দুই দফা বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ স্থানীয় কোটা রাখার যে সিদ্ধান্ত হয়েছে, তা সময়োপযোগী। ২০১৬ শিক্ষা বছর থেকে এটি কার্যকর হওয়ার কথা। মাধ্যমিকের জন্য এই সিদ্ধান্ত হলেও অনেক মাধ্যমিক বিদ্যালয়েই প্রাথমিক শিক্ষা চালু আছে। সে ক্ষেত্রে এটি প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
এই সিদ্ধান্তটি এমন সময়ে নেওয়া হলো, যখন মহানগর, বিশেষ করে ঢাকা শহরের বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতায় নামতে হয়। এর কারণ, প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তির জন্য এলেও মানসম্পন্ন বিদ্যালয় আছে হাতে গোনা কয়েকটি। এই সুযোগে কোনো কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির বিনিময়ে মোটা অঙ্কের ডোনেশন ও চাঁদা নিয়ে থাকে। এ ছাড়া কোচিং–বাণিজ্য তো আছেই।
কিন্তু সরকারের এই সিদ্ধান্তের সুফল শিক্ষার্থীরা পাবে কি না, সেটি নির্ভর করছে সমস্যাগুলো তারা কতটা দক্ষতার সঙ্গে মোকাবিলা করে, তার ওপর। প্রথম প্রশ্ন অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা যাবে কি না? দ্বিতীয়ত, মহানগর বিশেষ করে ঢাকা শহরের বেশির ভাগ বাসিন্দা ভাড়া বাড়িতে থাকেন। সে ক্ষেত্রে তাঁদের স্থান নির্ধারণ করাও সহজ নয়।
অনেক উন্নত দেশে স্থানীয়ভাবেই শতভাগ ছাত্র ভর্তি করা হয়। আমাদের এখানে সেটি করা গেলে সব এলাকায় মানসম্পন্ন বিদ্যালয় প্রতিষ্ঠার তাগিদ থাকবে। তাই ভবিষ্যতে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থীর কোটা আরও বাড়ানো হলে অনেক বেশি সুফল পাওয়া যাবে। তাতে ঢাকা শহরের অসহনীয় যানজট যেমন কমবে, তেমনি কোমলমতি শিক্ষার্থীরাও পথের কষ্ট-দুর্ভোগ থেকে রেহাই পাবে।
স্থানীয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভর্তি সমস্যার সাময়িক প্রতিকার হতে পারে। কিন্তু এর স্থায়ী সমাধান পেতে হলে সব এলাকায় মানসম্পন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করার বিকল্প নেই।