বগুড়ার শাজাহানপুর উপজেলার পালপাড়া লোকালয়ে এক দশক ধরে চলছে এক সন্ত্রাসীর জুলুম। চাঁদাবাজি, হুমকি, নারী নির্যাতন থেকে শুরু করে কোনো কিছুই সে বাদ রাখেনি। ২০১২ সালে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়েছিল সন্ত্রাসীরা। দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে, কিন্তু সন্ত্রাসীকে গ্রেপ্তার করেনি। সংখ্যালঘু পরিবারটি এখন দেশছাড়া। গত এক যুগে এ রকম আরও কিছু পরিবার দেশ ছেড়ে চলে গেছে। সন্ত্রাসীদের কাছে তাদের হার মানতে হয়েছে, কারণ নিরাপত্তা দেওয়ার কেউ নেই।
প্রশ্ন জাগে এই সন্ত্রাসী এত ভয়ংকর হয়ে উঠল কীভাবে? পালপাড়া লোকালয়টি বগুড়া-ঢাকা মহাসড়কের খুব কাছে। তবে এলাকাটি একটু দুর্গম। কিন্তু তাই বলে কি তা পুলিশের অগম্য কোনো এলাকা? এটা কি হতে পারে যে মোরশেদ নামের মাদক ব্যবসায়ী কিছু গুন্ডাপান্ডা নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত একটি লোকালয়ে নির্বিচারে জোর-জুলুম ও অপকর্ম চালিয়ে যাবে, আর প্রশাসন থাকবে নির্বিকার?
পালপাড়া পোড়াচ্ছে এক সন্ত্রাসীপুলিশের ওপর ভরসা নেই বলে রাত জেগে পালপাড়ার তরুণেরা পাহারা দেন। অথচ কাজটা পুলিশের। তারা তো দায়িত্ব পালন করেই না, খবরও রাখে না পালপাড়ার অসহায় মানুষগুলো কীভাবে জীবন-মৃত্যুর মাঝে বাস করতে বাধ্য হচ্ছে।
সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক পালপাড়ার খোঁজখবর নিতে গেলে পুলিশের তৎপরতা বাড়ে। শনিবার সন্ত্রাসজর্জরিত পালপাড়ার খবর প্রথম আলোয় প্রকাশিত হয়। অবশ্য তার আগেই শুক্রবার রাতে দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও মূল হোতা মোরশেদকে তারা গ্রেপ্তার করতে পারেনি। দেরিতে হলেও পুলিশ যে উদ্যোগ নিয়েছে, সেটা শুভ লক্ষণ। কাল মঙ্গলবার বিকেলে পালপাড়ায় ‘গণশুনানি’র আয়োজন করেছে প্রশাসন। সাক্ষ্য দেওয়ার জন্য স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ জন্য নিরাপত্তা দিতে হবে। পালপাড়ায় পুলিশ ফাঁড়ি বসানো হোক।