সমবায় সমিতির নামে গণপ্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সমবায় অধিদপ্তর ২০০৮ সাল থেকে এ পর্যন্ত উধাও হয়ে যাওয়া প্রতারক সমিতিগুলোর ওপর একটি প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু তাদের গণপ্রতারণা ঠেকানোর দায়িত্ব পালন করেনি। দেশের আইন অনুযায়ী ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করার অধিকার রাখে না। আর সমবায় অধিদপ্তরে নিবন্ধিত সমবায় সমিতিগুলোর যা করার অধিকার আছে তা হলো, নিজ নিজ সদস্যদের অর্থ জমা রাখা। কিন্তু নামসর্বস্ব ওই সমবায় সমিতিগুলো তাদের সদস্যনির্বিশেষে সাধারণ মানুষকে উচ্চ হারে মুনাফা প্রদানের লোভ দেখিয়ে বিপুল অঙ্কের আমানত সংগ্রহ করে একটা সময় পালিয়ে যায়। তখন প্রতারিত মানুষগুলোর হায় হায় করা ছাড়া আর কিছুই করার থাকে না।

এই গণপ্রতারণার চর্চা চলে আসছে বহু বছর ধরে। এর আগে আইসিটিএল ও যুবক নামের দুটি সমিতি হাজার হাজার মানুষকে প্রতারিত করেছে, সরকার প্রতারিত মানুষগুলোর টাকা ফেরত পাওয়ার ব্যাপারে কিছুই করতে পারেনি। সমবায় সমিতিগুলোর কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি করা এবং নিরীক্ষা পরিচালনা করা অধিদপ্তরের অবশ্যপালনীয় দায়িত্ব।

প্রশ্ন হচ্ছে সমবায় অধিদপ্তর নিবন্ধিত সমিতিগুলোর ওপর নিয়মিত নজরদারি করছে কি না। সেটা করা হলে বার্ষিক নিরীক্ষিত হিসাব বিবরণীতে তা ধরা পড়ার কথা। তা ছাড়া সমিতিগুলো নিয়মিত পরিদর্শন হয় কি না, সেটাও সন্দেহ। তেমনটি করা হলে সম্পদ আত্মসাৎ পরিদর্শকদের চোখে ধরা পড়ার কথা। এ দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে বছরের পর বছর ধরে একইভাবে জনগণের টাকা নিয়ে ভেগে যাওয়া কোনো সমিতির পক্ষে সম্ভব ছিল না। আর শুধু দায়িত্বে অবহেলা নয়, সমবায় অধিদপ্তরের একাংশের যোগসাজশের অভিযোগও উড়িয়ে দেওয়া যায় না। এ ব্যাপারে সমবায় অধিদপ্তরের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তারা উচ্চ মুনাফার প্রলোভন ত্যাগ করলে হায় হায় কোম্পানিগুলোর গণপ্রতারণার সব কলাকৌশল ব্যর্থ হবে।