ঢাকার দুই তরুণ পুস্তক প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও আহমেদুর রশীদ টুটুল সংঘবদ্ধ জঙ্গিদের দ্বারা আক্রান্ত হওয়ার পর এক বছর পেরিয়ে গেল। দীপন নিহত হয়েছেন এবং টুটুল ও তাঁর দুই বন্ধু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। কিন্তু এক বছরেও দীপন হত্যা মামলা ও টুটুলের হত্যাচেষ্টা মামলার তদন্ত শেষ হয়নি।
তথাকথিত ইসলামি উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হাতে ব্লগার, লেখক, অধ্যাপক, শিল্পী, পুরোহিত, যাজক হত্যার তালিকা দুই-তিন বছরে ক্রমেই দীর্ঘ হয়েছে। কিন্তু আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে বিচার সম্পন্ন করার অগ্রগতি নেই। মাত্র একটি ব্যতিক্রম—আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার বিচারে অভিযুক্তদের শাস্তি হয়েছে। তা–ও আবার একজন এখনো পলাতক। শুধু তা-ই নয়, এ বছরের জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার আগ পর্যন্ত সরকার ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বিষয়টির প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়নি। হলি আর্টিজানের হত্যাযজ্ঞের ফলে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হলেই কেবল সরকারের টনক নড়েছে। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তৎপর হতে দেখা গেছে, সরকারের নীতিনির্ধারক মহল থেকেও জঙ্গিবাদ নির্মূল করার সংকল্প ব্যক্ত করতে শোনা গেছে।
ফলে জঙ্গিদের সহিংস দৌরাত্ম্য দৃশ্যমানভাবে হ্রাস পেয়েছে। জঙ্গিবিরোধী অভিযানের বিভিন্ন পর্যায়ে কিছুসংখ্যক জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। কিছু হামলার পরিকল্পনা র্যাব-পুলিশ ভন্ডুল করে দিয়েছে বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ এ দেশের জঙ্গি তৎপরতার রাশ টেনে ধরতে সক্ষম হয়েছে।
তবে পুলিশি অভিযান চালিয়ে কিংবা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার মধ্য দিয়ে জঙ্গিদের দমিয়ে রাখাই জঙ্গি সমস্যার সমাধান ঘটবে না। আইন প্রয়োগের মাধ্যমে প্রতিটি জঙ্গি হামলার বিচার ও অপরাধীদের শাস্তি দিতে হবে। দীপন হত্যা মামলায় দুজনকে ও টুটুল হত্যাচেষ্টা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে; তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। দুটি ঘটনারই মূল পরিকল্পনাকারী হিসেবে সেলিম নামে আনসার আল ইসলামের এক নেতা সম্পর্কে পুলিশ কিছু তথ্য পেয়েছে, কিন্তু তাঁকে এখনো শনাক্ত করতে পারেনি।
আমরা মনে করি, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশ আন্তরিকভাবে তৎপর হলে সব জঙ্গি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব।