সব ভালো যার শেষ ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মিলিয়ে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এ পর্যন্ত। সংঘর্ষ না বলে হাতাহাতি বলাই ভালো। কারণ, কোনো আহত ব্যক্তিকে ছুটতে হয়নি হাসপাতাল পর্যন্ত। কোনো বড় মারামারি হলো না, আগ্নেয়াস্ত্র দূরে থাক, লাঠি-ছোরাও ব্যবহার হলো না, কোনো প্রার্থীর কাছেই বখাটে-মাস্তানদের তেমন কদর হলো না—কবুল করা ভালো, এ রকম ‘অবাক করা’ নির্বাচনী পরিবেশ আমরা আগে কখনো দেখিনি। তাহলে প্রধান নির্বাচন কমিশনার যে বললেন চট্টগ্রাম সিটি করপোরেশনের এই নির্বাচনকে তিনি ‘মডেল’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান, সেই আকাঙ্ক্ষাই কি বাস্তবায়ন হতে চলল?ভেবে দেখুন, আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুজন মেয়র প্রার্থীর এ রকম স্নায়ুক্ষয়ী লড়াই, ৪১টি ওয়ার্ডে গড়ে যদি দুজন প্রধান প্রতিদ্বন্দ্বীর কথাও ধরি, তাহলে ৮২ জন কাউন্সিলর পদপ্রার্থী ও সমর্থকদের রাত্রিদিনের ঘুম-বিশ্রাম হারাম করা প্রচারাভিযান, কোনো কিছুই আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে ওঠেনি। সাধারণ নাগারিকের এখানেই সবচেয়ে বড় স্বস্তি। নির্বাচন কমিশনেরও সাফল্য এখানেই। শুরু থেকেই আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের সতর্ক করে দিয়েছিল নির্বাচন কমিশন। আমরা কিছুটা দ্বিধান্বিত ছিলাম। কিন্তু আমাদের দ্বিধা-সংশয় কাটিয়ে দিয়ে সেই আচরণবিধির প্রতি যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন প্রার্থী ও সমর্থকেরা। বড় বড় মিছিল নিয়ে রাজপথ কাঁপিয়ে তোলা আর জনসাধারণকে যানজটের কাছে আটকে রাখার ব্যাপারটি ছিলই না। দেয়ালে দেয়ালে পোস্টার নেই, দড়ি দিয়ে সেগুলো টাঙানো আছে সারিবদ্ধভাবে, মোড়ে মোড়ে প্রার্থীদের কার্যালয় নেই, চায়ের দোকানে নেই ফ্রি নির্বাচনী চায়ের আপ্যায়ন—এসব আমাদের নির্বাচনী-সংস্কৃতির অভিজ্ঞতার সঙ্গে মেলে না। তাহলে সত্যিই কি আমরা বদলাতে শুরু করেছি? চট্টগ্রামেই হবে বদলে যাওয়া নির্বাচনের শুভ সূচনা? কয়েক দিন আগে প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাঁর কাছে জানতে চেয়েছিলাম নির্বাচনে কেন্দ্র দখলের মতো ঘটনার আশঙ্কা করছেন কি না। তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন, ‘প্রশ্নই ওঠে না, কেন্দ্র দখলের দিন শেষ হয়ে গেছে।’ তবে ভোলার নির্বাচনের কিছু উদাহরণ টেনে তিনি ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেননি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। ড. হুদার কাছে জানতে চেয়েছিলাম, এই নির্বাচনে সরকারি দল ও প্রধান বিরোধী দল যেভাবে সরাসরি দুই প্রার্থীকে সমর্থন দিলেন, তাতে স্থানীয় সরকারের মূল স্পিরিটটা কি নষ্ট হলো না? মনে হলো একটু দ্বিধান্বিত তিনিও, বললেন, এই নির্বাচনে প্রার্থীরা দলীয় প্রতীক পাচ্ছেন না, পোস্টারে দলের নেতা-নেত্রীর ছবি ব্যবহারের সুযোগও নেই। কিন্তু এর বাইরে যদি কেউ রাজনৈতিক পরিচয়ে জনগণের সমর্থন আদায় করতে চান, তাতে আইন অনুযায়ী কিছু করার নেই। তিনি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পৌর নির্বাচনের উদাহরণ তুলে ধরে বলেন, ব্যাপারটা সেখানেও একই রকম হয়েছে। দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেননি কেউ, কিন্তু ভোট গণনা শেষে তৃণমূল কংগ্রেসের বিজয় বা বামফ্রন্টের পিছিয়ে থাকার বিষয়টি আর অস্পষ্ট থাকেনি কারোর কাছেই। আমাদের মতো দেশে এসব নির্বাচনকে দলীয় রাজনীতির বাইরে নিয়ে যাওয়া যে খুবই কঠিন এটাই উঠে এল তাঁর কথায়। