বাংলাদেশের মতো ভারতের ত্রিপুরা রাজ্যের বেশির ভাগ মানুষেরই প্রধান খাবার ডাল, ভাত, সবজি ও মাছ। সে অঞ্চলের মানুষের খাদ্যতালিকায় সবজি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যেকোনো খাবারকে পরিপাকের মাধ্যমে শরীরের উপযোগী করে তোলার জন্য সবজির জুড়ি নেই। সবজি যে কেবল খাবার পরিপাক করতেই সাহায্য করে তা নয়, আমাদের শরীরের জন্য দরকারি অনেক পুষ্টি উপাদানও জোগান দিয়ে থাকে। বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ বিপুল পরিমাণে পাওয়া যায় সবজি থেকে। এ দুটি উপাদানই আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হৃদ্রোগের ঝুঁকি কমায়।
ত্রিপুরার মানুষের পছন্দের খাদ্যতালিকায় সবজি থাকলেও ভারতের যেসব রাজ্যে সবজির ঘাটতি আছে, ত্রিপুরা সেগুলোর অন্যতম। সবজির জন্য তাদের নির্ভর করতে হয় পাশের রাজ্যগুলোর ওপর। আসাম, মিজোরাম কী মেঘালয়ের মানুষও সবজি খায়, তবে তাদের পছন্দের সবজির তালিকা ত্রিপুরার মানুষের পছন্দের সবজির তালিকা থেকে ভিন্ন রকমের। ত্রিপুরার মানুষের পছন্দের সবজির তালিকা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের সবজির তালিকার সঙ্গে যতটা মেলে, অন্য অঞ্চলের সঙ্গে ততটা মেলে না। কিন্তু ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের দূরত্ব ও পরিবহনব্যবস্থা এতটা সময়সাপেক্ষ যে ত্রিপুরাবাসী পশ্চিমবঙ্গের সবজি পেতে পেতে তা পচে নষ্ট হয়ে যায়, পরিবহন খরচও বেশি হয়। তাই ত্রিপুরার মানুষ বাংলাদেশের সবজি চায়।
৪ জুলাই আগরতলায় ত্রিপুরা চেম্বারস অব কমার্সের সভাপতি এম এল দেবনাথ বলেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। যদি বাংলাদেশের সবজি ত্রিপুরার বাজারে আসে, তবে ত্রিপুরা রাজ্যের সবজির সংকট মিটে যাবে। বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর বিষয়টি অনেক দিন থেকেই আগরতলা আর ঢাকার বণিক সমিতির মধ্যে আলোচিত হয়ে আসছে। ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনেক দিন থেকেই বাংলাদেশ থেকে সবজি আমদানির কথা বলছিলেন। শপথ গ্রহণের পরপর প্রথম আলোর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ থেকে আলু আমদানির সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলেছিলেন। চেম্বার সভাপতি এম এল দেবনাথ তাঁর বক্তব্যে সে কথার সূত্র ধরে জানিয়েছেন, বিষয়টি এখন ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতির অপেক্ষায় ঝুলে আছে। তিনি বিষয়টির দ্রুত ফয়সালা দাবি করেছেন।
বাংলাদেশে সবজি উৎপাদন অনেক বেড়েছে। আমরা এখন প্রায় ৫৪ জাতের সবজি নানা দেশে রপ্তানি করছি। শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল মূল আমদানিকারক, কিন্তু এখন বাংলাদেশের সবজি যাচ্ছে দূরপ্রাচ্যের দেশগুলোতেও। তবে এখন পর্যন্ত রপ্তানির পরিমাণ মোট উৎপাদিত সবজির ২ শতাংশের কম। অর্থাৎ আমাদের সবজি রপ্তানি আরও অনেক বাড়ানোর সুযোগ আছে। বিভিন্ন জাতের অনেক সবজির বাম্পার ফলন হলে দাম ভীষণ পড়ে যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হন। রপ্তানি বাড়ালে এ সমস্যা লাঘব হতে পারে।
সারা বিশ্বেই আমাদের সবজি রপ্তানি বাড়ানোর উদ্যোগ জোরালো করা প্রয়োজন। এ ক্ষেত্রে ত্রিপুরা হতে পারে আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বাজার। ত্রিপুরায় রপ্তানির লক্ষ্য মাথায় রেখে ত্রিপুরার লাগোয়া জেলা বৃহত্তর কুমিল্লায় সবজি উৎপাদন ব্যাপকভাবে বাড়ানো যেতে পারে; এ উদ্দেশ্যে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলছে। টানেল পদ্ধতিতে সবজি চাষ সারা বছর সব ধরনের সবজি চাষের দুয়ার খুলে দিয়েছে। রপ্তানির বাজার সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের এসব উদ্ভাবনী উদ্যোগকে আরও বেগবান করবে। ত্রিপুরা বণিক সমিতির আগ্রহকে স্বাগত জানিয়ে বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত।