ঋণ করে ৮৬ কোটি টাকায় আমদানি করা রেল ওয়াগন চট্টগ্রামেই পড়ে আছে সাত মাস ধরে। সরকারের তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতায় বিপুল আর্থিক লোকসান হচ্ছে, গতি আসছে না জ্বালানি পরিবহনে, হারাতে বসেছে ওয়াগনগুলোর বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। ক্রয়ে যত উৎসাহ কর্মকর্তাদের, বাস্তবায়নে ততটাই গাফিলতি! অচলাবস্থা কাটানোয় সিদ্ধান্তসূচক নির্দেশনা দেওয়ার জন্য কি কেউ নেই? যাদের কারণে এই বিলম্ব ও অপচয়, তাদের জবাবদিহিও কি জরুরি নয়?
ঋণের টাকায় কেনা ওয়াগন ইয়ার্ডে পড়ে আছেবিমানের জ্বালানি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা ও সিলেটে পরিবহনের জন্য ভারত থেকে কেনা হয় ৮১টি ওয়াগন। তেল জোগাবে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। ঋণ ও ক্রয় হয় ভারত থেকে। কিন্তু গোল বেধেছে তেল খালাসের স্থাপনা নির্মাণের জমি নিয়ে। বিবাদে লিপ্ত রেল ও বিমান কর্তৃপক্ষ; পদ্মা অয়েল চিন্তিত সিলেটে তেলের বাজার নিয়ে। এই করে করে চলে গেছে ছয়টি মাস। সময়মতো বাস্তবায়িত হলে রাজস্ব আয় হতো ঋণের পরিমাণের এক–চতুর্থাংশ অর্থাৎ প্রায় ২০ কোটি টাকা। অথচ আমদানি করা ভারতীয় ওয়াগনগুলো কাজের উপযুক্ত আছে কি না, সেটাই যাচাই করা যায়নি। এরই মধ্যে ওয়াগনগুলোর নিশ্চয়তার (ওয়ারেন্টি) মেয়াদও শেষ হওয়ার মুখে। এরপর কোনো ত্রুটির দায় সরবরাহকারী ঠিকাদার কোম্পানি নেবে না।
সমন্বয়হীনতা যেন বাংলাদেশের সরকারি প্রকল্পগুলোর অনিবার্য বৈশিষ্ট্য। রাষ্ট্রীয় কাজে সমন্বয়হীনতার কারণে দীর্ঘসূত্রতা ও অপচয় হয়ে চলে; অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় না, জবাবদিহি বা শাস্তির ব্যবস্থাও অতি বিরল। রাষ্ট্রীয় ঋণে কেনা সম্পদের এমন অপচয় সহ্য করা যায় না। অতি দ্রুত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হোক। গাফিলতি চিহ্নিত করে দায়ীদের জবাবদিহি করা হোক।