সদ্যোজাত শিশুর ওজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মানবশিশু জন্ম নেওয়ার সময় যতটা দৈহিক ওজনের অধিকারী হলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে তার চেয়ে অনেক কম ওজন নিয়ে জন্ম হয় অনেক শিশুর। দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনার (২০১৬-২০২৫) খসড়া দলিলে বলা হয়েছে, প্রয়োজনের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশুর হার এখন ২৩ শতাংশ। অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশ সদ্যোজাত শিশু বড় রকমের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীতে যুক্ত হচ্ছে। আমরা যখন সার্বিক স্বাস্থ্য ও পুষ্টি-পরিস্থিতি আরও উন্নত করার প্রয়াস চালাচ্ছি, তখন এই চিত্রটি হতাশাব্যঞ্জক।
সদ্যোজাত শিশুর দৈহিক ওজন অনেকাংশে নির্ভর করে তার মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত অবস্থার ওপর। কোনো মা নিজেই যদি স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেন, তারপর পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যসেবার অভাবে খর্বাকৃতি নিয়ে বেড়ে ওঠেন, তাহলে তিনি নিজে যখন মা হবেন, তখন তাঁর শিশুরও ওজন ও উচ্চতা দুটোই কম হয়ে থাকে। গর্ভবতী নারীর গর্ভকালীন পুরো সময় পর্যাপ্ত পুষ্টি, স্বাস্থ্যসেবা, শারীরিক ও মানসিক সেবা-শুশ্রূষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসবের সঙ্গে গর্ভবতী নারীর পরিবারের আর্থিক আর্থসামাজিক অবস্থার সম্পর্ক অত্যন্ত নিবিড়। স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের পরিবারগুলো সাধারণত গ্রামীণ ও শহুরে নিম্নবিত্ত ও দরিদ্র, যেখানে পর্যাপ্ত পুষ্টির অভাব এক চিরকালীন সমস্যা। কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে অনেকেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন ও উচ্চতা স্বাভাবিকভাবে বাড়ে না; বরং দুঃখের কথা, সদ্যোজাত শিশুর তুলনায় পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের মধ্যে স্বাভাবিকের চেয়ে কম ওজনের হার বেশি, ৩২ শতাংশ। অর্থাৎ জন্মের পরেও তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না। পাঁচ বছরের কম বয়সীদের ৩৬ শতাংশের ওজন স্বাভাবিকের তুলনায় কম, আর ১৪ শতাংশ কৃশকায়।
যদিও সারা দেশেই পুষ্টি-পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবু এখনো বিপুলসংখ্যক দরিদ্র মানুষ অপুষ্টই রয়ে গেছে, বিশেষত নারী ও শিশুরা। দারিদ্র্য দূর করার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সব শ্রেণির মানুষের জন্য নিশ্চিত করা কঠিন বটে, কিন্তু তা যত দিন করা না যাচ্ছে, তত দিন অপুষ্ট শিশুর জন্ম ঠেকানো সম্ভব নয়। জাতীয় প্রবৃদ্ধি ও মানব উন্নয়ন সূচকগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা অবশ্যই আশাব্যঞ্জক, কিন্তু এতেই তৃপ্ত হওয়ার সুযোগ নেই। কেননা, এখনো বিপুল জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্য ও অপুষ্টি প্রকটভাবে রয়ে গেছে।