সরকার আসলে কী চায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর ধরে রাজধানী ঢাকার স্থানীয় সরকার বলতে যা বোঝায়, তার নির্বাচন হচ্ছে না। এ অবস্থায় বছর তিনেক আগে ‘নাগরিক সুবিধা বাড়াতে’ এই সরকারকাঠামোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। জনগণ সত্যিই এখন এই ‘সুবিধা’ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এলাকার সমস্যা বা অভিযোগ নিয়ে তাদের কার্যত নালিশ করার সুযোগ নেই। সরকারি দল আওয়ামী লীগের স্থানীয় নেতারাই এখন কাউন্সিলরের ভূমিকায় নেমেছেন।
বিভক্ত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন তিন বছর ধরে চলছে সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক দিয়ে। স্বল্প সময়ের জন্য নিয়োগ পাওয়া এই অনির্বাচিত প্রশাসকেরা জনগণের কাছে যেমন দায়বদ্ধ নন, তেমনি দীর্ঘমেয়াদি কোনো সিদ্ধান্ত নেওয়াও তাঁদের জন্য কঠিন। ফলে শুধু রুটিন কাজ নিয়েই আছে প্রশাসক-নিয়ন্ত্রিত দুই সিটি করপোরেশন। কোনো দেশের রাজধানী শহরের স্থানীয় সরকারব্যবস্থা কি দিনের পর দিন এভাবে চলতে পারে?
প্রথম আলোর প্রতিবেদনে এ নিয়ে জনগণের দুর্ভোগের বেশ কিছু দিক প্রকাশিত হয়েছে। সিটি করপোরেশনের একজন আঞ্চলিক প্রধান নির্বাহী নিজেই স্বীকার করেছেন, নির্বাচিত কাউন্সিলর থাকলে স্থানীয়ভাবেই অনেক সমস্যার সমাধান হতো। রাজধানীতে জনগণের সেবা বলে আর কিছু কার্যকর নেই। বিভিন্ন কাজে হয়রানি, দুর্নীতি ও ঘুষের লেনদেন আরও বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিশ্বের সব বড় শহর নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও শহরটিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখা একজন মেয়র ও কাউন্সিলরদের নেতৃত্বে পরিচালিত হয়। সেই বিবেচনায় এক দুর্ভাগা শহরের নাম ঢাকা। এটা স্পষ্ট যে রাজনৈতিক স্বার্থেই সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে এবং তাদের অনাগ্রহের কারণেই নির্বাচন ঠেকে আছে। এটা বিস্ময়কর যে এ নিয়ে সরকারের আদৌ কোনো ভাবনা বা পরিকল্পনা আছে কি না, তা একেবারেই স্পষ্ট নয়। ঢাকা শহর ও এর স্থানীয় সরকার নিয়ে সরকার আসলে কী করতে চায়?