অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—মহাসংকটে মহাজোট সরকারের মহানিষ্ক্রিয়তা!জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা হয়েছে। এই হামলা প্রতিরোধ, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিষয়ে সরকারের ব্যর্থতার কাহিনি তুলে ধরেছেন সোহরাব হাসান তাঁর ‘কালের পুরাণ’ কলামে। এ সম্পর্কে মো. নাসিম ওয়াহিদ লিখেছেন: সংখ্যালঘুরা হলো সম্মানের মতো। আমরা কেন সেই সম্মান বারবার ধুলায় লুটাই? আসুন, আমরা হাতজোড় করে তাদের কাছে ক্ষমা চাই আর শপথ করি, এই সম্মান আর কখনোই কাউকে ধুলায় লুটাতে দেব না।জুয়েল: এই চরম দুঃসময়ে জনপ্রতিনিধিদের এলাকায় না থাকার দুটি কারণ থাকতে পারে। এক. প্রতিপক্ষের হামলা মোকাবিলার ক্ষমতা তাঁদের নেই, যে কারণে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন। দুই. এই জনপ্রতিনিধিরা গত চার বছরে এত অন্যায়, অনিয়ম ও দুর্নীতি করেছেন যে জনগণের পাশে থাকার নৈতিক শক্তি হারিয়ে ফেলেছেন।কমল: আমরা দেখছি, পূর্বাপর সব সরকারই নাগরিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে এবং হচ্ছে। এত বিপুল বিজয় নিয়ে পর পর দুটি সরকার এল অথচ নাগরিকদের জানমালের যে নিরাপত্তাহীনতা, তা তো কমছেই না; বরং দিনে দিনে বেড়েই চলেছে। সরকার যদি তার নাগরিকদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমাদের আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করুক। আমরা ঘরে-বাইরে কোথাও তো নিরাপদ না। দিনে দিনে এসব বাড়ছে।লাভের কর দিতে হবে না ভারতীয় কোম্পানিকেবাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চলেছে একটি ভারতীয় সরকারি প্রতিষ্ঠান। বলা হচ্ছে, উৎপাদন শুরু থেকে ১০ বছর পর্যন্ত মুনাফার ওপর তাদের কোনো কর দিতে হবে না। বিষয়টি প্রতিবেদনে তুলে ধরেছেন অরুণ কর্মকার। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. শাহ আলম লিখেছেন: বাংলাদেশ কি এতই উন্নত রাষ্ট্র হয়ে গেল যে বিদেশি কোম্পানিকে কর রেয়াত দিতে হবে? নাকি পুরোটাই ভারতপ্রীতি? কাউকে সম্মান প্রদর্শনের অর্থ এই নয় যে, সে যা চায় তা-ই দিতে হবে। আর আজ একে সুযোগ দিলে আগামী দিনে অন্যরা একই সুবিধা চেয়ে বসবে। আমরা সরকারের কাছে দেশপ্রেম প্রত্যাশা করি। কে আওয়ামী লীগ, কে বিএনপি—সেটা বিবেচ্য নয়।জাহিদুল ইসলাম: ভারতীয় প্রতিষ্ঠানের লাভের ওপর কর মাফ করে বাংলাদেশের সাধারণ জনগণের ওপর বিভিন্ন ক্ষেত্রে সারচার্জ আরোপ করার যে চিন্তাভাবনা সরকার করছে, তা নিঃসন্দেহে আত্মঘাতী। এটা বর্তমান সরকারের অগ্রহণযোগ্য ভারতপ্রীতির নমুনা। তাই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত দেশের জন্য। মো. মিজানুর রহমান: এটা কোনো ব্যাপার! আমরা আছি না! এক কাজ করেন, আবার বিদ্যুৎ বিল আরেক দফা বাড়ান। সাত দফা বাড়িয়েছেন, কোনোবার কি বলেছি যে বিল দিতে পারব না? প্রতি ইউনিট বিদ্যুতের জন্য এনটিপিসি বলছে, দুই মিলিলিটার হিসাবে জ্বালানি তেল লাগবে। আর বিপিডিবি বলছে, এক মিলিলিটার লাগবে। বিপিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান প্রথম আলোকে বলেছেন, বিষয়টি নিয়ে তেমন কোনো মতানৈক্য হবে না। আসলেই মতানৈক্য হওয়ার কোনো ব্যাপারই নেই, খরচ দ্বিগুণ হবে—এই যা। খান সাহেবকে অভয় দিয়ে বলতে চাই, প্রয়োজনে বারবার বিদ্যুতের বিল বাড়ান, আমরা বোকারা আছি না! এক দফার আন্দোলনে নামছে বিএনপিসরকার পতনের এক দফা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গত বৃহস্পতিবার প্রথম আলোর প্রধান প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ছিল এটি। এ বিষয়ে মতামত