সব দলের জন্য সমান সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য একটি নির্বাচন-সহায়ক পরিস্থিতি জরুরি। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এগুলো নির্বাচন কমিশনের বিষয় নয়, সরকারের বিষয়। নির্বাচন কমিশনের কাজ আইনে নির্ধারণ করা আছে, তফসিল ঘোষণার পর আইন প্রয়োগের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরি করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের এ ধরনের বক্তব্য সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের পক্ষে সহায়ক নয়।

আমাদের প্রশ্ন, একটি নির্বাচন-সহায়ক পরিস্থিতি সৃষ্টি করতে নির্বাচন কমিশনের যদি কিছুই করার না থাকে, তাহলে কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার আশা করে কীভাবে? সংবিধান ও আইন নির্বাচন কমিশনকে কিছু নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে এবং এর মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান। এ ধরনের নির্বাচন অনুষ্ঠানে দরকারি সব উদ্যোগই নির্বাচন কমিশনকে নিতে হবে। এখানে আক্ষরিকভাবে তফসিল ঘোষণার পর কমিশনের হাতে নির্দিষ্ট কিছু ক্ষমতা আসবে, তারপর তা প্রয়োগ করা হবে, এভাবে দেখার কোনো সুযোগ নেই।

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে দায়িত্ব এড়ানোর বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। যে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত, সেই দলগুলোকে কমিশনের বিভিন্ন শর্ত মেনে চলতে হয়। নিবন্ধিত দলগুলো যদি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে সমান ও স্বাভাবিক সুযোগ না পায়, তবে তা নিশ্চিত করার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। ফলে সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা বা চাপ প্রয়োগের দায় নির্বাচন কমিশনের রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে তাদের কোনো দায়িত্ব নেই বলে মনে করে এবং সরকারকে এ নিয়ে কোনো অনুরোধ করতেও না চায়, তবে এই পরিস্থিতিকে চরম হতাশার বলেই মানতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি যে ধরনের নির্বাচন হয়েছে, তা বিবেচনায় নিলে এই নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার চ্যালেঞ্জটি অনেক বড়। আমরা কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে দায়িত্বশীল অবস্থান ও বক্তব্য প্রত্যাশা করি।