ডিজিটাল বাংলাদেশে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনাটি রয়ে গেছে একেবারেই সেকেলে ও গোলমেলে। ফলে উৎপাদক ও ভোক্তা উভয়ই দারুণভাবে ক্ষতিগ্রস্ত। আর এই সুযোগে লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার মতো ফাউ কামিয়ে নিচ্ছেন ফড়িয়া, দালাল ও মধ্যস্বত্বভোগীরা।
প্রথম আলোর খবর অনুযায়ী, বগুড়ার হাটে কৃষক এক কেজি মুলা বিক্রি করেন ১ টাকায়, আর ঢাকায় ভোক্তা সেটি কেনেন ২৫ টাকায়। একইভাবে ১০ টাকার আলু ভোক্তাকে ৩০ টাকায়, ৩ টাকার ফুলকপি ৩০ টাকায়, ৮ টাকার বেগুন ৪০ টাকায়, ১৫ টাকার শিম ৩৫ টাকায় কিনতে হয়। উল্টোভাবে দেখলে যে পণ্য ঢাকার ভোক্তা ২৫ টাকায় কেনেন, উৎপাদক তার দাম পান মাত্র ১ টাকা। এটিকে নৈরাজ্য বললেও কম বলা হয়।
সরকারের নীতিনির্ধারকেরা কৃষি ও কৃষকের উন্নতির জন্য কৃতিত্ব দাবি করলেও সবজিসহ কৃষিপণ্যের ন্যায্য দামের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থাই নেননি। পণ্য উৎপাদনের খরচ পরিবহন খরচের কয়েক গুণ বেশি। অথচ উৎপাদকেরাই এখানে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন। বগুড়ার মহাস্থানগড় থেকে ঢাকায় কৃষিপণ্য আনতে যেখানে কেজিপ্রতি দুই টাকা খরচ হয়, সেখানে দাম ১৫ থেকে ২৫ টাকা বাড়ার কোনো যুক্তি নেই। উন্নত দেশগুলোতে উৎপাদকদের স্বার্থরক্ষায় ‘গ্রোয়ার মার্কেট’ বা উৎপাদক বাজার প্রতিষ্ঠা করা হয়, যেখান থেকে তাঁরা সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারেন। বছর দশেক আগে আমাদের দেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শুরুতেই তা হোঁচট খায় সুষ্ঠু পরিকল্পনার অভাবে।
সবজি উৎপাদন করতে কৃষককে সার, বীজ কেনা ছাড়াও মাঠ তৈরি, সেচ ইত্যাদিতে মোটা অঙ্কের অর্থ ঢালতে হয়, শ্রম দিতে হয়। কিন্তু এসব করেও যদি তিনি ন্যূনতম দাম না পান, তাহলে উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবেন। পাইকারেরা দাম বাড়ানোর ব্যাপারে যানজট ও পদে পদে চাঁদাবাজির অজুহাত দেখান।
কৃষকের শ্রম ও কষ্টে উৎপাদিত সবজি বা কৃষিপণ্য নিয়ে এই অব্যবস্থা ও স্বেচ্ছাচারিতা চলতে পারে না। উৎপাদক যাতে তাঁর খরচ পুষিয়ে কিছুটা লাভবান হতে পারেন এবং ভোক্তাকেও অতিরিক্ত দাম দিতে না হয়, সে জন্য সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বন্ধ করতে হবে পরিবহন খাতের চাঁদাবাজিও।
কৃষককে বঞ্চিত রেখে কৃষির উন্নয়ন হতে পারে না।