মানবতার ঐক্য ও সংহতি জাতির অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে, ইমানি চেতনা ও মনোবল সুদৃঢ় করে। দেশের আপামর জনসাধারণের মধ্যে পারস্পরিক ঐক্য, মৈত্রী, সামাজিক সংহতি ও সম্প্রীতি যে অত্যন্ত প্রশংসনীয় এবং মানবজাতির একান্ত কাম্য, এতে বিশ্বের বিভিন্ন জাতি-ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে সবাই ঐকমত্য প্রকাশ করে। ইসলাম তার অনুসারীদের মধ্যে দেশপ্রেম, সামাজিক ঐক্য, সংহতি, সৌহার্দ্য, সম্প্রীতি ও অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে, যা তাদেরকে মানবতার অভিন্ন জাতিসত্তায় পরিণত করেছে। মানবাত্মার সঙ্গে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের সম্পর্ক যেমন অবিচ্ছেদ্য, ইসলামে দেশপ্রেমিক মুসলমানদের পারস্পরিক সম্পর্কও তেমনি অবিচ্ছেদ্য, অবিভাজ্য। ইসলাম মানুষকে জাতীয় ঐক্য, সংহতি, দেশাত্মবোধ ও ভ্রাতৃত্ববোধ শিক্ষাদান করে, আর দেশপ্রেমের মাধ্যমে এ সামাজিক সংহতি টিকে আছে। স্বাধীনতা সুরক্ষায় জাতির ঐক্য ও সংহতি খুবই গুরুত্বপূর্ণ। মানবতার ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে পবিত্র কোরআনে মানুষকে সতর্ক করা হয়েছে, ‘তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১০৩)পৃথিবীর কোথাও এমন কোনো ধর্মপরায়ণ লোক নেই যে সহিংসতা, হানাহানি, উগ্রতা, বোমাবাজি, আত্মঘাতী হামলা, দ্বন্দ্ব-কলহ, সংঘাত, সংঘর্ষ, হানাহানি, ঝগড়া-বিবাদ, যুদ্ধ-বিগ্রহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও হত্যাযজ্ঞকে উপকারী ও উত্তম মনে করে। এ কারণে বিশ্বের সব দল ও গোষ্ঠী দেশের আপামর জনসাধারণকে একতাবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে জাতীয় ঐক্য, সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য হওয়া সত্ত্বেও ধর্ম-কর্ম ভুলে বিপথগামী লোকেরা বিভিন্ন দল, উপদল ও গোষ্ঠীতে বিভক্ত হয়ে বিচ্ছিন্ন রয়েছে। দেশের অভ্যন্তরে দ্বন্দ্ব-কলহ, ঝগড়া-বিবাদ, সংঘাত-সংঘর্ষ, কোন্দল সৃষ্টি করার এমন নৈরাজ্য ও বিশৃঙ্খলাপূর্ণ কার্যকলাপ অব্যাহত রয়েছে, যাতে মানুষের পারস্পরিক ঐক্য, সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে চলেছে। এহেন তিক্ততা-রেষারেষি, হানাহানি, হিংসা-বিদ্বেষ, শত্রুতা-ঘৃণা প্রভৃতি দূর করে সামাজিক জীবনে সুসম্পর্ক ও সম্প্রীতি স্থাপনের জন্য পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে দল-মতনির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের সপক্ষে জনসাধারণের একাত্মতা, আন্তরিকতা দিয়ে দেশপ্রেমের উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের মধ্যে বিবাদ করবে না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে।’ (সূরা আল-আনফাল, আয়াত: ৪৬) মানুষের সামাজিক সুসম্পর্ক ও সম্প্রীতি স্থাপনের অনিবার্য ফলস্বরূপ তারা পরস্পর ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে পারে। পরমতসহিষ্ণুতার শিক্ষা ও নীতি-আদর্শ থেকে দূরে সরে থাকলে মানুষের জাতীয় ও দলগত জীবনে যেমন বিপর্যয় নেমে আসে, তেমনি ব্যক্তিগত ও সামাজিক জীবনও সুখকর হয় না। ব্যক্তি বা গোষ্ঠী যখন নিজের ক্ষমতা, শক্তি, স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত থাকে, তখন সমাজে বিভিন্ন শ্রেণী-পেশার দলমতের সঙ্গে মানুষের সম্পর্ক, ভাববিনিময় ও যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ে। মুসলমানরা অভিন্ন সংস্কৃতি এবং একটি মহান ও উন্নত সভ্যতার অধিকারী। