১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতার বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেসবের মধ্যে ঘৃণ্যতম ছিল বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ। পাকিস্তানি সেনাবাহিনী তাদের স্থানীয় সহযোগীদের প্রত্যক্ষ মদদে মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত বাঙালি জাতির সবচেয়ে মেধাবী সন্তানদের বেছে বেছে হত্যা করেছে। বিশেষত, আমাদের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে তারা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের যে নারকীয় দৃষ্টান্ত রেখে গেছে, তেমন কাপুরুষতা বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল।
সেই থেকে ১৪ ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতিবছর এই দিনটি আসে আমাদের সেই শ্রেষ্ঠ সন্তানদের আত্মদানের স্মৃতিতে উদ্ভাসিত হয়ে। শোকার্ত ও শ্রদ্ধাবনতচিত্তে আমরা স্মরণ করি অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামউদ্দীন আহমেদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সাংবাদিক–সাহিত্যিক সেলিনা পারভীনসহ সব শহীদ বুদ্ধিজীবীকে। সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করি শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যাঁরা চার দশকেরও বেশি সময় ধরে বয়ে চলেছেন আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট।
যুদ্ধের শেষ পর্যায়ে, নিশ্চিত পরাজয়ের আগমুহূর্তে পাকিস্তানি সামরিক জান্তা বাঙালি শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশকে মেধায়-মননে পঙ্গু করে দিতে। এই পরিকল্পিত নিধনযজ্ঞে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা, যারা এ দেশেরই সন্তান।
দীর্ঘ সময় পরে হলেও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে, বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরাও যার অন্তর্ভুক্ত। কবি মেহেরুননিসা ও সাংবাদিক আবু তালেব হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় গত বছর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও কিছু মামলার রায় ঘোষণার পর আপিল নিষ্পত্তির অপেক্ষায় আছে। আমরা মনে করি, শহীদ বুদ্ধিজীবীদের সব ঘাতকের বিচার ও দণ্ড কার্যকর করা উচিত। শুধু এভাবেই জাতি দায়মুক্ত হতে পারে।