সত্তরের দশকে প্রথমবার জার্মানিতে গিয়ে সেখানকার উন্নতি ও সমৃদ্ধি দেখে নিজেকে প্রশ্ন করতাম: সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থা থেকে মাত্র তিন দশকের মধ্যে তা কী করে সম্ভব হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জার্মান জাতির আর অবশিষ্ট কিছু ছিল না। দুনিয়ার অনেক দেশ যুদ্ধে জয়লাভ করেও দাঁড়াতে পারে না। জার্মানি ও জাপান পরাজিত ও পর্যুদস্ত হয়েও অতি দ্রুত উন্নতির শিখরে পৌঁছে যায়। একদিন কথা প্রসঙ্গে বার্লিন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জিগ্যেস করেছিলাম, তাঁদের এই উন্নতির মূল কারণ বা রহস্য কী? অধ্যাপক বললেন, ‘প্রথম কয়েকটি বছর আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। নেতা ও জনগণের ত্যাগ তো আছেই, তবে কান্টের ভূমিকাও খুব বড়।’ কান্টের ভূমিকা বড়—এ কথা শুনে কান খাড়া করলাম। বললাম, কোন কান্ট? কোনো রাজনৈতিক নেতা, নাকি দার্শনিক ইমানুয়েল কান্ট? তিনি তো মারা গেছেন হিটলার যেদিন আত্মহত্যা করেন তার ১৪০ বছর আগে। মৃত ব্যক্তি আপনাদের সমাজ ও রাজনীতিতে কী করে ভূমিকা রাখলেন? তিনি বললেন, ‘কান্টের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা বিধ্বস্ত জার্মান জাতির রাজনৈতিক-সামাজিক পুনর্গঠনে ছিল প্রধান প্রেরণা। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের “বেসিক ল” (জার্মান সংবিধান) যে ভূমিকা পালন করে, কান্টের পিওর রিজন, প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অব জাজমেন্ট প্রভৃতি তার চেয়ে কম কাজ করে না।’জার্মান প্রফেসরের কথাটি আমি অনেকবার ভেবে দেখেছি। তাঁর বক্তব্যের যথার্থতা সম্পর্কে আমার আর সংশয় নেই। তবে এ কথা উপলব্ধি করেছি যে কান্ট যা লিখে গেছেন, সেটাই বড় ব্যাপার নয়; তাঁর জাতি তাঁকে কতটা অনুশীলন করে সেটাই বড়। পৃথিবীতে বহু জাতি আছে যারা তাদের মহান শিক্ষকদের কোনো হিতোপদেশই অনুশীলন করার প্রয়োজন মনে করে না। বাঙালিও একটি জাতি। তারাও রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করেছে একটি রাষ্ট্র। তারাই বা কার কথা শোনে? কান্টের মতো নিরেট যুক্তিবাদী না থাকুন, মানবতাবাদী তো আছেন বাঙালি জাতির মধ্যে অনেকে। বাঙালির তো আছেন শ্রীচৈতন্য থেকে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। রামমোহন থেকে রামকৃষ্ণ পরমহংস। আছেন লালন শাহ থেকে বেগম রোকেয়া। রাষ্ট্রনেতারা কি পাঠ করেছেন তাঁদের রচনা? তাঁদের চিন্তাচেতনা কি রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রয়োগের লেশমাত্র চেষ্টা করেছেন শাসকদের কেউ? শাসকেরা না করুন, সচেতন নাগরিকদের মধ্যেই কি সে উদ্যোগ দেখা গেছে? ভেবে দেখেছি, জার্মানদের না হয় আছেন একজন কান্ট, আছে তাদের যুক্তিবাদী দর্শন, কিন্তু জাপান ও ভিয়েতনামের কী আছে? এই দুই দেশও তো ছিল যুদ্ধবিধ্বস্ত। তারা কী করে উঠে দাঁড়াল। শুধু দাঁড়াল না, যুদ্ধপূর্ব সময়ে যেমন ছিল, তার চেয়ে বহুগুণ বেশি অগ্রগতি অর্জন করল ৪২ বছরের চেয়ে অনেক কম সময়ে। কয়েক বছর আগে চট্টগ্রামের গুপ্তখালে এক জাপানি প্রকৌশলীর সঙ্গে আলাপ হচ্ছিল। একটি প্রকল্পে এখানে তিনি কাজ করেন বাঙালি সহকর্মীদের সঙ্গে। তিনি অতি বিনয়ের সঙ্গে বলছিলেন: আপনাদের দেশে প্রত্যেকেই দেখি সবকিছু জানে। সবাই সব ব্যাপারে অনেক বেশি জানে। বলে তিনি তাঁর দুই বাহু প্রসারিত করলেন। বোঝালেন, বাংলাদেশের সবাই এত্ত জানে। আমি তাঁকে পাল্টা জিগ্যেস করলাম: আপনাদের দেশের মানুষেরা কিছু জানে না? তিনি বললেন: যার যে ব্যাপারে যেটুকু জানা দরকার, শুধু সেটুকুই জানে, তার বেশি জানার আগ্রহ নেই কারও। জাপানিরা যে কম জানে, তার পরিমাণ বোঝাতে তিনি তাঁর হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী ফাঁক করে দেখালেন। তার সঙ্গে যা যোগ করলেন তা হলো এই: তবে যেটুকু জানে, তা একেবারে তল পর্যন্ত জানার চেষ্টা করে। আমি জাপানি প্রকৌশলীকে বললাম: কম জানা যদি আপনাদের এতটা উন্নতির রহস্য হয়ে থাকে, তাহলে সব ব্যাপারে অনেক বেশি জানার ফলে আমাদের তো জাপানের পঞ্চাশ গুণ বেশি উন্নতি হওয়ার কথা। তা তো হয়নি। পরে অন্য এক জ্ঞানী লোকের সঙ্গে কথা বলে জেনেছি, জাপানিদের কান্টের মতো দার্শনিকের প্রয়োজন হয়নি। বিশ্লেষণী দর্শন নিয়ে, যুক্তিবাদ নিয়ে তাদের বেশি কসরত করে সময়ক্ষেপণের দরকার পড়েনি। তারা সোজা পথে চলেছে। যা যখন কল্যাণকর ও উপযোগী, তাই তারা গ্রহণ করেছে। তাদের পূর্বপুরুষদের থেকে তারা যে শিক্ষা বংশানুক্রমে পেয়েছে তা হলো: বিনয়, সদাচরণ, কম কথা, কর্তব্যপরায়ণতা ও নিষ্ঠা। তারা অপছন্দ করে আলস্য, বাচালতা ও কর্তব্যে অবহেলা। অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামানো তারা খুবই অপছন্দ করে।জার্মানি, জাপান ও ভিয়েতনামকে আমেরিকা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। যুদ্ধের পর এই তিন দেশের নেতারাই আমেরিকাকে উন্নয়ন-সহযোগী করেন। বিবাদ মিটিয়ে শত্রুকে উন্নয়ন-সহযোগী করা আর শত্রুর কাছে নতি স্বীকার করা এক জিনিস নয়। ভিয়েতনাম ৩০ বছর যুদ্ধ করেছে আমেরিকার বর্বরতার বিরুদ্ধে, সেই যুক্তরাষ্ট্র যুদ্ধের পর থেকেই সে দেশে চুটিয়ে ব্যবসা-বাণিজ্য করছে। জাপানিদের মতোই ভিয়েতনামিরাও স্বল্পভাষী, কর্তব্যপরায়ণ ও কঠোর পরিশ্রমী।একটি গণতান্ত্রিক দেশের উন্নতি-অবনতির জন্য শুধু সেই দেশের সরকারকে দায়ী করা যায় না। বিরোধী দলকে তো নয়ই। ব্যবস্থাপক হিসেবে সরকারের ভূমিকাটা মুখ্য। সরকার একটি দেশের মাত্র এক-দশমাংশ। ৯০ ভাগই সরকারের বাইরে নাগরিক সমাজ। নাগরিকদের সচেতন অংশ গঠিত হয় মধ্যশ্রেণী নিয়ে। তাদের ওপরই দেশের কল্যাণ-অকল্যাণ নির্ভর করে। সচেতন মধ্যশ্রেণী চিন্তাভাবনা করে দেশ ও সমাজ নিয়ে, শ্রমজীবী শ্রেণী সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করে তাদের শ্রম দিয়ে। মধ্যশ্রেণীর চিন্তা ও দিকনির্দেশনা এবং সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ যদি দূরদর্শী ও বাস্তবসম্মত না হয়, তাহলে শুধু শ্রমজীবীদের পরিশ্রম বিফলে যায়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পঞ্চাশ ও ষাটের দশকের মধ্যশ্রেণীর একটি অংশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধে শ্রমজীবী কৃষক-শ্রমিকের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ও নিঃস্বার্থ। সব দেশের সব কালের মধ্যশ্রেণীর চরিত্র ও ভূমিকা এক রকম নয়। আঠারো-উনিশ শতকের ইংরেজ, ফরাসি ও জার্মান মধ্যশ্রেণীর ভূমিকা অথবা উনিশ ও কুড়ি শতকের প্রথমার্ধের বাঙালি হিন্দু মধ্যশ্রেণীর চরিত্র ও ভূমিকা ছিল এক রকম। সামন্তযুগের মধ্যশ্রেণী আর অনুন্নত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যশ্রেণীর চরিত্রে ব্যবধান আকাশ-পাতাল। প্রথমটি সুশিক্ষিত, মার্জিত ও তুলনামূলকভাবে দুর্নীতিমুক্ত। দ্বিতীয়টির আধুনিক শিক্ষা যদি-বা থাকে, অমার্জিত ও অসৎ। তা ছাড়া সামন্ত সমাজের মধ্যশ্রেণীর সচেতন অংশের একটি প্রতিবাদী চরিত্র থাকে, নষ্ট গণতন্ত্রে মধ্যশ্রেণী প্রতিবাদী হওয়ার ভান করে, কিন্তু সহযোগিতা করে সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজে। জাতির দীর্ঘস্থায়ী কল্যাণ হবে এমন এজেন্ডা বাস্তবায়নে সহায়তা দেওয়াই উচিত। কিন্তু গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ক্যাডারের কাজ করা সচেতন মধ্যশ্রেণীর মূল বৈশিষ্ট্য হওয়া উচিত নয়।ভূমি থেকে নয়, দুর্নীতির ভেতর দিয়ে একটি লুটপাটের অর্থনীতির কারণে অতি দ্রুত বাংলাদেশের একটি বড় আকারের নতুন মধ্যশ্রেণী তৈরি হয়েছে। সেই মধ্যশ্রেণীর তরুণদের সংখ্যা প্রায় দুই কোটি। এই দুই কোটি নানা মতাদর্শের সমর্থক। একটি অগ্রসর ক্ষুদ্র অংশ বাম প্রগতিশীল গণতান্ত্রিক আদর্শের সমর্থক। কিন্তু বিপুল অধিকাংশ ধর্মীয় মৌলবাদী ও ধর্মনিরপেক্ষ সুবিধাবাদী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। ইংরেজ আমলে হিন্দু সমাজে যে মধ্যশ্রেণীর উদ্ভব হয়, তা ছিল শিক্ষা ও সাংস্কৃতিক দিক থেকে অগ্রসর, মার্জিত ও সংস্কৃতিমান। শরিক মুসলমানদের ছোট আকারের মধ্যশ্রেণীটি ছিল মার্জিত ও সৎ। পাকিস্তান-পর্বে গড়ে ওঠা মধ্যশ্রেণীটির মানসম্মত শিক্ষা ছিল এবং ছিল একটি নৈতিক মান। তাদের কেউ কেউ ঘুষ-দুর্নীতি করে পয়সা করেছে, তবে তার একটি সীমা ছিল। তাদের মধ্যে ইসলামি মূল্যবোধ ও সমন্বিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার একটি সুন্দর সমন্বয় ছিল। আজকের মধ্যশ্রেণী—স্বাধীনতা-পরবর্তী মধ্যশ্রেণী সামরিক স্বৈরশাসন ও অসামরিক স্বৈরশাসনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি বিশেষ জনগোষ্ঠী। কোনো উন্নত সংস্কৃতির মানুষ তারা নয়। যদিও রবীন্দ্রসংগীত শুনলে চোখে আবেশ আনেন এবং আঙুলে তাল ঠোকেন। বর্তমান মধ্যশ্রেণী একটি দালাল-মুৎসুদ্দি শ্রেণী—comprador