সমন্বিত ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থসামাজিক অবস্থা, শিক্ষার্থীদের আর্থিক সংগতি এবং যোগাযোগব্যবস্থার ভঙ্গুরতার কথা মনে রাখলে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন বা সমন্বিত ভর্তি পরীক্ষাই যৌক্তিক। শিক্ষাবিদ ও শিক্ষা নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা দীর্ঘদিন এর পক্ষে জোরালো যুক্তি দিয়ে এলেও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০২০-২১ সাল থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। গত বৃহস্পতিবার তারা আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।

ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী, সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক, ব্যবসায়, বিজ্ঞান ইত্যাদি শাখার বিষয়গুলোর জন্য আলাদা পরীক্ষা হবে। সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে দুই থেকে তিন দিনে এই পরীক্ষা হবে। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র ঠিক হবে। তবে কোনো কেন্দ্রে (বিশ্ববিদ্যালয়) ধারণক্ষমতার চেয়ে বেশি পছন্দ এলে তখন মেধার ভিত্তিতে (এসএসসি ও এইচএসসির ফল) কেন্দ্র ঠিক করা হবে।

বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন সময়ে তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। গত বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি। কোনো কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ‘শ্রেষ্ঠত্ব’ ধরে রাখতে অন্যদের সঙ্গে সমন্বিত ভর্তি পরীক্ষার বিরোধিতা করেছে। এরপরও গত বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করেছে, যা অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।

প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীকে যে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ছোটাছুটি করতে হয়, সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি কার্যকর হলে সেটি আর তাঁদের করতে হবে না। তাঁরা মানসিক ও শারীরিক ধকল থেকে যেমন রেহাই পাবেন, তেমনি তাঁদের আর্থিক সাশ্রয়ও হবে। তবে ইউজিসির এই সিদ্ধান্ত সব বিশ্ববিদ্যালয় মানবে কি না, সে বিষয়ে ইউজিসি নিশ্চিত নয়। বিশেষ করে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইনে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয় (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ বিষয়ে এখনো ইউজিসিকে কথা দেয়নি। ইউজিসির চেয়ারম্যান বলেছেন, তারা রাজি হলে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। আর রাজি না হলে ওই পাঁচ বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়েই সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

আমরা মনে করি, সবগুলো বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি পরীক্ষার আওতায় না আনতে পারলে যে সুফলের আশায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে, তার অনেকটাই ব্যাহত হবে। এই উদ্যোগে কোনো বিশ্ববিদ্যালয়ের শামিল না হওয়ার পেছনে যে কারণ স্পষ্টতই কাজ করবে, তা হচ্ছে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করা। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্য বজায় রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে শিক্ষার যথাযথ মান ধরে রাখা। কোনো আন্তর্জাতিক সূচকে যখন বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও জায়গা পায় না, তখন স্বাতন্ত্র্যবোধ নিয়ে উন্নাসিকতার কোনো সুযোগ আছে বলে মনে হয় না।

তবে সমন্বিত ভর্তি পরীক্ষার বিরোধিতা বা এত দিনেও তা চালু করতে না পারার পেছনে যে বিবেচনা বোধ কার্যত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা হলো বাড়তি আয়। বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর ভর্তি পরীক্ষার নামে কোটি কোটি টাকা আয় করে থাকে, যার ভাগ সবাই পান। শুধু এই বাড়তি আয়ের জন্য হাজার হাজার শিক্ষার্থীকে অবর্ণনীয় দুর্ভোগের ভেতর ঠেলে দেওয়া যায় না।

আমরা দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি কার্যক্রম দেখতে চাই।