বাংলাদেশের অভ্যুদয়ের পর আমাদের এই প্রিয় মাতৃভূমি আর কখনোই বুঝি এতটা সংকটে নিপতিত হয়নি; মনে হচ্ছে, এক অন্তহীন সংঘাতের মধ্য দিয়ে আমরা বুঝি অনিবার্য বিশৃঙ্খলাকেই অবশেষে বরণ করে নেব। আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বললে যেন কিছুই বলা হয় না, অবস্থা প্রায় নৈরাজ্যের কাছাকাছি। হত্যা, সন্ত্রাস, গুম, জ্বালাও-পোড়াও এসবই যেন আমাদের রাজনীতির একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছে। ‘নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস’। সেই বিষাক্ত নিঃশ্বাসে কিছুদিন আগে বৌদ্ধ জনপদে নেমে এল বিনাশ আর বিপর্যয়। এখন আবার দেশের অনেকগুলো স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আক্রান্ত, তাঁদের সহায়সম্পত্তি লুণ্ঠিত, বাড়িঘর ভস্মীভূত, মন্দির বিধ্বস্ত। আমি ব্যক্তিগতভাবে জানি, এই সম্প্রদায়ের যাঁরা এখনো আক্রান্ত হননি, তাঁরাও মানসিক পীড়ন ও মর্মযাতনায় একটা দুঃসহ স্তরে অবস্থান করছেন, নিদারুণ এক আতঙ্ক তাঁদের অস্তিত্বের মূল ধরেই যেন টান দিয়েছে। তাঁরা আজ যেন শুধু দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক নন, তাঁরা আজ সদাসন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত নাগরিক। আমাদের রাজনৈতিক জীবনের নানা সংঘাত আর উপপ্লব কেন যে শেষ পর্যন্ত সম্প্রদায়গত চরিত্র ধারণ করে নির্দোষ, নিরপরাধ একটি জনগোষ্ঠীর মানুষের জন্য সর্বনাশা পরিণাম ডেকে আনে, আমাদের ইতিহাসবাহিত আর্থসামাজিক ও রাজনৈতিক দুরাচারবৃত্তির মধ্যে নিশ্চয়ই তার ব্যাখ্যা রয়েছে। আজ এই স্বাধীনতার মাসে আমরা যখন ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাতে বিধ্বস্ত পাকিস্তানের দিকে তাকাই, তখন কি আমরা তার থেকে কোনো শিক্ষাই নেব না? বলে রাখা ভালো যে, আমি কোনো রাজনৈতিক ভাষ্যকার নই। রাজনৈতিক মনস্তত্ত্ব কীভাবে কোন ঘটনাকে অনিবার্য করে তোলে, তাও আমার ভালোভাবে জানা নেই। কিন্তু কূটনীতিক পেশাদারি জীবনের তিন দশকেরও বেশি সময় ধরে কূটনীতিকের দৃষ্টিতে পৃথিবীর বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করার সুযোগ আমার হয়েছে। বলাই বাহুল্য তা ছিল আমার দায়িত্বেরই একটি অংশ। আজ নিজেকে যথাসম্ভব বিচ্ছিন্ন করে একজন অভিজ্ঞতাসম্পন্ন কূটনীতিকের দৃষ্টিতেই স্বদেশকে দেখার প্রয়াস নিচ্ছি। এই জীবনসায়াহ্নে সেই অবলোকন যে এতটা মর্মান্তিক রূপ নেবে, তা ভাবতে পারিনি। দেশে আজ এক আগ্নেয় পরিস্থিতির অভাবিত বিস্ফোরণ আমাকে ভীত ও চিন্তিত করে তুলেছে। মনে প্রশ্ন জাগছে, লাখো শহীদের রক্তমূল্যে অর্জিত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা নিরাপদ রাখতে পারব তো? মনে রাখা একান্তই দরকার, বর্তমান বিশ্বে একমাত্র বৈদেশিক আগ্রাসনই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে না, বরং অভ্যন্তরীণ হানাহানি ও সংঘাতও তাকে বিপন্নতার কিনারে নিয়ে যায় এবং উদ্ধারহীন ঘূর্ণাবর্তে নিক্ষেপ করে। পাকিস্তানকে যেমন করছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, বিরামহীন হানাহানি আর রক্তপাতের মধ্য দিয়ে কী অর্জন হবে আমাদের? একটি স্বাধীন দেশ তো বিকশিত হয়ে ওঠে চিন্তার বহুমুখী বিস্তারে, অহিংসার আলোতে, প্রজ্ঞার গভীরতায়, দূরদর্শিতায়, পারস্পরিক সহিষ্ণুতায় এবং উদারনৈতিক জীবনাচরণে। ধর্মভিত্তিক, ভাষাভিত্তিক অথবা সংস্কৃতিভিত্তিক সংকীর্ণমনা মূল্যবোধের দৌরাত্ম্য হ্রাস করেই আমরা আমাদের প্রিয় দেশটিকে সবার বাসযোগ্য করে তুলতে পারি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে তাঁদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেছে এবং নিজেদের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেছে। মূল বিরোধী দল বিএনপিও একই প্রচেষ্টা করেছে। এই প্রয়াসকে আমার কাছে শুধু অর্থহীনই নয়, অবমাননাকর