সপ্তাহজুড়ে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমানুষ যেখানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার ও রায়কে স্বাগত জানাচ্ছে, সেখানে জামায়াতে ইসলামী এসব রায়ের বিরুদ্ধে একের পর এক হরতাল ডেকে যাচ্ছে। একাত্তরে যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপকর্মে জড়িয়ে পড়েছিল, এখনো তারা সেই গণবিরোধী কাজই করে যাচ্ছে। অহেতুক হরতাল ডেকে দেশের অর্থনীতির ক্ষতিসাধনের দেশবিরোধী নীতিও তারা অব্যাহত রেখেছে।
মঙ্গলবার পবিত্র আশুরার দিনটি বাদ দিয়ে এই পুরো সপ্তাহটিই জামায়াতের হরতালের খপ্পরে পড়েছে। বুধবার দিনটি বাদ ছিল। কামারুজ্জামানের আপিলের রায়কে কেন্দ্র করে সেই দিনটিতেও হরতাল ডাকা হলো। আদালতের রায় ও বিচার–প্রক্রিয়ার বিরুদ্ধে এ ধরনের হরতালের কর্মসূচির নজির কোনো সভ্য দুনিয়াতে নেই। সবচেয়ে বড় কথা যে বিচার–প্রক্রিয়ায় এই দলটি ও তাদের অভিযুক্ত নেতারা অংশ নিচ্ছেন, তার বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সপ্তাহের শুরু থেকে এবার যে হরতাল শুরু হয়েছে, তা কার্যত জনগণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু সহিংসতা ও নাশকতার আশঙ্কায় ইচ্ছার বিরুদ্ধেই হরতাল পালন করতে বাধ্য হচ্ছে জনগণ।
হরতালে শহরে গণপরিবহন চলেছে সপ্তাহজুড়ে এই হরতাল কর্মসূচি জনদুর্ভোগকে চরমে নিয়ে গেছে। ক্লাস ও পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের চার কোটি শিক্ষার্থী। হরতালের কারণে নির্ধারিত জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুই করা যাচ্ছে না। আন্তজেলা পরিবহন বন্ধ থাকায় বহু মানুষ বিভিন্ন স্থানে আটকা পড়েছেন, পেশাজীবী ও চিকিৎসাপ্রার্থী লোকজন পড়েছেন চরম দুর্ভোগে। কৃষকের উৎপাদিত পণ্য পচে যাচ্ছে, ব্যবসা-বাণিজ্য, শিল্পকলকারখানা ও রপ্তানি-বাণিজ্য চরম ক্ষতির মুখোমুখি হচ্ছে।
আমাদের প্রশ্ন হচ্ছে, এসব করে জামায়াত িক অর্জন করতে চায়? তারা কী মনে করে যে এসব করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে? বা বিচার বন্ধ ও রায় কার্যকর করা ঠেকানো যাবে? জামায়াত যে তার দেশ ও গণবিরোধী চরিত্র বদলায়নি, সেটা পরিষ্কার।