সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার প্রবাসী আয় দেশে পাঠিয়েছিলেন। যদিও ২০১৫ সালে এসেছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরে প্রবাসী আয় আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৬ শতাংশ কমে যায়।

প্রবাসী আয় কমে যাওয়ার পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোতে তেলের দাম কমে যাওয়া। এ কারণে এসব দেশের অর্থনীতি শ্লথ যাচ্ছে। তাই ওই সব দেশ প্রবাসী শ্রমিক নিচ্ছে না। আবার অনেক প্রবাসী শ্রমিক ওই সব দেশ থেকে ফিরেও আসছেন। এসব কারণে প্রবাসী আয় কমেছে। এটাই যদি মূল কারণ হয়ে থাকে, তাহলে তা খুবই দুশ্চিন্তার কথা। কেননা প্রবাসী আয়ের জন্য আমরা অন্য দেশের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপরই নির্ভর করে থাকি। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যদি আমাদের নির্ভরতা কমাতে হয়, তবে আমাদের বিকল্প জনশক্তির বাজার খুঁজতে হবে। অন্য কোথায় জনশক্তি রপ্তানির সুযোগ বা সম্ভাবনা আছে, তা নিয়ে কাজ করতে হবে।

বিশ্ব জনশক্তির বাজারে আমরা যে জনশক্তির জোগান দিই, তাদের বেশির ভাগই অদক্ষ শ্রমিক। দুনিয়াজুড়ে এখন অদক্ষ শ্রমিকদের চাহিদা কমছে। আর অদক্ষ শ্রমিকদের পক্ষে বিদেশে গিয়ে ভালো আয়–রোজগার করাও সম্ভব হয় না। প্রবাসী আয় কমে যাওয়ার এটিও একটি কারণ। ফলে জনশক্তির নতুন বাজার খুঁজে বের করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানোর দিকেও গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদার দিকটি বিবেচনায় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমিক গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সে জন্য দরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

প্রবাসী আয় কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে এ ধরনের কিছু পদক্ষেপ নিতে হবে। তা না হলে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার যে ধারা শুরু হয়েছে, তা মোকাবিলা করা যাবে না।