একটি উদ্যোগ ও পরিকল্পনা নেওয়ার ১৪ বছর পরও তা কার্যকরভাবে চালু করতে না পারার বিষয়টি চরম হতাশার। ঢাকা নগরের চারপাশে বৃত্তাকার নৌপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ পর্যন্ত চালু হয়েছে চারবার, কিন্তু এই নৌপথ কোনো কাজে দিচ্ছে না, যাত্রীও পাওয়া যাচ্ছে না। অথচ নৌপথ সংস্কার, নৌযান কেনা ও উদ্বোধনের কাজে খরচের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। যানজট সমস্যায় জর্জরিত একটি শহরে এ ধরনের নৌপথে কেন যাত্রী পাওয়া যাচ্ছে না, তা সত্যিই এক বড় প্রশ্ন।
ঢাকার বিদ্যমান ট্রাফিক-ব্যবস্থা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাতে বিকল্প নানা ব্যবস্থা ও উদ্যোগ খুঁজে বের করা ও তা কাজে লাগানো খুবই জরুরি। ঢাকার চারদিক ঘিরে নদীর অবস্থান শহরটিকে অনন্য করে তুলেছে। এই সুযোগ জন ও পণ্য পরিবহনের ক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ ও সিদ্ধান্ত তাই খুবই বাস্তবসম্মত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স প্রকাশিত এক জার্নালের এক প্রবন্ধে ঢাকার মতো শহরে এ ধরনের বৃত্তাকার নৌপথের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে কেন এই পথটি দীর্ঘদিনেও সফল করা যায়নি, তার নানা দিক তুলে ধরেছে, সফল করার নানা পরামর্শও রেখেছে। আমরা মনে করি, এ ধরনের একটি উদ্যোগ নিয়ে শতকোটি টাকা খরচ করার আগে এ ধরনের গবেষণা ও সে অনুযায়ী কাজ করা হলে বৃত্তাকার নৌপথের বর্তমান দশা হতো না।
দুঃখজনক বাস্তবতা হচ্ছে, গত রোববার আবার নতুন করে এই নৌরুট উদ্বোধন করা হয়েছে এবং এক বছর আগের গবেষণা প্রতিবেদনে যেসব পরামর্শ রাখা হয়েছে, সেসবের কিছুই বিবেচনায় নেওয়া হয়নি। কেন বারবার এই উদ্যোগ ব্যর্থ হচ্ছে, সে কারণগুলো বিবেচনা বা দূর করার উদ্যোগ না নিয়ে নতুন করে আবার এই নৌরুটের উদ্বোধন করার কী অর্থ থাকতে পারে?