সম্ভাবনাময় সিলেট অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সিলেট অঞ্চল বিচিত্র রকমের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিশেষত পাহাড়-টিলা, বন-জলপ্রপাত, হাওর-বাঁওড় মিলিয়ে যে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সেখানে আছে, তা শুধু নান্দনিক বিচারেই নয়, অর্থনৈতিক বিবেচনায়ও মূল্যবান। কিন্তু দুঃখজনকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা যথেষ্ট মাত্রায় কাজে লাগানো হয়নি।
এ রকম অনুভূতির প্রকাশ ঘটেছে গত বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দ্রুত অগ্রগতির সোপানে বাংলাদেশ; সিলেটের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে। সেখানে একাধিক বক্তা বলেছেন, জাতীয় অর্থনীতির উন্নয়নে সিলেট অঞ্চল কীভাবে আরও বড় ভূমিকা পালন করতে পারে। সুনির্দিষ্ট কিছু পরামর্শ তুলে ধরেছেন সেমিনারের মূল বক্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। যেমন তিনি বলেছেন, শিল্প খাত উন্নয়নের দিকে বেশি দৃষ্টি দিতে হবে। তিনি সিলেট অঞ্চলে পর্যটনশিল্প বিকাশের সম্ভাবনাকে ‘আকাশচুম্বী’ বলেছেন, এটা যথার্থ।
কিন্তু এই সম্ভাবনা কাজে লাগাতে হলে সরকারকে বেশ কিছু উদ্যোগ নিতে হবে। সিলেটের পর্যটন ব্যবসায়ীরা বলেছেন, পর্যটন এলাকাগুলোর সড়কের অবস্থা নাজুক, তা ছাড়া পর্যটকদের হয়রানি করা হয় বলেও তাঁরা অভিযোগ করেছেন। সিলেট অঞ্চলের ভৌগোলিক অবস্থানও অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ সুবিধাজনক। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি হওয়ায় এখান থেকে পণ্য রপ্তানি অনেক ব্যয়সাশ্রয়ী হতে পারে।
সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ প্রবাসী, তাঁদের মধ্যে অনেকেই স্বদেশে শিল্পকারখানা গড়তে আগ্রহী। সরকার তাঁদের এই আগ্রহ কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে বেগ সঞ্চার করতে পারে, সে জন্য শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা-সহযোগিতা নিশ্চিত করতে হবে। অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি, হয়রানি থেকে বিনিয়োগকারীদের সুরক্ষাদান—এ ধরনের অনেক পদক্ষেপ সরকারকে নিতে হবে। বিনিয়োগের সামগ্রিক পরিবেশ উন্নত করার মধ্য দিয়ে জাতীয় অর্থনীতিতে সিলেটের ভূমিকা প্রভূত মাত্রায় বাড়ানো সম্ভব।