সব সড়কে সমন্বিত গণপরিবহন দরকার

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে ঢাকা শহরে যে যানজটের মাত্রা কম ছিল, এ জন্য ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থার কোনো কৃতিত্ব ছিল না। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, অনেকে ঘর থেকে বের হননি, অফিস চালু থাকলেও সবাই পালা করে অফিস করেছেন। ফেব্রুয়ারির শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় যানজট পুরোনো চেহারায় ফিরে এসেছে। বিশেষ করে মার্চে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পর যানজট ভয়াবহ রূপ নিয়েছে। আগে সকাল ও বিকেলে অফিস খোলা ও বন্ধের সময় বেশি যানজট ছিল। এখন ছুটির দিন ছাড়া সব দিনই নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ থেকে উত্তরণের উপায় কী? ঢাকা শহরের যানজট নিরসনে সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, তা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত। একসময় বলা হলো শহরের কয়েকটি স্থানে উড়ালসড়ক নির্মাণ করলেই যানজট কমবে। কিন্তু উড়ালসড়ক নির্মাণ করার পরও যানজট কমেনি। বরং উড়ালসড়কের কারণে কোথাও কোথাও পরিস্থিতি আরও নাজুক হয়েছে। এরপর বলা হলো মেট্রোরেল চালু হলেই ঢাকায় যানজট থাকবে না। মেট্রোরেলের কাজ চলমান আছে। মেট্রোরেল চালু হলে কি পুরো শহরের যানজট কমবে? যেসব এলাকা মেট্রোরেলের বাইরে থাকবে, সেখানকার পরিস্থিতি কী হবে? মেট্রোরেল থেকে প্রতিটি স্টেশনে যেসব যাত্রী নামবেন, তাঁদের গন্তব্যে পৌঁছানোর কী ব্যবস্থা থাকবে?

উড়ালসড়কের মতো মেট্রোরেলের গতিবিধি একাধিকবার সংশোধন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পনার অভাব ও অদক্ষতাই প্রমাণিত হয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে যে সমন্বিত পরিকল্পনা নেওয়া প্রয়োজন, তার ঘাটতি প্রকট। সমীক্ষামতে, ঢাকা শহরের মোট সড়কের প্রায় ৫০ শতাংশজুড়েই চলাচল করে ব্যক্তিগত গাড়ি, অথচ এগুলো বহন করে মাত্র ১২ শতাংশ যাত্রী। অন্যদিকে ৫০ শতাংশ বড় বাসে প্রায় ৮৮ শতাংশ যাত্রী পরিবহন সম্ভব। তাই ব্যক্তিগত গাড়ির বিকল্প হিসেবে উন্নত মানের সমন্বিত পরিবহন চালু করা প্রয়োজন। চার বছর আগে যদি সাবেক মেয়র আনিসুল হক গুলশান–বনানীতে সমন্বিত বাসসেবা চালু করে করে সফল হতে পারেন, অন্যান্য এলাকায় কেন সেটি চালু করা যাবে না? সম্প্রতি পরীক্ষামূলকভাবে একটি রুটে এ সেবা চালু করা হয়েছে। এর সম্প্রসারণ প্রয়োজন। শহরের ভেতরে দূরপাল্লার বাস টার্মিনালগুলোও যত দ্রুত সম্ভব বাইরে নিয়ে যেতে হবে।

ঢাকায় নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ১৭ লাখ। এর মধ্যে গত ১০ বছরে নিবন্ধন হয়েছে ১১ লাখ। কিন্তু সে তুলনায় সড়ক বাড়েনি; বাড়ানো সম্ভবও নয়। সে ক্ষেত্রে গণপরিবহনসেবা যত উন্নত হবে, মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহারে ততই নিরুৎসাহিত হবেন। সড়কও যানজটমুক্ত হবে। অবৈধ দখল, অবৈধ পার্কিং, রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখা, বাস বা অন্য গণপরিবহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে।

প্রতিটি আধুনিক ও উন্নত শহরে গণপরিবহনই বাসিন্দাদের প্রধান বাহন। ঢাকা শহরে তার উল্টো। এখানে বেশির ভাগ যাত্রী চলাচল করেন রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত বাহনে। অন্যদিকে সড়কে যেসব গণপরিবহন তথা বাস-মিনিবাস চলাচল করে, সেসব সড়কেও সারাক্ষণ যানজট লেগে থাকে। ফলে ৩০ মিনিটের পথ পার হতে কখনো কখনো দুই ঘণ্টাও লেগে যায়। তার ওপর গণপরিবহনগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা থাকায় ঘন ঘন দুর্ঘটনা ঘটে। এ অবস্থা থেকে উত্তরণে অবিলম্বে সব সড়কে সমন্বিত গণপরিবহন চালু করা হোক।