সাভারে রানা প্লাজা ধসে বহু শ্রমিকের হতাহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে, তা আমাদের তৈরি পোশাকশিল্পের জন্য ক্ষতি ডেকে আনতে পারে। আবার একই সঙ্গে এই মুহূর্তের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা এ শিল্পের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নিয়ে এর উন্নতি সাধন করতে পারি।জাতিসংঘের মহাসচিব বান কি মুন সাভারে ভবনধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছেন, এ দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের অবস্থা ‘ক্রীতদাসের’ মতো। আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে কড়া সমালোচনাপূর্ণ লেখা। বাংলাদেশের তৈরি পোশাকের ৬০ শতাংশের শুল্কমুক্ত ও কোটামুক্ত রপ্তানিবাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে দিয়ে বলেছে, এ দেশের পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা-পরিস্থিতির উন্নতি করা না হলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বাণিজ্যগত পদক্ষেপ নেবে।শুধু বিদেশিদের সমালোচনা অথবা বাজার হারানোর ঝুঁকির ভয়ে নয়, আমাদের শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এই রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা। কারণ, শ্রমিকদের এই অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। পোশাক কারখানাগুলোর কাজের পরিবেশ নিরাপদ ও মানবিক করার জন্য বিদেশি ক্রেতাদের চাপ রয়েছে, যদিও তা খুব ফলপ্রসূ বলে মনে হচ্ছে না। কিন্তু আমরা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তাসহ মৌলিক মানবিক অধিকারগুলোকে পোশাকশিল্পের মালিক ও ক্রেতাদের মধ্যকার দর-কষাকষির বিষয় হিসেবে দেখতে রাজি নই। এসব সরকারকেই নিশ্চিত করতে হবে।বৃহস্পতিবার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ‘বিশ্বের যেকোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। আগে থেকে কিছু বলা যায় না।’ কিন্তু রানা প্লাজা নামের ভবনটির ফাটল তো আগেই ধরা পড়েছিল। ভবনটি ধসে পড়তে পারে—এটা জানার পরেও শ্রমিকদের ডেকে এনে কাজে লাগানো হয়েছিল।বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানি যে বেশ ঘন ঘন ঘটছে—এই গুরুতর বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর পেছনে যেসব কারণ রয়েছে, তার মধ্যে কারখানার মালিকদের গাফিলতিই প্রধান। সরকারের দায়িত্ব এই গাফিলতি দূর করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করা। আইনের যথাযথ প্রয়োগ হলে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা-পরিস্থিতির অনেক উন্নতি হতে পারত। যখন দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানি ঘটে, কেবল তখনই সরকারের টনক নড়ে। কিন্তু প্রতিকারের টেকসই উদ্যোগ নেই। কদিন পরেই সবাই সবকিছু ভুলে যায়।আরও গুরুতর বিষয় হলো, আমাদের তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের সস্তায় পোশাক কেনার প্রবণতা। সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যথার্থভাবেই বিষয়টি তুলে ধরেছেন। ইউরোপ-আমেরিকার ক্রেতাদের বোঝা উচিত, তাঁরা অতি সস্তায় পোশাক পেতে চাইলে এ দেশের মালিকেরা শ্রমিকদের শ্রমও কিনতে চাইবেন আরও সস্তায়। শ্রমিকদের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি বাড়তে পারে তাদের তৈরি পোশাক আরও খানিকটা বেশি দামে বিক্রি হলে।