সরকারকে আরও কঠোর হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ২৫০-৩০০ জন রোগী সেবা নিতে আসে। ২১ জনের জায়গায় দুজন চিকিৎসকের পক্ষে এত রোগী সামাল দেওয়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপায়ান্তর না থাকায় অনেকেই গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন কিংবা দূরবর্তী বরিশাল ও পটুয়াখালী জেলা সদরে যেতে বাধ্য হচ্ছেন। আমতলী থেকে বরিশালের দূরত্ব ৯৫ কিলোমিটার আর তালতলী থেকে ৭২ কিলোমিটার। সব রোগীর পক্ষে অতিরিক্ত ব্যয় বহন করাও সম্ভব নয়।

কেবল আমতলী ও তালতলী নয়, দেশের অনেক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাই অনুরূপ। বরিশাল বিভাগের ছয় জেলায় চিকিৎসকের পদ হচ্ছে ১ হাজার ৮৫টি। কিন্তু বর্তমানে সেখানে ৫০০ জন চিকিৎসকও কর্মরত নেই।

দেশের সব উপজেলাতেই সরকার একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছে। এসব কেন্দ্রের জন্য চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখানে নিয়োগও দেওয়া হচ্ছে। কিন্তু চিকিৎসকেরা উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যেতে চান না। তাঁরা তদবির করে জেলা শহরে চলে যান। ফলে এসব জায়গায় চিকিৎসকের পদ শূন্য থাকে। আর অনেক ক্ষেত্রেই জেলা শহর বা বিভাগীয় শহরের হাসপাতালে প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক থাকেন।

এই অবস্থা চলতে দেওয়া যায় না। সরকারি নিয়ম অনুযায়ী যাঁদের যেখানে পদায়ন করা হয়, সেখানে তাঁদের দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। সরকারের নীতিনির্ধারকেরা গ্রামাঞ্চলে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কর্মস্থলে না থাকলে শাস্তি দেওয়ার কথা বলেছেন। কিন্তু শুধু কথায় চিড়ে ভিজবে বলে মনে হয় না। এবারে শাস্তি দিয়েই গ্রামাঞ্চলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সরকারকে আরও কঠোর হতে হবে।