সবার জন্য সমান সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে কেন আইন অনুযায়ী যথাযথ ভূমিকা পালনে অপারগ থাকছে, সেটা খতিয়ে দেখা দরকার। ভবিষ্যতে সব ধরনের নির্বাচন দলীয় সরকারের অধীনে করতে চাইলে ইসিকে অধিকতর আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই। যেকোনো নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ হলো অংশগ্রহণমূলক একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান। কিন্তু কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন কমিশন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়নি। ৫ জানুয়ারি তারা একটি একতরফা নির্বাচন করেছে। গত বছরের উপজেলা নির্বাচনেও তারা আস্থা ফিরে পাওয়ার সুযোগকে কাজে লাগাতে পারেনি। রাজনৈতিক সংকটের এই সন্ধিক্ষণে যে তিন সিটি করপোরেশনে নির্বাচন হতে যাচ্ছে, তাতেও ইসিকে সন্তোষজনক ভূমিকায় দেখতে না পাওয়া দুর্ভাগ্যজনক।
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে ক্ষমতাসীনদের বেআইনি কর্মকাণ্ড রুখে দিতে ইসির কাছ থেকে যেখানে কঠোর মনোভাব প্রত্যাশিত ছিল, সেখানে তারা ক্রমাগত ভীরুতা ও আপসকামিতার পরিচয় দিচ্ছে। এখন পর্যন্ত সরকার ও দলের মধ্যকার পার্থক্য বজায় রাখার চেষ্টা চোখে পড়ছে না। অথচ আইনগতভাবে এই নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এটা পরিহাস যে এই প্রেক্ষাপটে মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না, এ জন্য কমিশনকে দ্বিধাগ্রস্ততার মধ্যে চিঠি পাঠাতে হচ্ছে। কোনো কমিশনার মুখ ফুটে বলতে পর্যন্ত পারছেন না, মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাতে তাঁদের শপথের ব্যত্যয় ঘটবে। অথচ পূর্বতন ইসি মন্ত্রী ও সাংসদদের বেআইনি কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেও দ্বিধা করেনি।
দায়িত্বশীল ব্যক্তিরা সমষ্টিগতভাবে বেপরোয়া হয়ে উঠলে ইসি একা কীভাবে তা মোকাবিলা করবে, সেটা অবশ্যই এক গুরুতর প্রশ্ন। ইসি মুখপাত্রের সঙ্গে আমরা একমত যে নির্বাচনসংশ্লিষ্ট মহলকেও নিজ নিজ দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে। তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব ইসি কোনোভাবেই উপেক্ষা করতে পারে না। এ ক্ষেত্রে তারা দৃঢ় অবস্থান নিলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাবে।