অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—ঘুষ দেওয়ার চক্রান্ত মেনে নিল কানাডার এসএনসি-লাভালিনপদ্মা সেতু প্রকল্পে অসদাচরণের জন্য কানাডীয় প্রকৌশল ও নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিন ইনকরপোরেশনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে এসএনসি-লাভালিনও কাজ পেতে সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দেওয়ার চক্রান্তের অভিযোগ মেনে নিয়েছে। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে ইবনে মিজান লিখেছেন: ঘুষ লেনদেন হয়ে যাওয়ার পর দায়ী ব্যক্তিদের ধরা গেলেও হয়তো তখন সব অর্থ উদ্ধার করা যেত না। আইনের নানা কৌশলে বেরিয়ে যেত। আমাদের ভাগ্য ভালো, অর্থ লেনদেনের পরিকল্পনা আগেই ধরা পড়েছে। ঘুষ গ্রহণের তালিকায় যাঁদের নাম আছে, সরকারের উচিত আর দেরি না করে তাঁদের বিচার করা। ওয়াহিদ লিটন: ঘুষ যাঁরা দেবেন বলে পরিকল্পনা করেছেন, তাঁদের শাস্তি হলো। ঘুষ যাঁরা নেবেন বলে চিন্তা করেছেন, তাঁদেরও শাস্তির আওতায় আনতে হবে। তবেই ভবিষ্যতে এ দেশে দুর্নীতি করার আগে মানুষ তিনবার ভাববে।যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক নিলেন ড. ইউনূসবিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল স্বর্ণপদক প্রদান করেছে। এ খবরে আসিফুল বাসার মতামত জানিয়ে লিখেছেন: বাংলাদেশি হিসেবে গর্ব করার মতো যে কটি জিনিস এখনো অবশিষ্ট আছে, তার অন্যতম অধ্যাপক ইউনূস। সারা বিশ্বের কাছে তিনি বাংলাদেশকে চিনিয়েছেন নতুন করে। অথচ আমাদের দুর্ভাগ্য, তাঁর বাংলাদেশ ব্র্যান্ডিংকে আমরা কাজে লাগাতে পারলাম না। ঈর্ষাপরায়ণতা ও প্রতিহিংসার বলি হলেন ড. ইউনূস। হয়তো গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ কোটিপতি হয়নি, কিন্তু এ প্রতিষ্ঠানটি অভাব ঘুচিয়ে অনেক মানুষকে সচ্ছতার পথ দেখিয়েছে। দুটি দল গত ২২ বছরে যে পরিমাণ অর্থ এ দেশ থেকে লোপাট করেছে, সেটি কি গ্রামীণ ব্যাংকের আদায় করা সুদের চেয়ে শত গুণ বেশি নয়?ফৈজা: এ পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে নরম্যান বারলগ, মারটিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, ইলি উইলসন, অং সান সু চি ও মাদার তেরেসার কাতারে চলে গেছেন ড. ইউনূস। এ ছয় ব্যক্তিও নোবেল পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন। এটা আমাদের দেশের জন্য অনেক গৌরবের।ভয়ের শহরে মুখোমুখি গডফাদার ও দেসপ্যারাদোসাংবাদিক ফারুক ওয়াসিফ তাঁর কলামে নারায়ণগঞ্জে শিশু তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও সাজার প্রাসঙ্গিকতা বিচার করেছেন। এ সম্পর্কে রাশেদ আহমেদ তাঁর অনুভূতি জানিয়ে লিখেছেন: জানি, সরকারের উচ্চমহলে এ রচনা পড়ার মতো সময় মিলবে না। নারায়ণগঞ্জে আর কত প্রাণ ঝরলে প্রশাসন প্রতিটি হত্যার আলামত খুঁজে পাবে, উদ্ধার করতে পারবে গডফাদারদের নির্যাতনকেন্দ্রের ঠিকানা, শুনতে পাবে সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদ, পুত্রশোকে মুহ্যমান বাবার পথচলা, ভাইহারা বোনের মাতম, নাগরিকের প্রতিবাদের চিৎকার?কামাল: বিচারহীন সমাজের ভয় হলো, এতে কেউ নিরাপদ থাকে না। আমরা আমাদের জাতির পিতার খুনিদের বিচার শেষ করতে ৪০ বছর পার করেছি, তবু সবাইকে ধরতে পারিনি। লাখো শহীদের খুনিদের সাজা নিশ্চিত করতে আজও আমাদের আন্দোলন করতে হয়। আমরা এমন এক দেশ ও সমাজ গড়ে তুলেছি, যেখানে বিচার পেতে আমাদের রাস্তায় নামতে হয়, আন্দোলন গড়ে তুলতে হয়। এটা কেন হচ্ছে, তা নেতাদের ভেবে দেখা উচিত। আইনের শাসন তো সংবিধানস্বীকৃত। রাষ্ট্র কবে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? কবে আমরা ভাবতে পারব, দেশটা আমাদের সন্তানদের জন্য নিরাপদ?