সন্ত্রাসবাদ ও সমরসজ্জা বন্ধে নজর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ইসে-শিমায় অনুষ্ঠিত শিল্পোন্নত শীর্ষ সাত দেশের জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনে বিশ্ব অর্থনীতিকে সংকটমুক্ত করা এবং প্রবৃদ্ধিতে সহায়ক পরিবেশ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। তবে প্রবৃদ্ধির সুফল পাওয়ার ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, সেটি কমিয়ে আনার উদ্যোগ জরুরি।
উন্নত দেশগুলো তাদের জিডিপির শতকরা শূন্য দশমিক ৭ শতাংশ দরিদ্র দেশগুলোর উন্নয়নে ব্যবহার করার যে অঙ্গীকার করেছিল, তা বেশির ভাগ দেশই রক্ষা করেনি। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো যে বিপুল ক্ষতির সম্মুখীন, তার কারণ উন্নত বিশ্বের অতিমাত্রায় কার্বন নিঃসরণ।
এবারের জি-৭ সম্মেলন বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এর আউটরিচ বৈঠকে যে সাতটি উন্নয়নশীল দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। সেই বৈঠকে তিনি রাজনীতিতে নারীর অধিক অংশগ্রহণ, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর ওপর যেমন জোর দিয়েছেন, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ উত্তরণে প্রযুক্তি হস্তান্তর, সম্পদের সংযোজন এবং দরিদ্র দেশগুলোর সামর্থ্য বৃদ্ধির ব্যাপারে উন্নত দেশগুলোকে আরও উদার হতে বলেছেন। তিনি ব্রিটিশ ও জাপানের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এর মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত হবে আশা করি।
সম্মেলনের ঘোষণায় শরণার্থী সমস্যা, বাণিজ্য, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন, সাইবার অপরাধ, জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত ও জোটবদ্ধ অভিযানের প্রয়োজনীয়তা অস্বীকার করছি না। কিন্তু সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে এর কারণগুলো দূর করা জরুরি মনে করি।
বিশ্বের শান্তির জন্য সমরসজ্জাও বড় হুমকি। শিল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক বিষয়ে যদি ঐক্যবদ্ধ কর্মসূচি নিতে পারে, তাহলে সমরসজ্জা বন্ধ করার ব্যাপারে একমত হতে পারবে না কেন?