শিশুর প্রতি নিষ্ঠুরতার আরেকটি ঘটনা আমরা দেখলাম। পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে ১০ বছর বয়সী শিশু সাগর বর্মণকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখলাছ স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কর্মরত সাগর তার কর্মস্থলেই এই নিষ্ঠুরতার শিকার হয়। একটি শিশুর পক্ষে কর্মস্থলে কী এমন করা সম্ভব যার জন্য তাকে কেউ এমন বর্বরভাবে হত্যা করতে পারে!
গত বছরের ৩ আগস্ট খুলনায় একই কায়দায় শিশুশ্রমিক রাকিবকে (১২) হত্যা করা হয়েছিল। এ ঘটনায় আদালত গত বছরের ৮ নভেম্বর দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। বোঝা গেল, শিশু হত্যাকারীদের এই দৃষ্টান্তমূলক শাস্তি শিশু নির্যাতক ও হত্যাকারীদের এখনো নিবৃত্ত করতে পারেনি। এ ব্যাপারে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মত হচ্ছে, শিশুহত্যার সব ঘটনার মামলাগুলো দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং হত্যাকারীর শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। শুধু একটি দৃষ্টান্ত নয়, সব শিশুহত্যার ক্ষেত্রেই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সাগর বর্মণের মৃত্যুর মধ্য দিয়ে আরও যে তথ্য প্রকাশিত হলো তা ভয়াবহ। সাগর যে সুতা কারখানায় কাজ করত সেই কারখানার মালিকের আরও দুটি কারখানা আছে। তার তিনটি কারখানায় প্রায় ১ হাজার ২০০ শিশু কাজ করে। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কারণে অনানুষ্ঠানিক খাতের শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিল্পে এই হারে শিশুশ্রম বজায় থাকে কীভাবে, সেটা সত্যিই এক বড় প্রশ্ন। শ্রম আইন, ২০০৬ অনুযায়ী, কোনো পেশায় বা কোনো প্রতিষ্ঠানে শিশুকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
জাতীয় শিশুশ্রম জরিপ ২০১৩ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোনো না কোনো শ্রমে নিয়োজিত। এর মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সরকার ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার পূরণ ও শিশুহত্যা বন্ধে আমরা সরকারের কাছ থেকে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।