সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার প্রথমআলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, লালবাগের শ্মশানঘাট থেকে হাজারীবাগ পর্যন্ত সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের দুই পাশ দখল করে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট গড়ে উঠেছে।

বেড়িবাঁধের একাংশ ও বুড়িগঙ্গার আদি চ্যানেলে ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে এসব দোকান তৈরি করা হয়েছে। আর এই দখল–বাণিজ্যের পেছনে রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিদিন তাঁরা এসব দোকান থেকে ভাড়া তোলেন। দোকানপাট ছাড়াও বেড়িবাঁধের জায়গায় অবৈধভাবে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের কার্যালয়ও নির্মাণ করা হয়েছে।

সড়ক ঘেঁষে এসব দোকানপাটের কারণে নবাবগঞ্জ পার্ক ও কামরাঙ্গীরচর সেকশন সেতু এলাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এ পথে চলাচলকারী মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। অথচ এসব দোকানপাট বা অবৈধ কার্যালয় উচ্ছেদে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রথমআলোর প্রতিবেদন থেকে জানা যায়, সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কের অংশটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২২, ২৪, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন। কিন্তু বেড়িবাঁধ সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। এই দখল উৎসবের সঙ্গে ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়িত বলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর এই উদাসীনতা?

এ রকম চলতে থাকলে তো একসময় সদরঘাট-গাবতলী বেড়িবাঁধ সড়কে মানুষের চলাচল করাই দায় হয়ে পড়বে এবং বুড়িগঙ্গার আদি চ্যানেলেরও কোনো অস্তিত্ব থাকবে না।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে অবিলম্বে এসব অবৈধ দোকানপাট ও রাজনৈতিক দলের কার্যালয়গুলোকে উচ্ছেদ করতে হবে। যারা এই অবৈধ দখল–বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, তা তারা যতই প্রভাবশালী হোক না কেন।