সব মেডিকেলের ফরেনসিকে নারী চিকিৎসক দেওয়ার নির্দেশদেশে পর্যাপ্ত নারী ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ না থাকলেও এক সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে নারী চিকিৎসক পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সবুর লিখেছেন: লাশ কাটাসহ আইনি জটিলতার কারণে নারী চিকিৎসকেরা ফরেনসিক মেডিসিন বিভাগে আসতে চান না। এ বিভাগের চিকিৎসকদের ছুটির দিনেও কাজ করতে হয় এবং দেশের যেকোনো আদালত ডেকে পাঠালে ছুটতে হয়। সমাজে তাঁদের পরিচিতি ‘মরাকাটা ডাক্তার’ হিসেবে। তাঁদের কাছে সাধারণ রোগের চিকিৎসা নিতে কেউ আসে না। সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ ভাতারও ব্যবস্থা নেই। এসব কারণে এ বিভাগে কেউ পড়তেও চান না। নারী চিকিৎসক তো দূরে থাক, পুরুষ চিকিৎসকদেরও ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। এ অবস্থায় কোন পাগলে এ বিষয়ে পেশা গড়তে যাবে?মহিউদ্দিন মাসুদ: সবুর, আপনার সঙ্গে দ্বিমত পোষণ না করেই বলছি, এত দিন যা পাওয়া যায়নি, তা এখন পাওয়া যাবে। দেশপ্রেমিক বা মানবপ্রেমিক চিকিৎসক এখনো আছেন, যাঁরা বেতন-ভাতার দিকে না তাকিয়ে দায়িত্ব পালন করবেন। সংকটটি লোকচক্ষুর আড়ালে থাকার কারণে, অনেকে এ জন্য নিজেদের প্রস্তুত করতে পারেননি। সংশ্লিষ্ট ব্যক্তিরা একে দুটি কারণে গুরুত্ব দেননি। প্রথমটি আপনি যা বলেছেন, তা-ই। আরেকটি স্থায়ী দুর্নীতি। এ বিষয়ে পরিকল্পনা থাকলে আমরা এত দিন অনেক ফরেনসিক বিশেষজ্ঞ পেতাম।নতুন গ্যাস-সংযোগে বাধা নেইবাসা, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে রিমি লিখেছেন: আমার মতে, দাম ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে রেখে সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা উচিত। শুধু নিজেদের কথা ভাবলেই হবে না, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে।শওকত: যাঁরা সিলিন্ডারে গ্যাস সরবরাহের পক্ষে বলছেন, তাঁদের যুক্তি ঠিক আছে। কিন্তু এ কথা ভুললে চলবে না যে, সিলিন্ডার যত বেশি ব্যবহূত হবে, দেশের অন্যান্য পণ্যের মতো এর গুণগত মানও তত কমবে এবং ঘরে ঘরে দুর্ঘটনা ঘটবে।দেশে ইউরেনিয়াম পাওয়া গেছেদেশের পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা এবং বৃহত্তর সিলেট ও ময়মনসিংহের নদীবাহিত বালুতে ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। এ খবরে পাঠকেরা উচ্ছ্বসিত ও সতর্ক মন্তব্য করেছেন। ইমতিয়াজ আহমেদ লিখেছেন: খুব ভালো খবর। দয়া করে বিদেশি কোনো কোম্পানিকে না দিয়ে দেশি প্রযুক্তির বিকাশ ঘটিয়ে সম্পদ আহরণ করা হোক।আবদুল মান্নান: আমাদের দেশে মানবসম্পদসহ প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে। তার সঙ্গে আছে লুটেপুটে খাওয়ার প্রচুর বিষয়। প্রস্তাবিত প্রকল্পের অর্থ নয়ছয় করতে গিয়ে মূল উদ্দেশ্য ভেস্তে যেতে পারে।মাহাদি: আমাদের প্রাকৃতিক সম্পদের ওপর যাতে জনগণের শত ভাগ মালিকানা থাকে, দেশের কোনো দালাল সরকার যাতে এগুলো বিদেশিদের হাতে তুলে দিতে না পারে, এটাই হোক নববর্ষের কামনা।জামান: নিঃসন্দেহে ভালো সংবাদ। কিন্তু আমরা কি এ সম্পদ ধরে রাখতে পারব, নাকি কোনো বৃহৎ শক্তির কাছে এগুলো জিম্মি হয়ে যাবে? আমার মনে হয়, এ ধরনের খবর এত ফলাও করে প্রচার করার প্রয়োজন নেই, যতটা গোপনে করা যায়, ততই ভালো।তানভির সিদ্দিকী: এসব জনগণের সম্পদ। সরকারকে অনুরোধ করি, এ সম্পদ সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হোক। এ সম্পদ আহরণ করে দেশকে সমৃদ্ধ করা হোক। দয়া করে নিজের দেশের প্রযুক্তি ব্যবহার করি। দরকার হলে আমরা বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি আছি। আমার সম্পদ আমার থাকবে।(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)