সরকারি ক্রয়ে দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ক্রয়ে দুর্নীতি বন্ধে নানা ধরনের আইনি পদক্ষেপ কাগজে-কলমে থাকলেও বাস্তবে তা যে অনেক ক্ষেত্রে অকার্যকর ও অর্থহীন তার প্রমাণ নানাভাবে মিলছে। ঝিনাইদহের দরপত্রের লটারির ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ বলেই মনে হচ্ছে। কারণ লটারি জয়ী ভাগ্যবানেরা সবাই ক্ষমতাসীন দলের। এই ঘটনায় সাধারণ ঠিকাদারদের অভিযোগ, লটারির নামে প্রহসন হয়েছে। তাঁদের এই অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। ঝিনাইদহের ছয়টি উপজেলার ১৭টি রাস্তা নির্মাণের জন্য গত অক্টোবর দরপত্র আহ্বান করা হয়েছিল। সাড়ে ছয় কোটি টাকার বেশি মূল্যের এই দরপত্র আহ্বান করেছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ(এলজিইডি)। এলজিইডি নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বহু বছর ধরেই অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এর ঊর্ধ্বতন কর্মকর্তারা নানাভাবে দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং কারো কারো বিরুদ্ধে মামলাও আছে। কিন্তু সেসব মামলার সুষ্ঠু কোনো কিনারা হয়নি। এই প্রেক্ষাপটে সারা দেশে টেন্ডারসংক্রান্ত অব্যাহত অনিয়ম, দুর্নীতি ও কোথাও কোথাও সন্ত্রাস ডালপালা বিস্তার করেছে। দেশের গণমাধ্যমে টেন্ডারসংক্রান্ত দুর্নীতির খবরাখবর প্রায়ই প্রকাশ পেয়ে থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, উন্নয়ন অংশীদার ও দাতা সংস্থাগুলোর সমীক্ষা ও প্রতিবেদনগুলোয় টেন্ডারসংক্রান্ত দুর্নীতির বিষয়টি প্রায় সব সময় প্রাধান্য পেয়ে আসছে। ঝিনাইদহে প্রায় সাড়ে ছয় কোটি টাকার ভাগবাটোয়ারার অভিযোগ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। লটারি-দুর্নীতির যে অভিযোগ উঠেছে তাকে কাকতালীয় ভাবার কোনো সুযোগ রয়েছে বলে প্রতীয়মান হয় না। ঝিনাইদহে ক্ষমতাসীন দল অন্তত তিনটি গ্রুপ রয়েছে এবং দুটি গ্রুপকে চলতি বছরের গোড়ায় অনুষ্ঠিত পৌর নির্বাচনেও প্রকাশ্যে সংঘাতে লিপ্ত হতে দেখা গেছে। কিন্তু তাদেরও লটারিতে ঐক্যবদ্ধ দেখা গেছে। উপরন্তু দরপত্রের ভাগাভাগিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সবাই জেলার ক্ষমতাসীন দলের সঙ্গে সাধারণভাবে জড়িত নয়, তারা প্রায় প্রত্যেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় পদে আসীন। এর মধ্যে এমন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, যার দণ্ডমুণ্ডের কর্তা ঝিনাইদহের মেয়র। সরকারের সঙ্গে ব্যবসায় জড়িত থাকলে মেয়র পদে কারও প্রার্থী হতে আইনগত বাধা রয়েছে। এমনকি আইন বলছে, তথ্য গোপন করে কেউ যদি নির্বাচিত হয়েও যায়, তাহলেও তার প্রার্থিতা শুধু এ কারণেই বাতিল হতে পারে। সুতরাং সার্বিক বিচারে আমরা মনে করি, ঝিনাইদহের ছয়টি উপজেলার ১৭টি রাস্তা নির্মাণের দরপত্র নিয়ে যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন দলের কিছু নেতা ‘পাতানো লটারি’র কথা স্বীকারও করেছেন। উপযুক্ত কোনো তদন্ত কমিটি চাইলে উল্লিখিত স্বীকারোক্তির প্রমাণাদিও খতিয়ে দেখতে পারে। সবচেয়ে রসিকতাপূর্ণ অকপট মন্তব্য করেছেন নির্বাহী হাকিম মোহাম্মদ ইব্রাহিম। তাঁর দাবি, ‘যেহেতু তাঁর সামনেই লটারি হয়েছে সেহেতু তা স্বচ্ছ হয়েছে।’ অবশ্য তিনি বলেননি যে, এতটাই স্বচ্ছ যে সবকিছু স্পষ্ট চোখে পড়ে!