নারায়ণগঞ্জের মানুষ একটি চ্যালেঞ্জপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে মেয়র হিসেবে বেছে নিতে সক্ষম হলেও সেখানকার নগরবাসী অব্যাহতভাবে অসহায় চাঁদাবাজির শিকার। কারণ, যে প্রভাবশালী মহল নির্বাচনে পরাজিত হয়েছিল, তারা থানা-পুলিশ থেকে জেলা প্রশাসনের প্রায় সর্বত্র তাদের অন্যায় প্রভাব বজায় রাখতে সক্ষম হচ্ছে। সে কারণে নগরে মেয়রের নেতৃত্বাধীন প্রশাসনকে জবরদস্তি পাশ কাটিয়ে তারা প্রকারান্তরে একটি সমান্তরাল প্রশাসন চালাচ্ছে বললে অত্যুক্তি হবে না। তাদের অন্যতম মুখ্য লক্ষ্য আগামী মেয়র নির্বাচনে অবৈধ প্রভাব খাটানো, আর সে কারণে পরিবহন, পোশাক কারখানার ঝুট, ভূমি ও চোরাই তেলের মতো খাতগুলোতে চাঁদাবাজি রমরমা আছে।
সিটি করপোরেশন থানার পুকুরপাড় স্ট্যান্ডটি বার্ষিক ইজারা দিয়ে ৪০ লাখ টাকা পেয়েছিল, আর এখন ইজারাদার স্ট্যান্ডের আশপাশের তিন গুণ বেশি এলাকাকে ‘স্ট্যান্ড’ বানিয়ে মাসেই অন্তত ৪০ লাখ টাকার চাঁদা হাতিয়ে নিচ্ছে বলে ধারণা করা যায়। এই এলাকায় অন্তত ১৮ জন লোক দৈনিক মজুরির বিনিময়ে রীতিমতো রসিদ দিয়ে (যদিও নিচ্ছে ১০০, লিখছে তার অর্ধেক) বেআইনি চাঁদাবাজিতে লিপ্ত আছে। অথচ এর কোনো প্রতিকার নেই। নগরের বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খানের মতো প্রধান সড়কগুলোতে হকারদের কাছ থেকে মাসে কোটি টাকার বেশি চাঁদা উঠছে, সেখানেও কোনো আইনের শাসন নেই।
আমরা আশা করব, নগর প্রশাসন তার ইজারা দেওয়া এলাকার বাইরে বিস্তৃত এলাকাজুড়ে ‘স্ট্যান্ড’ বানানোর মতো বেআইনি তৎপরতা বন্ধে ইজারাগ্রহীতাকে কারণ দর্শাবে। তবে এর মূল দায়টা পুলিশ প্রশাসনের, নগর প্রশাসন তাদের অবহিত করুক বা না করুক, তারা কিছুতেই কুম্ভকর্ণের ভূমিকা পালন করতে পারে না। নারায়ণগঞ্জের মডেল থানা খোঁড়া অজুহাত দাঁড় করিয়েছে যে তারা অভিযোগ পেলে তবে তদন্ত করবে। আসলে এমন দুঃখজনক মনোভাবই প্রভাবশালী ব্যক্তিদের আইনের বাইরে থাকতে আশকারা দিচ্ছে।