সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় তারকা কিংবা বিখ্যাত মানুষ কখনো কখনো সরকারি নিষেধাজ্ঞা ভাঙেন। তাঁদের সেই লঙ্ঘনাচরণ স্বজ্ঞানেও হয়, ‘অজ্ঞানে’ও হয়। যেভাবেই হোক, যেহেতু তাঁরা ‘হাই প্রোফাইলের’ মানুষ, সেহেতু অনেক সময় সেই বিধিলঙ্ঘনকে ‘স্নেহের চোখে’ দেখা হয়। নৈতিকভাবে তাঁদের দায়মুক্তি দিতে তখন যে কথাটি উচ্চারিত হয় তা হলো, ‘লজ আর মেন্ট টু বি ব্রোকেন’ (আইন বানানোই হয় তা ভাঙার জন্য)।

কূটাভাষ হলো, হতদরিদ্ররা পেটের দায়ে বাধ্য হয়ে যখন বিধি ভাঙে, তখন তাদের লঙ্ঘনাচরণকে নৈতিক বৈধতা দিতে সাধারণত কেউ ওপরোক্ত কথাটি উচ্চারণ করেন না।

কোনো রকম সরকারি সহায়তার বন্দোবস্ত না রেখে একটানা দুই মাসের বেশি সময় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ায় উপকূলীয় লাখো মৎস্যজীবী পরিবারের অনাহার–অর্ধাহারের আশঙ্কা এই বিষয়কে আবার সামনে নিয়ে এসেছে।

আইন বলছে, মাছ ধরতে মানা, ধরলে জেল-জরিমানা। উদর বলছে, ‘আইনকানুন বুঝি না, খাবার দাও।’ একদিকে আইন, অন্যদিকে পেটের পীড়ন—কোন দিকে যাবে জেলে? এমন প্রশ্ন মৎস্যজীবীদের ক্ষুব্ধ করে তুলেছে।

দেখা যাচ্ছে, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। মৎস্যজীবীরা বলছেন, কয়েক ধাপে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পর এই নিষেধাজ্ঞা অমানবিক। এটি প্রত্যাহারের দাবিতে বরগুনা, বাগেরহাট ও পিরোজপুরে মানববন্ধন করেছেন জেলেরা। জীবিকা নিয়ে তাঁদের এই উদ্বেগ–উৎকণ্ঠাকে অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, বঙ্গোপসাগরে প্রতিবছর ৬৫ দিন মাছ ও চিংড়ি আহরণ নিষিদ্ধ। ২০১৫ সালে এই নিষেধাজ্ঞা চালু হয়। গত বছর পর্যন্ত শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের আওতায় থাকলেও এ বছর ২৫ হাজার ট্রলার ও নৌকাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এমনিতেই প্রতিবছর কয়েক ধাপে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখন সহায়তা ছাড়াই নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হলে তাঁরা দুর্দশায় পড়বেন। ট্রলারমালিক ও মাছ ব্যবসায়ীদেরও কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়তে হবে।

এ কথা সত্য যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলে মৎস্যভান্ডার সমৃদ্ধ হবে। এর সুফলও মৎস্যজীবীরা ভোগ করবেন। কিন্তু দীর্ঘ দুই মাসের বেশি সময় বেকার থাকলে তাঁরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন, তা পোষাতে সরকারের ভূমিকা কী থাকবে, সেটাও ভাবতে হবে।

২০১৫ সাল থেকে নিষেধাজ্ঞার বিষয়টি শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের ক্ষেত্রে প্রযোজ্য থাকলেও অর্ডিন্যান্সে কোনো রদবদল ছাড়াই হঠাৎ করে এ বছর থেকে কেন ট্রলার ও নৌকাকেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হলো, সেটি একটি প্রশ্ন। তাদের জন্য নিষেধাজ্ঞা যদি বলবৎ রাখতেই হয়, তাহলে তাদের বিকল্প জীবিকার কথা ভাবা দরকার। আইন করতে হলে তা ভাঙার নৈতিক ন্যায্যতা যাতে কেউ না পায় সেটি বোঝা উচিত। তা না হলে উদরের উদগ্র ক্ষুধা জেলেদের আইন ভাঙতে বাধ্য করবে। তখন মানবিকতা বলতে বাধ্য হবে ‘লজ আর মেন্ট টু বি ব্রোকেন’।