বাজেট অধিবেশনে বিরোধী দলের যোগদান জাতীয় সংসদকে প্রাণবন্ত করেছে সন্দেহ নেই। কিন্তু সেই প্রাণবন্ত অবস্থা কদিন থাকবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনার জন্য বিএনপির একজন সাংসদের জমা দেওয়া মুলতবি প্রস্তাব কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়ার ঘটনা কেবল অস্বাভাবিক নয়, দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরও প্রকাশ। দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রস্তাবটি এই যুক্তিতে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় যে এ ব্যাপারে তারা উদ্যোগী হয়ে আলোচনা করবে না। বিএনপি মনে করে, সরকারি দলের সমর্থন ছাড়া এ ধরনের প্রস্তাব পাস করানো যাবে না। তাদের এই যুক্তি মেনে নিলেও যে কথাটি বলা প্রয়োজন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। সূত্রমতে, বিএনপির নেতারা ভেবেছিলেন, সরকারি দল উল্লিখিত প্রস্তাব নিয়ে আলোচনায়ই রাজি হবে না এবং এর প্রতিবাদে তাঁরা আরেকবার সংসদ বর্জনের অজুহাত পাবেন। সংসদে লাগাতার অনুপস্থিত থেকে বিরোধী দল কী অর্জন করেছে, সেটাই দেশবাসীর প্রশ্ন। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি সংসদে যে প্রস্তাব এনেছিল, সেটি নিয়ে আলোচনা হলে এর পক্ষের যুক্তিগুলো তারা দেশবাসীর কাছে উপস্থাপন করার সুযোগ পেত।অধিবেশনের প্রথম দিন সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে বিএনপির সাংসদেরা এক দফা ওয়াকআউট করেন। তাঁদের এই প্রতিবাদী ভূমিকা অযৌক্তিক নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় এক দিনের জন্যও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা যাবে না। কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা চালালে আইনি পথেই তা মোকাবিলা করতে হবে। কিন্তু এই অজুহাতে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। প্রকাশ্যে সভা-সমাবেশ বন্ধ রাখা হলে গোপন রাজনৈতিক তৎপরতা ও সহিংসতার আশঙ্কা আরও বেশি থাকে। সরকারের উচিত হবে না দেশকে সেই নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া। তবে সভা-সমাবেশ আহ্বানকারী দল ও সংগঠনগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে পালিত হয়।পত্রিকান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে যে আজ ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশের সময় বিরোধী দল সংসদে গরহাজির থাকবে। এটি দায়িত্বশীল বিরোধী দলের কাজ হতে পারে না। জনগণের প্রত্যাশা, বাজেট পেশের সময় তো বটেই, পুরো অধিবেশনে উপস্থিত থেকে তারা বাজেট আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেবে। আর সরকারি দলেরও উচিত হবে না সংসদে অসহিষ্ণু আচরণ করা। সংসদ গালমন্দ করার জায়গা নয়। বিরোধী দল সংখ্যায় যত কমই হোক না কেন, তাদের কথা শোনার মানসিকতা সরকারি দলের থাকতে হবে। সরকারি দলকে বুঝতে হবে, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে, তার প্রধান কারণ নির্বাচনকালীন সরকার নিয়ে অনিশ্চয়তা। সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এ ব্যাপারে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসতে হবে।