সমাজসেবায় নারীই হোক অনুপ্রেরণা

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা বরাবরই সমাজকে এগিয়ে নিতে সাহসী ভূমিকা রেখেছেন। এখনকার সমাজের উচ্চশিক্ষিত পরিবারগুলোর দিকে তাকালেই সেটি বোঝা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও অনেক নারীই একেকজন সন্তানকে গড়ে তুলেছেন শিক্ষা ও কর্মে অনন্য রূপে। কর্মজীবী নারীদের ক্ষেত্রে সেটি ছিল আরও কঠিনতর সংগ্রাম। এর বাইরেও নিম্ন ও মাঝারি আয়ের পেশায় নারীদের যে অংশগ্রহণ, তা গোটা দেশের অর্থনীতিতে কী শক্তিশালী ভূমিকা রেখেছে, পোশাক খাতের দিকে তাকালেই বোঝা যায়। সমাজসেবায়ও নারীরা অগ্রগণ্য। মায়ের মমতা দিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে নিরলস ভূমিকা রেখে যান তঁারা। তেমনই একজন রাজিয়া সামাদ, সবার কাছে যিনি ‘ডালিয়া আপা’নামে পরিচিত।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রাজিয়া সামাদ ঢাকার ‘আয়েশি’ জীবন ছেড়ে এসে শেরপুরে অসহায়-দরিদ্র মানুষের জন্য একে একে প্রতিষ্ঠা করেছেন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। ৭৮ বছর বয়সে এসেও দুস্থ রোগী, নির্যাতিত নারী, দরিদ্র ও এতিম শিক্ষার্থীকে সহযোগিতা করে যাচ্ছেন। উচ্চশিক্ষিত এই নারী ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা শুরু করলেও সাত বছর পর ১৯৯০ সালে শেরপুরে চলে আসেন। শেরপুরে বাবার গ্রামে গড়ে তোলেন বিদ্যালয় ও শহরে ডায়াবেটিক হাসপাতাল। দরিদ্র রোগীদের সহায়তায় চালু করেন সুদমুক্ত ঋণ ও আর্থিক অনুদান।

প্রতিবছর অনেক দরিদ্র রোগী সুদমুক্ত ঋণে ইনসুলিন কেনাসহ স্বাবলম্বী হয়ে উঠছেন। তাঁর প্রতিষ্ঠিত নারী সংগঠন ‘উজ্জয়িনী’ প্রায় ৫০০ নারী নকশিকাঁথা তৈরি করা শিখিয়েছে। করোনাকালে সহস্র মানুষকে খাদ্যসহায়তা ও শীতবস্ত্র বিতরণ তো আছেই। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায়ও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাজিয়া সামাদ। এত সব কাজ করতে গিয়ে পৈতৃক সূত্রে পাওয়া অনেক জায়গা-সম্পত্তি বিক্রি করতে হয়েছে তঁাকে। রাজিয়া বলেন, ‘আমি সব সময় মনে করি, মানুষের সেবা করা একটি বড় ধর্ম। যত দিন শরীরে শক্তি আছে, তত দিন আমি মানুষের সেবা করে যাব। এটিই আমার ব্রত।’

সমাজসেবার জন্য উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’, জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় ‘দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’সহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর মতোই আরেকজন নারী সুলতানা আফরোজ যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে গ্রামে ফিরে এসে অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের জন্য প্রতিষ্ঠা করেছেন উন্নত মানের বিদ্যালয় ও পাঠাগার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রোকনপুরের সেই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছে এখন। সমাজসেবায় ভূমিকা রাখা এই নারীদের আমরা অভিবাদন জানাই। তাঁদের অনুপ্রেরণায় অন্যরাও এগিয়ে আসুক সমাজসেবায়।