class— যেকোনো দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তারা ক্যাডারদের ভূমিকা পালন করে। এই শ্রেণীটি স্বাধীন নয়—আশ্রিত। প্রভু তাদের একাধিক। তাদের কোনো উঁচু আদর্শ নেই। যখন যেদিকে সুবিধা, তখন সেদিকে পাগলের মতো ছুটতে থাকে। অভিধান থেকে অনেক শব্দ কিছুকাল পর পর বাতিল হয়ে যায়। কিন্তু বাংলা ভাষার অভিধানে ‘সুবিধাবাদী’ শব্দটি চিরস্থায়িত্ব পেয়ে গেছে। টিভির পর্দায় এমন মানুষকে হাত নাড়তে দেখা যায়, যিনি পঞ্চাশের শুরুতে নূরুল আমিনের সরকার থেকে সুবিধা নেওয়া শুরু করেছেন, অবিচলভাবে সুবিধা নিতে নিতে আজও তিনি ‘সর্বজনশ্রদ্ধেয়’ হয়ে রয়েছেন। শুধু সুরটা বদলেছেন, স্বভাবটা রয়েছে যথাপূর্ব। সুবিধাবাদী মানুষ যত বিদ্বানই হোন, তাঁর থেকে সমাজ, রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্ম কিছু পায় না। যা পাওয়ার, তা পায় শুধু তাঁর পরিবার।চিন্তা জিনিসটি জোট বেঁধে বা দল বেঁধে করা যায় না। ওটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। সবাই সলাপরামর্শ করে যখন জোট বেঁধে একই কথা বলেন, তখন বোঝা যায় কেউই স্বাধীনভাবে চিন্তা করছেন না, কারও শিখিয়ে দেওয়া কথা আওড়াচ্ছেন। কেউ তাঁদের একই চিন্তা করতে অথবা একই তত্ত্ব মানতে বাধ্য করছেন। অনেক উদাহরণ দেওয়া সম্ভব, তার মধ্যে একটি দেওয়া যায়। নাগরিক সমাজ থেকে বলাবলি হচ্ছে, ‘দুই নেত্রী একসঙ্গে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ প্রবীণ আইনজীবী রফিক-উল হক তত্ত্বটি প্রচার করেন এবং উদ্যোগ নেওয়ার কথাও বলেন। সর্বশেষ সেদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান করজোড়ে মিনতি করেছেন, ‘অন্তত একটিবার দুজন বসুন।’ এই আকুল আবেদনের আমি অর্থ বুঝিনি। শুধু তিনি নন, টক শোতেও বলা হচ্ছে। যেসব সংগঠন সুশাসন ও গণতন্ত্র নিয়ে কাজ করে যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রভৃতির নেতারাও বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন প্রায় অভিন্ন ভাষায়। সম্পাদকীয়-উপসম্পাদকীয় লেখা হচ্ছে। হাহাকার চারদিকে। হওয়াই স্বাভাবিক, কারণ এই সংসদের মেয়াদ আর মাত্র কয়েক মাস।চল্লিশের দশকে কংগ্রেস ও মুসলিম লীগের সংঘাতময় রাজনীতি যখন জটিল পর্যায়ে, তখন দাবি উঠল গান্ধী-জিন্নাহ একত্রে বসলেই সমস্যার সমাধান হবে। তাঁরা বসলেন। তাঁরা ছিলেন উন্নত সংস্কৃতির মানুষ। সৌজন্যবোধের ঘাটতি ছিল না। বৈঠকে কথা প্রসঙ্গে জিন্নাহ বললেন, তিনি হাঁটুতে চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে গান্ধীজি চেয়ার থেকে উঠে জিন্নাহর পায়ের কাছে বসলেন। চোট পাওয়া জায়গাটিতে হাত বুলিয়ে কিছু ওষুধ বাতলে দিলেন। কিন্তু তাঁদের রাজনৈতিক সংলাপ সফল হলো না। সবার পীড়াপীড়িতে এখনো যদি দুই নেত্রী কিছুক্ষণের জন্য বসেন, তাহলেই যে তাঁরা মতৈক্যে পৌঁছবেন, তার নিশ্চয়তা নেই। একজন যদি বলেন, তাঁর পছন্দ ওস্তাদ বড়ে গোলাম আলী, আরেকজন বললেন তাঁর প্রিয় সালামত আলী-নাজাকত আলী। একজন যদি বলেন যে কণিকা বন্দ্যোপাধ্যায়কে তাঁর ভালো লাগে, অন্যজন বললেন, তাঁর পছন্দ কাওয়ালি। গণতন্ত্রের কথা যদি বলি, তাহলে দলই বড়—ব্যক্তি নন। দুই দলের অন্য নেতারা কী করছেন? তাঁরা তো দলীয় প্রধানের বেতনভুক কর্মচারী নন। যদি তাঁরা মনে করেন যে সংকট সমাধানে দুই নেত্রী বাধা, তাঁরা কেন সে কথা বলছেন না। জনপ্রিয় দুই নেত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাঁরা কেন নিরাপদ দূরত্বে বসে গোলটেবিলে বক্তব্য দিয়ে দিব্যি সুখে আছেন? সংকট সমাধানে তাঁদের দায় নেই? সরকার গঠিত হলে সুবিধা নেবেন, দায়িত্ব নেবেন না? যেখানে বহুদলীয় গণতন্ত্র থাকে, সেখানে ভিন্নমত প্রকাশ অপরিহার্য। প্রয়োজনে ভিন্নমত পোষণ করে দল থেকে বেরিয়ে যাওয়ারও সুযোগ থাকে। জনগণের স্বার্থে নতুন দল গঠন আর দল ভাঙা এক কথা নয়। কংগ্রেস ও কমিউনিস্ট পাটি থেকে বেরিয়ে গিয়ে নেতারা ভারতে গঠন করেছেন অনেক দল: ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, বিজু জনতা দল, জনতা দল সমতা, জনতা দল ইউনাইটেড; অন্যদিকে সিপিএম (এমএল), সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, রেভল্যুশনারি সোস্যালিস্ট পার্টি, তামিল মানিলা কংগ্রেস প্রভৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেন তৃণমূল কংগ্রেস। এসবই প্রাণবন্ত গণতন্ত্রের বৈশিষ্ট্য—সামন্তবাদী গণতন্ত্র নয়।বিপ্লবী রাজনীতির বৈশিষ্ট্য হলো অস্ত্র ও অনড়ত্ব। গণতান্ত্রিক রাজনীতির চরিত্রই হলো আলাপ-আলোচনা, সংলাপ, কখনো কখনো আপসরফা। সংসার চলছে আপসে। দম্পতিদের মধ্যে আপস চলছে আদম-হাওয়ার সময় থেকে। বাবা-মা করেন সন্তানের সঙ্গে আপস। ছাত্র করেন শিক্ষকের সঙ্গে, শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে। শ্বশুর-শাশুড়ি করেন অকম্মা ঘরজামাইয়ের সঙ্গে। তিরিক্ষে মেজাজের বাপকেও আপস করতে হয় মেয়ের বেকার বয়ফ্রেন্ডের সঙ্গে। কলাম লেখকদের আপস করতে হয় সম্পাদকদের সঙ্গে। সুতরাং রাজনীতিতে অনমনীয় প্রতিপক্ষের সঙ্গেও আপস হবে না—তা বিশ্বাসযোগ্য নয়। বর্তমান রাজনৈতিক দায়দায়িত্ব শুধু দুই নেত্রীর কাঁধে চাপানো অবিচার হবে। দুই পক্ষের সব নেতাকেই দায়িত্ব নিতে হবে স্বাধীন মানষের মতো। বারবার বাংলাদেশের রাজনীতিতে সংকট ও অচলাবস্থা দেখা দিয়েছে। রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ার জো হয়েছে। মধ্যবিত্ত নাগরিক শ্রেণীর একটি সচেতন অংশ এবং এলিট শ্রেণীর একটি অংশ সমস্যা উত্তরণে ভূমিকা রেখেছে। দেশে ফিরে এসেছে নৈরাজ্যের পর স্থিতিশীলতা। এবারও আশা করব, সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী-শিল্পপতি, পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগ ও শুভবুদ্ধিরই জয় হবে। জাতি মুক্তি পাবে অকল্যাণ থেকে।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।