জাতিসংঘের নতুন প্রতিবেদনে যে আটটি দেশে ধর্মীয় ও পারিবারিক আইনের মাধ্যমে নারীর প্রতি বেশি বৈষম্য চলমান, তার মধ্যে বাংলাদেশের নাম থাকা দুর্ভাগ্যজনক। কারণ, লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পরে প্রণীত দেশের সর্বোচ্চ আইনের সঙ্গে তা মোটেই সংগতিপূর্ণ নয়।
বাহাত্তরের সংবিধানে কোনো ব্যতিক্রম সৃষ্টি করা ব্যতিরেকেই জীবন ও জীবিকার প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের সমতা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। বহুল আলোচিত সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা মূলত রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে বাস্তবায়িত হতে পারছে না। ওই দুটি ধারাই সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ। সুতরাং এটা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট না থাকার যুক্তি অচল।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী দাবি করেছেন, সমাজকে তৈরি না করে কিছু করা সম্ভব নয়। এ কথা আংশিক সত্য। আমরা বলব, দয়া করে সমাজ তৈরিতে অবিলম্বে পদক্ষেপ নিন। এ লক্ষ্যে যেসব রাজনৈতিক, প্রশাসনিক ও সংসদীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, তা গ্রহণ করা থেকে এই রাষ্ট্র তো বহুকাল ধরে বেশ দূরে রয়েছে বলেই প্রতীয়মান হয়। নেতাদের কাছে এটা অনুশোচনীয় বলেও মনে হয় না। ষাটের দশকে মুসলিম পারিবারিক আইনে যুগান্তকারী পরিবর্তন আনার বিষয়টি শুধু শক্তির জোরে হয়নি। সেখানে দূরদৃষ্টি ও সাহসী পদক্ষেপ নেওয়ার বিষয়টিও ছিল। সেই সময়ের সমাজব্যবস্থা তুলনামূলক বিচারে অনেক বেশি পিছিয়ে ছিল।
সব সময় আইন করেও সুফল পাওয়া যায় না। আবার যথাযথ আইনের অনুপস্থিতিতে নারীর প্রতি বঞ্চনা ও মানবাধিকার লঙ্ঘন আরও তীব্রতাও পেয়েছে। নারী নীতিমালা প্রণয়ন ছিল ইতিবাচক, কিন্তু তাতে দৃঢ় অঙ্গীকারের ঘাটতি ছিল, তাই তা সুফল দেয়নি।
সংবিধানে নারী ও পুরুষের বৈষম্য নিষিদ্ধ করা থাকলেও বহু ক্ষেত্রে এমন সব বৈষম্যমূলক বিধিবিধান আমরা আঁকড়ে ধরে চলছি। আমাদের সংবিধানের মৌলিক অধিকার ভাগের সঙ্গে অসংগতিপূর্ণ বিধিবিধানগুলো চিহ্নিত ও তা বিলোপে একটি জাতীয় সংস্কার কমিশন গঠন করা যেতে পারে।