রাজধানীর ডেমরার সুলতানা কামাল সেতুকে হুমকিতে ফেলেছে অবৈধ বাণিজ্য। সেতুর নিচে নৌযান থেকে ইট, বালু ও পাথর ওঠা-নামা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতুর কাঠামো। নৌযানের ধাক্কায় সেতুর নিরাপত্তাবেষ্টনী তো ভেঙেই গেছে, এখন ধাক্কা লাগছে মূল স্তম্ভে। দ্রুত এটা বন্ধ করা দরকার।
২০১০ সালে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। এর নিচ থেকে অবৈধ ব্যবসা না সরালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ২০১৫ সালেও এই সেতুর তলার বালু ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু প্রশাসন দেখেও না দেখার ভান করে গেছে। শুধু সুলতানা কামাল সেতুই নয়, গাবতলীতে তুরাগ নদের সেতু থেকে শুরু করে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত অজস্র সেতুর তলাতেই এই কাণ্ড ঘটছে। সেতুর গোড়ায় বসানো হয়েছে পাথর ও বালুর আড়ত। সোনারগাঁয়ের মেঘনা সেতুর তলা থেকে বালু ব্যবসা হটানোয় যোগাযোগমন্ত্রীর নির্দেশেও কাজ হয়নি। নৌযান এসে ধাক্কা দিচ্ছে সেতুর কাঠামো কিংবা সেতুরক্ষা বাঁধের ওপর। নদীর পাড় পর্যন্ত চলাচল করছে মালবাহী ভারী ট্রাক। এভাবেই যদি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো অবৈধ ব্যবসার ঘুণপোকারা খেয়ে চলে, তাহলে অবকাঠামো উন্নয়ন করে লাভ কী?
প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়, ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত একশ্রেণির নেতা-কর্মী এসব ব্যবসা চালান কিংবা বখরার বিনিময়ে এসব টিকিয়ে রাখেন। কোথাও কোথাও জেলা প্রশাসন কিংবা পুলিশও এসব থেকে সুবিধা নিয়ে থাকে। কার্যত অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং সড়ক ও যোগাযোগ অধিদপ্তরের দায়িত্ব এসব নদী ও সেতুর জন্য ক্ষতিকর দখলদার ব্যবসায়ীদের উচ্ছেদ করা। সেটা করা সম্ভব হবে তখনই, যখন সংশ্লিষ্ট মন্ত্রীরা কঠোর হাতে আপন দলীয় লোকদের কুপ্রভাব দমন করতে পারবেন।
আমরা আশা করব, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং সড়ক ও যোগাযোগ অধিদপ্তর সারা দেশের বড় বড় সেতু ঘিরে গড়ে ওঠা ক্ষতিকর ও অবৈধ ব্যবসা চিহ্নিত করবে। কোথায় কোথায় সেতুর কতটা ক্ষতি হয়েছে, সেটাও নিরূপণ করতে হবে। দখলদার উচ্ছেদ ও সেতুর সুরক্ষায় অবহেলা করা যাবে না।