরা আঘাত হেনেছে এবং প্রথমে বঙ্গবন্ধুকে ও পরে তাজউদ্দীন আহমদকে হত্যা করেছে। রাজনীতি থেকে সোহেল তাজের বিষণ্ন বিদায়ে আমরা যেমন ব্যথিত, তেমনি শঙ্কিত গণতন্ত্র এবং দেশের ভবিষ্যৎ নিয়েও।সোহরাব হাসান: কবি, সাংবাদিক। [email protected]