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘তোমরাই সর্বোত্তম জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ করতে নিষেধ করবে।’ (সূরা আলে ইমরান, আয়াত: ১১০)কোনো দেশের স্বাধীনতা অর্জনের পর যদি সে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি, নীতিনৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ না ঘটে, তাহলে সে দেশের স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে না। পারস্পরিক সংলাপ, সহযোগিতা, সহানুভূতিশীলতাপূর্ণ সামাজিক সম্প্রীতি ছাড়া মানুষ চলতে পারে না। ইসলাম মুসলমানদের পরস্পরের ভাই বলে উল্লেখ করেছে এবং একে অন্যের সহযোগিতার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য আহ্বান জানিয়েছে। মানুষের একের প্রতি অপরের বিশেষ অধিকার ও কর্তব্য রয়েছে। এ অধিকার ও কর্তব্যবোধ ধর্মভীরু মুসলমানদের ঐক্যবদ্ধ করে, ফলে সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে আর আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।’ (সূরা আল-হুজুরাত, আয়াত: ১০)মানবজীবনে জাতীয় ঐক্য, সংহতি স্থাপনের জন্য প্রয়োজন পারস্পরিক সংলাপ, পরমতসহিষ্ণুতা, সহযোগিতা ও সামাজিক সুসম্পর্ক। সুতরাং উম্মতে মুহাম্মদি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবে। এক ধর্মাবলম্বী গোত্র অন্য গোত্রের সঙ্গে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ করবে না, কোনো রকম সহিংসতা বা উগ্রতা প্রদর্শন করবে না, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ওপর আক্রমণ বা হামলা করবে না। মূলত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর মধ্যে সামাজিক সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যভাব প্রকাশ করতে সংঘবদ্ধ প্রয়াস এবং মানবতার ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়া বাঞ্ছনীয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি। ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্য ও সহনশীলতা সহকারে একতাবদ্ধ থাকা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, ‘একজন মুমিন অপর মুমিনের জন্য অট্টালিকাস্বরূপ, যার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে রাখে এবং তিনি আঙুলগুলো একত্রে মিলিত করলেন।’ (বুখারি)আবহমানকাল থেকে সব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন চির শান্তি ও সম্প্রীতির এ দেশের মানুষ দলবদ্ধভাবে সামাজিক সংহতি, পরমতসহিষ্ণুতা ও ধর্মীয় সহনশীলতার মধ্য দিয়ে পারস্পরিক শান্তিপূর্ণ সহ-অবস্থান করছে। শান্তিকামী দেশবাসীর প্রত্যাশা সহিংসতা ও হানাহানির মধ্য দিয়ে নয়, পারস্পরিক আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান ও মীমাংসা করতে হবে। তাহলেই দেশের সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতার ফলে উদ্দেশ্য ও লক্ষ্যের দিক থেকে ধর্মপ্রাণ মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠিত হতে পারে। বিবদমান দল-মতের পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখলে সমাজের বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক স্থাপন সহজ হতে পারে। এমনিভাবে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার স্বার্থে মানুষে মানুষে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় সংলাপের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের মর্মবাণীর যথাযথ বাস্তবায়ন হোক আমাদের ধর্মপ্রাণ জাতির অন্তর্নিহিত শক্তি।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]