বলে মনে হয়। মাটির গভীরে আমরা আমাদের নিজেদের মূল কেটে দেব, আর ওপরে জলসিঞ্চন করব—এ তো আত্মপ্রতারণা ছাড়া আর কিছু নয়। বিদেশিরা আমাদের মূলগতভাবে সাহায্য করতে পারবে না—সে কাজ সম্পূর্ণরূপেই আমাদের নিজেদের। রাষ্ট্রদূতদের ডেকে আমাদের ব্যর্থতার মাছ কথার শাক দিয়ে ঢাকতে পারব না। তা ছাড়া বর্তমান যুগে আন্তরাষ্ট্রীয় সম্পর্কের চালচিত্র অনেকটা পাল্টে গেছে। বৈদেশিক সহযোগ—সে তো প্রতিফলিত হয় ব্যবসা-বাণিজ্যে, অর্থনৈতিক কর্মকাণ্ডে আর তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতি ও সংহতির। কিন্তু সেই স্থিতি আর সংহতিকে অশান্তি ও অস্থিরতার বেনোজলে ডুবিয়ে দিয়ে আমরা তাঁদের কাছে কোন ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে হাজির হচ্ছি? আর ওই মান্যবররা তো জানেন দেশে প্রকৃতপক্ষে কী ঘটছে। আমাদের দেশের অবস্থা সম্পর্কে বিভিন্ন মাত্রায় তাঁদের জ্ঞান ও ধারণা রয়েছে। সুতরাং আমাদের গৃহবিবাদে তাঁদেরকে সহমর্মী, সাক্ষী বা বিচারক—কোনো ভূমিকাতেই অবতীর্ণ করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। এমতাবস্থায় কীভাবে, কোন উপায়ে উত্তরণের পথ খুঁজে পাব আমরা? সবাই এখন সব সংকটের বিশল্যকরণী হিসেবে সংলাপকেই চিহ্নিত করেছেন। কিন্তু সংলাপ হবে কী নিয়ে? সোজা কথায় সংলাপের এজেন্ডা কী? কেবল মুখ দর্শন এবং কুশল বিনিময়ের মধ্যেই যদি সংলাপের সব আয়োজন অবসিত হয়, তাহলে সে তো হবে এক নিদারুণ অপচয়। সুতরাং সংলাপের সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে। গণতান্ত্রিক হোক আর না হোক, একটি নির্বাচিত সরকার যখন অচলাবস্থায় পৌঁছে, তখন সেই অচলাবস্থা নিরসনে একটি মাত্র উপায় হলো নির্বাচন। আমাদের বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। সুতরাং সমগ্র রাজনৈতিক তৎপরতাকে নির্বাচনমুখী করেই আমাদের সংকট সমাধানের পথ খুঁজতে হবে। কিন্তু এই পথে যে প্রতিবন্ধকতাটি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো নির্বাচন হবে কার অধীনে? গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে মতৈক্য এখন অত্যন্ত জরুরি। কিন্তু বিপদটা এখানে যে, মতৈক্য প্রতিষ্ঠার দরজাটাও বন্ধপ্রায়। এমতাবস্থায় তৃতীয় শক্তির হস্তক্ষেপ অনিবার্য হয়ে উঠবে। অতএব এক্ষণে নির্বাচনই একমাত্র উত্তর। অবিলম্বে, একটুও কালক্ষেপণ না করে কার অধীনে নির্বাচন হবে, আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলকে সংলাপে বসে তা ঠিক করতে হবে। তত্ত্বাবধায়ক হোক, নির্দলীয় হোক, সর্বদলীয় হোক— যেকোনো নামের নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের অভিমুখে অগ্রসর হতে হবে। অর্থাৎ নির্বাচন পরিচালনাকারী সরকারের নামগত বিশেষণ নিয়ে কোনো তর্ক না তুলে তার মর্মবস্তুই যেন প্রাধান্য লাভ করে, সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। একই সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে তার শক্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতাকে নিশ্চিত করতে হবে। আমাদের সংঘাতসংকুল রাজনৈতিক বাতাবরণের মধ্যেও একটি বিরাটসংখ্যক শুভবুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিক গোষ্ঠী রয়েছে। তারা ধর্মান্ধ ও স্বার্থতাড়িত সংকীর্ণ রাজনীতির পথ পরিহার করে চলে। আজ সময় এসেছে তাদের সাহসী ও উদ্যোগী ভূমিকা নেওয়ার। এখন জাতির প্রকৃতই দুঃসময়। সাম্প্রদায়িকতার উত্থান থেকে শুরু করে চতুর্দিকে নানা ধরনের বিপদাশঙ্কা দেখতে পাচ্ছি। অথচ একটি অসাম্প্রদায়িক উদারমনা রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করেছিল। সূর্যকরোজ্জ্বল সেই আত্মপ্রকাশকে কোনো অদ্ভুত আঁধার এসে গ্রাস করে নেব—এ আমরা কিছুতেই হতে দিতে পারি না। ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব। কলাম লেখক।[email protected]