দেশের বিভিন্ন স্থানে একই কায়দায় একের পর এক খুনের ঘটনার পরও ঘাতকদের ধরতে না পারাকে যখন ভবিতব্য মনে করা হচ্ছিল, তখন মাদারীপুরের সাহসী জনতা অন্তত এক সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলার অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন
করেছে। এর আগে গত বছরের মার্চে ওয়াশিকুর রহমানকে হত্যা করে পলায়নরত দুই জঙ্গিকে ঘটনাস্থলেই পাকড়াও করতে সক্ষম হয়েছিল তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি।
একই সঙ্গে গত বছরে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদ রশীদ ও তাঁর দুই সহযোগীর ওপর হামলাকারী হিসেবে পুলিশ যাদের শনাক্ত করে পুরস্কার ঘোষণা করেছিল, তাদের একজন গ্রেপ্তার হওয়া কিছুটা হলেও আশা জাগায়। যদিও আহমেদ রশীদ নিজেই তাঁকে হামলায় গ্রেপ্তার করা ব্যক্তির সম্পৃক্ততা সম্পর্কে সংশয়গ্রস্ত। লক্ষণীয় যে জঙ্গি বা উগ্রপন্থীদের লাগাতার হামলা ও তাতে হতাহত ব্যক্তিদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো খুব কম ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের পাকড়াও করতে পেরেছে।
আমরা জনগণের প্রিতবাদ ও প্রতিরোধের শক্তিকে অভিবাদন জানাই। সহিংসতা সৃষ্টিকারীরা যে জনবিচ্ছিন্ন, সেই সত্য যেন একজন আক্রান্ত ধর্মীয় সংখ্যালঘুর নিরাপত্তায় সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হলো।
রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার উদ্দেশ্য অনুদ্ঘাটিত। কিন্তু এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করার চ্যালেঞ্জ এখন পুলিশের সামনে। তাদের উপলব্ধি করতে হবে যে জঙ্গিদের বিরুদ্ধে তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মাদারীপুর মডেল
থানার মাত্র ১০০ মিটার দূরের একটি বাসায় জঙ্গিরা হামলা চালাতে কিন্তু কুণ্ঠিত হয়নি।
সদ্য সমাপ্ত সাঁড়াশি অভিযানে ‘গ্রেপ্তার–বাণিজ্যের’ যে চিত্র কোথাও কোথাও মূর্ত হয়েছে, তা দমনে পুলিশ কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে। পুলিশের বিরুদ্ধে আস্থার ঘাটতি হলে জনগণের পক্ষে এ ধরনের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন কঠিন হয়ে পড়ে। অথচ মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ দমনে সক্রিয় জনভূমিকার বিকল্প নেই।