শুভ বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুভ বড়দিন। ২০১৬ বছর আগে এই দিনে যিশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে। সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বী মানুষের কাছে দিনটি অত্যন্ত মহিমান্বিত। তবে যিশু যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও উদারতার অমিয় বাণী নিয়ে এসেছেন, তা সব ধর্মের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। ধর্মবর্ণ-নির্বিশেষে সবার কাছে যিশু মহামানব হিসেবে শ্রদ্ধার পাত্র। তাঁর ধর্ম প্রচারের সারকথাই ছিল প্রেম ও ভালোবাসা।
২০১৬ সালের শেষ প্রান্তে যখন এই দিনটি সমাগত, তখন পৃথিবীজুড়ে হিংসা ও হানাহানি চলছে। বিশ্বের যেসব শক্তিধর রাষ্ট্রের নেতারা নিজেদের যিশুর অনুসারী বলে দাবি করেন, তাঁদের কর্তব্য হবে সেই হানাহানির অবসানে কার্যকর ভূমিকা রাখা। সেটিই হবে যিশুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
পৃথিবীর সব খ্রিষ্টধর্মাবলম্বী মানুষ যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদ্যাপন করছে। বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও এই আনন্দ-উৎসবের সহযাত্রী। দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিশেষভাবে, সেবাধর্মী কাজে তারা মানবিকতার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। আশা করি, প্রতিবারের মতো এবারও খ্রিষ্টান সম্প্রদায় নির্বিঘ্ন ও নির্ভয় পরিবেশে শুভ বড়দিন উদ্যাপন করবে। বর্তমানে দেশের সাম্প্রদায়িক পরিবেশ শান্তিপূর্ণ। তবে নিকট অতীতে বেশ কিছু জঙ্গি হানার ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও। এ কারণে বড়দিনের অনুষ্ঠানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখতে হবে।
সংযম-সহিষ্ণুতা, ভালোবাসা ও সেবার পথ ধরে মানুষকে সত্য ও কল্যাণের পথে আনার প্রয়াসে যিশুকে অবর্ণনীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল। কিন্তু সত্য ও কল্যাণের পথ থেকে তাঁকে বিচ্যুত করা যায়নি। নিপীড়কের বিরুদ্ধে তিনি পাল্টা আঘাতের কথা বলেননি। তিনি নির্দ্বিধায় ক্ষমা করেছেন, আর সমগ্র মানবজাতির হয়ে সব দুঃখ-যন্ত্রণা যেন একাই আত্মস্থ করতে চেয়েছেন।
আজ সবকিছু ছাপিয়ে সর্বত্র এই অঙ্গীকারই ফুটে উঠুক—আর হিংসা বা বিভেদ নয়, সম্প্রীতির বন্ধনে আমরা পরস্পরকে বেঁধে রাখব। সেবাধর্মে নিজেকে উৎসর্গ করব। আর সেটা সম্ভব হলে বাংলাদেশসহ সারা বিশ্বে যিশুর শিক্ষা সত্যিকার মহিমায় উদ্ভাসিত হবে। আমরা ভ্রাতৃপ্রতিম খ্রিষ্টধর্মাবলম্বীদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।