সন্ত্রাসরোধের চাক্তাই মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাক্তাইয়ের চারটি ব্যবসায়ী সংগঠনের পক্ষে সাতজনের ছবিসহ কথিত নয়জন সন্ত্রাসীর বিষয়ে পোস্টার ছেপে দেয়ালে লাগানো হয়েছে। এলাকাবাসীর প্রতি তাঁরা এদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমনকি ‘বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ নামে দুই পৃষ্ঠার এই প্রচারপত্রে নয়জন কথিত সন্ত্রাসীর চাঁদাবাজি ও নানা অপকর্ম তুলে ধরা হয়েছে। নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের ধরে নিয়ে মুক্তিপণ আদায়, বাসাবাড়িতে ডাকাতি, ট্রাকচালকদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনতাইসহ নয় সন্ত্রাসীর নানা অপকর্মের বিবরণ আছে ওই প্রচারপত্রে। কিন্তু যা আশ্চর্যের তা হলো এসব অভিযোগে চিহ্নিত সন্দেহভাজনদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা হয়েছিল। তাদের অনেকেই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী দলের সদস্য। কিন্তু পুলিশ তাদের খুঁজে পাচ্ছিল না।

আমরা আশা করব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই পোস্টার ও প্রচারপত্রকে তাঁদের জন্য একটি ওয়েক আপ কল বা জাগ্রত হওয়ার সতর্ক ঘণ্টা হিসেবে দেখবেন। এতে সন্দেহ সামান্য যে দলমত-নির্বিশেষে ব্যবসায়ীদের এই সম্মিলিত প্রতিবাদ স্থানীয় পুলিশ প্রশাসনের জন্য একটি লজ্জার বিষয়। ব্যবসায়ীরা দাবি করেছেন, এসব সন্ত্রাসীর হাতে প্রায় দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান জিম্মি হয়ে পড়েছিল। ব্যবসায়ীরা যদিও এসব সন্ত্রাসীকে দেখামাত্র বাকলিয়া ও চাক্তাই পুলিশ ফাঁড়িতে খবর দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু বাস্তবে জনগণের এতে সাড়া দেওয়ার কথা নয়। কারণ, তারা এমনিতেই নিরাপত্তাহীনতায় ভুগছে।

এটা সুখকর যে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম করছিল, তাদের সঙ্গে দল বা তার অঙ্গ সংগঠনের কোনো সংস্রব নেই বলে স্থানীয় সংশ্লিষ্ট নেতারা স্বীকার করেছেন। এখন স্থানীয় পুলিশকেই সাহসী ভূমিকা পালন করতে হবে। এসব দুষ্কৃতকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা হলে চাক্তাইয়ের সামাজিক আন্দোলনটি সফলতা পাবে। ব্যবসায়ীরাও স্বস্তির নিশ্বাস ফেলবেন।