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই যে বিষয়টি খুবই ইতিবাচক মনে হয়েছে আমাদের, তা হলো, মেয়র পদের দুই প্রধান প্রার্থীর সংযত বাক্যবিনিময়। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সদ্য সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বিএনপি-সমর্থিত মন্জুর আলম পরস্পরের সম্পর্কে কোনো বিষোদ্গার তো করেনই নি, বরং বিপক্ষ প্রার্থীর প্রতি তাঁদের মন্তব্য ছিল যথেষ্ট সমীহপূর্ণ। এ ছাড়া নির্বাচন কমিশনের সভা বা অন্যত্র যেখানেই দুই প্রার্থীর দেখা-সাক্ষাৎ হয়েছে, সেখানেই তাঁরা পরস্পরকে সহাস্য সম্ভাষণ করেছেন, কোলাকুলি করেছেন। এসবই আসলে শুরু থেকেই নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলেছে। তাঁরা যে একটি সংঘাতমুক্ত নির্বাচন চান এ রকম একটি বার্তা পৌঁছে গেছে কর্মী-সমর্থকদের মধ্যে।শেষ পর্যন্ত অবশ্য একেবারে নিরুত্তাপ থাকেনি পরিবেশ। নির্বাচন যখন দোরগোড়ায় তখন হঠাৎ আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করলেন দুই দলের নেতারা। দেখা যাচ্ছে, প্রার্থী নন, এমনকি তাঁদের কর্মী-সমর্থকেরাও নন, বরং তাঁদের পক্ষে প্রচারণা চালাতে আসা কেন্দ্রীয় নেতারাই শুরু করেছেন এ ধরনের বক্তব্য দেওয়া। হঠাৎ করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ-পাল্টা অভিযোগও বেড়েছে। সংখ্যালঘু ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বা নির্বাচনে টাকা-পয়সা বিলানো হচ্ছে ইত্যাদি অভিযোগ তোলা হচ্ছে পরস্পরের বিরুদ্ধে। তবে নির্বাচনের পরিবেশ দেখে সন্তুষ্ট নগরবাসীর কাছে এসব অভিযোগ খুব একটা গুরুত্ব পাচ্ছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ এলে ২৪ ঘণ্টার মধ্যে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগটি খুবই কার্যকর হয়েছে বলে মনে করি আমরা। এই তৎপরতার ফলে ক্ষোভ-অভিযোগ পুঞ্জীভূত হওয়ার সুযোগ হয়নি। ইতিমধ্যেই দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। কয়েকজন কাউন্সিলরের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। কুৎসা-সংবলিত প্রচারপত্র বিলি করার সময় হাতেনাতে আটক করে আদায় করা হয়েছে জরিমানা। এই নির্বাচনী-সংস্কৃতি পাল্টানোর কাজটা যে শুরু হয়েছে, সেটাই আশার কথা। সর্বোপরি অপরাধ করে পার পাওয়া যাবে না এমন একটি ধারণা পেয়েছেন প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। আরও একটি নতুন বিষয় যুক্ত হয়েছে এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে। সেটি হচ্ছে ই-ভোটিং। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহূত হতে যাচ্ছে। নগরের জামাল খান ওয়ার্ডে এই মেশিনের কার্যকারিতা যাচাই করা হবে। এই নিয়ম সফল হলে উন্নত বিশ্বের মতো সারা দেশে চালু হতে পারে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি। নানা কারণে সিসিসি নির্বাচনের দিকে তাকিয়ে আছে মানুষ। এই একটি সফল নির্বাচন নতুন একটি ‘মডেল’ উপহার দেবে দেশকে আমরা আশা ও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছি।বিশ্বজিৎ চৌধুরী: কবি ও সাংবাদিক।[email protected]