সবার সেরা ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভাভিত্তিক গণমাধ্যম সংগঠন ‘এনজিও অ্যাডভাইজার’ সেরা ৫০০ উন্নয়ন সংস্থার মধ্যে ব্র্যাককে ২০১৬ সালের শীর্ষ উন্নয়ন সংস্থা হিসেবে ঘোষণা দিয়েছে। আমাদের চারদিক যখন দুঃসংবাদে ভরা, তখন এ রকম একটি খবর দারুণ আশা জাগায়। ব্র্যাকের এ সাফল্যে আমরা গর্বিত।
এর আগে ২০১৩ সালেও ব্র্যাক শীর্ষ উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পায়। তখন র্যাঙ্কিং নির্ধারণের কাজটি করত ‘দ্য গ্লোবাল জার্নাল’। গত বছর ব্র্যাক দ্বিতীয় স্থান অর্জন করে। প্রথম হয় ডক্টরস উইদাউট বর্ডারস। এ বছর ‘এনজিও অ্যাডভাইজার’ এই র্যাঙ্কিং নির্ধারণ করা শুরু করে। এবার ডক্টরস উইদাউট বর্ডারসকে পেছনে ফেলে আবারও এক নম্বর স্থানটি দখল করে নেয় ব্র্যাক। এ জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ স্যার ফজলে হাসান আবেদ ও তাঁর সহকর্মীদের আন্তরিক অভিনন্দন জানাই।
১৯৭২ সালে ফজলে হাসান আবেদ সিলেট জেলার শাল্লা এলাকায় ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পর ভারত থেকে ফিরে আসা উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ব্র্যাক বাংলাদেশের গ্রামাঞ্চলে দারিদ্র্য দূরীকরণ ও দরিদ্র জনগণের ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মনোনিবেশ করে। ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংকও সুনামের সঙ্গে দেশে শিক্ষা ও ব্যাংকিং সেবা দিয়ে আসছে। ব্র্যাক এখন ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, মানবাধিকার, নারী ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে সংস্থাটির কার্যক্রম পরিচালনা করা কিংবা প্রায় ১৪ কোটি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে কৃতিত্বের বিষয়।
ব্র্যাক তার সাফল্যের ধারা অব্যাহত রাখুক; বিশ্বের আরও অনেক দেশে এর কার্যক্রম ছড়িয়ে পড়ুক; আরও অধিকসংখ্যক মানুষ ব্র্যাকের কার্যক্রমের আওতায় আসুক। মানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।