জানিয়ে মহসিন চৌধুরী লিখেছেন: নির্বাচিত সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন বা পুনর্নির্বাচন করবে দেশের জনগণ। এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম? বিরোধী দল শান্তিপূর্ণভাবে সরকারবিরোধী জনমত গড়ে নির্বাচনের মাধ্যমে সরকারকে পরাজিত করবে? শাসক দলের সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রী আজ হুমকি-ধমকি এবং বিরোধী দলের সভা পণ্ড করে তাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন? সব গণতান্ত্রিক দেশে জনগণ দুই ধারায় বিভক্ত। বাংলাদেশ এর বাইরে নয়? হরতাল, অবরোধ, রাজপথে মারামারি করে দেশের সাধারণ জনগণের কী লাভ হবে?মনজুরুল আলম: এ আর নতুন কি? একটু চিন্তা করে দেখুন তো, এই মুহূর্তে সরকারের পতন হলেই কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে? নিশ্চয়ই না। তাহলে সরকার পতনের ওই এক দফা আন্দোলনের লাভটা কী? লাভ একটাই, দেশটিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে আরও একধাপ এগিয়ে দেওয়া।হেলাল: আমাদের আর কিছুই বলার নেই। আওয়ামী লীগ যেমন বিরোধী দলে থাকা অবস্থায় হরতাল, লাগাতার হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দিয়ে পুরো দেশটাকে কার্যত অচল করে জনগণকে ভুগিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপিও কি সে পথেই এগোচ্ছে? আসলে এ সবকিছুই ক্ষমতায় যাওয়ার কৌশল মাত্র! জনগণের জন্য বা দেশের জন্য যে নামেই আমরা বলি না কেন, এসব রাজনৈতিক দলের নেতারা কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা বেমালুম ভুলে যান আর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েন। তবে এখন সরকারের উচিত হবে বিরোধী দলগুলোকে নিয়ে (জামায়াত ছাড়া) কীভাবে ভবিষ্যতে সাধারণ নির্বাচন দেওয়া যায়, তা ঠিক করা। আর নির্বাচনটি সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্দলীয়ভাবে হতে হবে। বর্তমান সরকারপ্রধান ক্ষমতায় থেকে যদি নির্বাচন দেন, তাহলে হবে না। কারণ, তাহলে নির্বাচনের ফলাফলে এর প্রভাব পড়বেই।শহরে বেরিয়ে স্তম্ভিত বগুড়াবাসীজামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মী, সমর্থকেরা যে তাণ্ডব চালিয়েছেন, তাতে বগুড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাণ্ডব থামার পর সাধারণ মানুষের যে ভয়াবহ অভিজ্ঞতা, সেটাই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ সম্পর্কে পাঠক আনোয়ার আলম লিখেছেন: জামায়াত-শিবির বড় হচ্ছে বিএনপির একান্ত ছত্রচ্ছায়ায়। বিএনপি-নামীয় জলাধারের মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠছে জামায়াত-শিবির নামের দানব। অর্থাৎ বিএনপি পানি হলে জামায়াত-শিবির হলো মাছ। তাই দেখা যায়, বিএনপি যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী, সেখানে জামায়াত-শিবিরের তাণ্ডবও সবচেয়ে বেশি। বগুড়ার তাণ্ডবে বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিগগির জামায়াত-শিবিরের ছত্রচ্ছায়ায় বিএনপিকে টিকে থাকতে হবে। কারণ, বিএনপি কোনো আদর্শভিত্তিক দল না হওয়ায় জামায়াত-শিবিরের আদর্শের কাছে নতজানু হবেন বিএনপি-নামীয় দলটির অধিকাংশ সদস্য। ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) মতো আধুনিক একটি দল যেমন বিলুপ্ত হয়ে গেছে, বিএনপির ভাগ্যেও তা-ই ঘটবে। আহমেদ: জামায়াত-শিবির আর তাদের পালিত দলের এসব ধ্বংসযজ্ঞ সরকারি আর বেসরকারি টেলিভিশনে বাধ্যতামূলকভাবে প্রচার করা হোক। তাহলে দেশের মানুষ বুঝবে তারা কত বড় অন্যায় করেছে। (পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)