গত শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি ছিল হৃদয়বিদারক। ১৯ জন নিখোঁজ মানুষের স্বজনেরা সেখানে জড়ো হয়ে যত কথা বলেছেন, কেঁদেছেন তার চেয়ে বেশি। প্রথম আলোর সংবাদ শিরোনামে বলা হয়েছে, স্বজনদের বক্তব্যকে ছাপিয়ে গিয়েছিল তাঁদের কান্না।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ১৯ জন মানুষ নিখোঁজ হয়ে গেছেন। তারপর থেকে তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। তাঁদের স্বজনেরা জানতে পারেননি, তাঁরা বেঁচে আছেন, না মারা গেছেন, বেঁচে থাকলে কোথায় আছেন, কেমন আছেন, আর মারা গেলে কীভাবে মারা গেছেন, কোথায় তাঁদের কবর হয়েছে।
শুধু এই ১৯ জনই নন, সাম্প্রতিক কয়েক বছরে আরও অনেকের গুম হওয়ার অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে শুধু এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসেই এ দেশে গুমের ঘটনা ঘটেছে ৪৭টি। তাদের মধ্যে পরে মৃতদেহ পাওয়া গেছে ছয়জনের, জীবিত উদ্ধার পেয়েছেন চারজন এবং গ্রেপ্তার দেখানো হয়েছে পাঁচজনকে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেছেন, গুমের শিকার ১৯ ব্যক্তির অধিকাংশই বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, এবং তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের বাসা থেকে, পরিবারের সদস্যদের সামনেই। এসব অভিযোগ উদ্বেগজনক। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। তাঁদের এই অস্বীকারের মধ্য দিয়ে এই গুরুতর ও উদ্বেগজনক সমস্যাটির প্রশ্নে কোনো সদুত্তর মেলে না। নিখোঁজ ব্যক্তিরা যদি রাজনৈতিক কারণে ‘রাষ্ট্রীয় নিপীড়নের’ শিকার না-ই হয়ে থাকেন, তাহলে তাঁদের নিখোঁজ বা গুম হওয়ার রহস্য কী?
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ব্যক্তিদের গুম করেননি—এই বক্তব্য দিয়ে সরকারের কর্তব্য শেষ হয় না। কীভাবে তাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের কী পরিণতি হয়েছে—এসব তথ্য তাঁদের স্বজনদের জানানোর দায়িত্ব সরকারের। এটা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কান্না সরকার উপেক্ষা করতে পারে না।