স্বাভাবিকের চেয়ে বেশি এলাকা এবার বেশি দিন ধরে প্লাবিত হতে পারে বলে মনে হচ্ছে। বিশেষত, উত্তরাঞ্চলের কিছু জেলা দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় প্লাবিত হলো। এ অবস্থায় সরকারের ত্রাণ, পুনর্বাসন এবং কৃষির দুর্যোগ মোকাবিলার প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। দুর্গত এলাকার প্রশাসন ও জনসাধারণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বস্তুগত সহযোগিতারও এখনই সময়।
ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। শুধু উত্তরাঞ্চলই নয়, সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাও নদী-উপচানো পানি এবং বৃষ্টিতে জলমগ্ন হয়ে আছে। উত্তরের কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ এবং জামালপুরের সরিষাবাড়ীসহ জেলার কিছু কিছু অঞ্চল এবং দক্ষিণের চাঁদপুরে বন্যা দেখা দিয়েছে। পার্বত্য জেলাগুলোও কিছু মাত্রায় প্লাবন ও ঢলের শিকার। পূর্বাভাস বলছে, বন্যা ক্রমেই আরও ছড়াবে। বন্যাদুর্গত এলাকায় দৈনন্দিন কার্যক্রম চলতে পারছে না। ফসলের মাঠ তো ডুবে যাচ্ছেই, লাখো গবাদিপশু আহার ও বাসস্থানের সংকটে পড়েছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে গেছে, কোথাও বা ধরেছে ফাটল। সার্বিক পরিস্থিতিকে খাটো করে দেখার সুযোগ নেই।
বন্যা বাংলাদেশে চিরাচরিত এবং অনেক ক্ষেত্রে তা মানুষ, কৃষি ও প্রকৃতির জন্য সুফলদায়ক। এর সঙ্গে বসবাসের অভিজ্ঞতা ও দক্ষতা এ দেশের মানুষের রয়েছে। কিন্তু সরকারি সহযোগিতা ছাড়া এই সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। ত্রাণকে সুপ্রতুল করতে হবে, কেননা বরাদ্দ করা টাকা ও চালে চাহিদা মিটছে না। খাওয়ার পানি ও স্যালাইনের অভাব মেটাতে হবে। বন্যার পরে কৃষি অবকাঠামো এবং বীজের সমস্যা মোকাবিলায় এখনই কৃষি বিভাগকে মাঠে নামানো দরকার। যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত, সেসব ক্ষেত্রে সড়ক বিভাগের ভূমিকা থাকতে হবে। বন্যাদুর্গত এলাকায় জীবিকা অর্জনের বিকল্প ব্যবস্থা সৃষ্টি করার দায়িত্ব সরকারের।
একই সঙ্গে ভাবতে হবে, ফি বছর কিছু কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ভেঙে পড়ে কেন? বাঁধ নির্মাণে ত্রুটি, বাঁধের ওপর বসতি স্থাপনসহ কারণগুলো চিহ্নিত না করলে একই সমস্যায় বারবার পড়তে হবে।