সরকার ও বিজিএমইএর উচিত দ্রুত নিষ্পত্তি করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনার দুই বছর পরও সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় পুরো ক্ষতিপূরণ বুঝে পাননি আহত শ্রমিক এবং নিহত শ্রমিক পরিবারের সদস্যরা। এটা একটি জাতির জন্য লজ্জাজনক। উপরন্তু ক্ষতিপূরণ নির্ধারণে বৈষম্য হয়েছে বলেও বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে।
রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্প বিপর্যয় হিসেবে গণ্য হচ্ছে। ভয়াবহ মানবিক ট্র্যাজেডি কাঁপিয়ে দিয়েছিল বিশ্বমানবতাকে। অথচ পোশাকশিল্পের প্রায় ১২টি আন্তর্জাতিক বৃহৎ প্রতিষ্ঠান এখন পর্যন্ত একটি টাকাও ক্ষতিপূরণ তাহবিলে জমা করেনি।
বিস্ময়কর হলো, গত দুই বছরে বিদ্যমান শ্রম আইন, যাতে এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের মৌলিক মানদণ্ড ঠিক করা নেই, সেখানে কোনো সংস্কার আনা যায়নি। দুর্ভাগ্যজনক হলো, এটা হোক তা পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিজিএমইএ চায় না। আশা করা হয়েছিল, উচ্চ আদালত থেকে এ বিষয়ে সুরাহা মিলবে, সেটাও হয়নি।

ভবিষ্যতে এ রকম দুর্ঘটনা ঘটলে যাতে তা মোকাবিলায় রানা প্লাজার ভুক্তভোগীদের মতো অনিশ্চয়তার সম্মুখীন হতে না হয়, বলা যায় সেটুকুও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। এত বড় মৃত্যুর ঘটনাও কেন কোনো বড় পরিবর্তন আনতে পারল না, বিচার-প্রক্রিয়া যথারীতি শম্বুকগতির হয়েই রইল, সেটা একটা আত্মজিজ্ঞাসার বিষয়।
পোশাক খাত থেকে গত অর্থবছরেও ২৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা এসেছে, আর ক্ষতিপূরণ দিতে দরকার ৩০ মিলিয়ন ডলার, যার ২৪ মিলিয়ন ডলারই পাওয়া গেছে, মাত্র ৬০ লাখ ডলার সংগ্রহ করা বাকি। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত ‘আর্থিক সহায়তা’ হিসেবে প্রদান করা ১৯ কোটি টাকাও ওই ২৪ মিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। সুতরাং অর্থের ঘাটতির চেয়ে দেখা যাচ্ছে ব্যবস্থাপনাগত সংকটই তীব্র।
ক্ষতিপূরণ ইস্যুর সুষ্ঠু সুরাহা না করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যেমন, তেমনি নিহত ১১ শতাধিক শ্রমিকের স্বজন ও আহত ব্যক্তিদের কাছে আমাদের ছোট হতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিজ্ঞা হওয়া উচিত অনতিবিলম্বে এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা। সে জন্য সরকার ও বিজিএমইএকেই সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
রানা প্লাজা একদিকে মর্মান্তিক ট্র্যাজেডি, অন্যদিকে ভয়ংকর দায়িত্বহীনতার বীভৎস পরিণাম। বিচার ও ক্ষতিপূরণ ছাড়া আমরা একে ভুলতে পারি না।