সম্প্রতি রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ নিয়ে তুলকালাম কাণ্ড আমরা দেখেছি। সে ঘটনায় সরকারের সিদ্ধান্তে সারা দেশের খেলার মাঠ রক্ষায় গুরুত্ব তৈরি হয়। কিন্তু বিষয়টি প্রশাসনিকভাবে যতটা মনোযোগ পাওয়ার কথা, ততটা পায়নি। যার কারণে প্রায়ই আমরা মাঠ দখলের খবর দেখতে পাই। মাঠ রক্ষার জন্য নানা জায়গায় মানববন্ধনও হয়ে থাকে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল এলাকাতেও তেমনটি আমরা দেখতে পাচ্ছি। গত মঙ্গলবার সেখানকার বাসিন্দারা শত বছরের পুরোনো একটি খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সেখানে মাঠ দখলের পেছনে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় প্রশাসনকে। প্রশাসনের সঙ্গে আছেন পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারাও। ফলে এলাকাটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, সরকারি জায়গায় অবস্থিত শত বছরের পুরোনো খেলার মাঠটি। সম্প্রতি স্থানীয় প্রশাসন মাঠের দুই পাশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২৩টি ঘর নির্মাণ করছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা সেই কাজে বাধা দিয়ে মাঠের পাশে কিছুটা নিচু জমিতে ঘর নির্মাণের দাবি জানান। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়। এলাকাবাসীর মামলায় আসামি করা হয় জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনারকে (ভূমি)। আদালত ইউএনওকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। অন্যদিকে প্রশাসনের মামলায় পুলিশ সেখানকার সাবেক দুই ইউপি চেয়ারম্যান ও সদস্যকে গ্রেপ্তার করে, পরে তাঁরা জামিন পান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চার হাজারের বেশি ভোটারের গ্রামটিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। আশপাশের এলাকার ছেলেমেয়েরা মাঠটিতে খেলাধুলা করে। শত বছরের ঐতিহ্যবাহী এ মাঠ রক্ষায় শুরু থেকেই দাবি জানানো হলেও প্রশাসন কর্ণপাত করছে না। এদিকে জেলা প্রশাসক জানাচ্ছেন, ঘর নির্মাণের পরও মাঠে প্রায় দেড় একর জায়গা থাকবে, মাঠের কোনো ক্ষতি হচ্ছে না। অভ্যন্তরীণ কোন্দল ও স্থানীয় রাজনীতির কারণে কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছেন এবং তাঁরা সাধারণ মানুষ ও কিশোরদের উসকে দিচ্ছেন। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে মাঠে মাটি ভরাট, বেড়া দেওয়াসহ নতুন রাস্তাও করা হচ্ছে। আমরা তাঁর কথায় আশ্বাস রাখতে চাই। খেলার মাঠের কোনো ক্ষতি হোক, সেটি কোনোভাবে কাম্য নয়। কিন্তু এ নিয়ে সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটি নিরসনেও প্রশাসনকে উদ্যোগী হতে হবে। আশা করি এ ব্যাপারে প্রশাসন আন্তরিক হবে।